অখিলেশ যাদব।লোকসভার অধিবেশন কক্ষে কোন সাংসদ কোথায় বসবেন, তা নিয়ে বিরোধী জোট ইন্ডিয়ায় ক্রমেই ক্ষোভ বাড়ছে। নতুন বসার জায়গা নিয়ে ক্ষোভপ্রকাশ করলেন সমাজবাদী পার্টির অখিলেশ যাদব ও তাঁর স্ত্রী ডিম্পল যাদব। ফৈজাবাদ লোকসভা কেন্দ্রের সাংসদ অবধেশ প্রসাদকে কেন পিছনের সিটে পাঠানো হল, তা নিয়ে রীতিমতো উষ্মাপ্রকাশ করেছেন অখিলেশ।
এতদিন লোকসভায় অধিবেশন কক্ষে সামনের সারিতে বসতেন সপা সাংসদ অবধেশ। বিরোধী দলনেতা রাহুল গান্ধী ও সপা প্রধান অখিলেশের পাশে বসতেন তিনি। কিন্তু লোকসভায় অধিবেশন কক্ষে নতুন আসন বিন্যাসে দ্বিতীয় সারিতে বসার জায়গা বরাদ্দ করা হয়েছে অবধেশের জন্য। বসার জায়গা বদল নিয়ে অখিলেশকে কিছুই জানায়নি কংগ্রেস, যা নিয়েই অসন্তোষ দানা বেঁধেছে।
বিরোধী জোট ইন্ডিয়ায় প্রধান বিরোধী দল কংগ্রেস। শরিক দলের সাংসদরা কে কোথায় বসবেন, তা ঠিক করতে হয় কংগ্রেসকে। সূত্রের খবর, লোকসভার অধিবেশন কক্ষে সামনের সারিতে সমাজবাদী পার্টির জন্য আসন সংখ্যা কমানো হয়েছে। এর ফলে সামনের সারিতে শুধুমাত্র বসতে পারবেন সপার অখিলেশ। সূত্রের খবর, কংগ্রেস কেন এই নিয়ে সরব হয়নি, তা নিয়ে ক্ষোভ তৈরি হয়েছে সপা শিবিরে।
এই প্রসঙ্গে ডিম্পল যাদব বলেছেন, 'আমরা স্পিকারের সঙ্গে এই নিয়ে কথা বলেছি। সামনের সারিতে আরও ১টা আসন যাতে আমাদের দেওয়া হয়, সে ব্যাপারে বিবেচনা করতে বলেছি। আমার বিশ্বাস, উনি আমাদের কথা শুনবেন।' যদিও এই নিয়ে কংগ্রেসের প্রতি অখিলেশের অসন্তোষের কথা অস্বীকার করেছেন ডিম্পল। বলেছেন, 'এরকম কোনও বিষয় নেই। আসন নিয়ে স্পিকার নিজেই সিদ্ধান্ত নিয়েছেন। আমরা ওঁর সঙ্গে কথা বলেছি।'