রাহুল গান্ধী লোকসভার বিরোধী দলনেতা রাহুল গান্ধীর বিরুদ্ধে দ্বৈত নাগরিকত্ব সংক্রান্ত মামলায় এফআইআর দায়ের করার নির্দেশ দেওয়া হয়েছে। এমনটা দাবি করেলেন বিজেপি নেতা ভিগ্নেশ শিশির।
কর্ণাটকের ওই বিজেপি নেতা শিশির আদালতের দ্বারস্থ হয়েছিলেন। সেই মামলার সূত্র ধরেই তিনি অভিযোগ করেন, রাহুল গান্ধীর ব্রিটিশ নাগরিকত্ব রয়েছে। এই অভিযোগের ভিত্তিতে তিনি রায়বরেলি জেলার কোটওয়ালি থানায় এফআইআর দায়েরের আবেদন জানান।
আদালতের শুনানির পর শিশির দাবি করেন, হাইকোর্ট তাঁর আবেদন মঞ্জুর করেছে এবং উত্তরপ্রদেশের রায়বরেলি জেলার কোতোয়ালি থানাকে রাহুল গান্ধীর বিরুদ্ধে এফআইআর নথিভুক্ত করার নির্দেশ দিয়েছে। তিনি এই ঘটনাকে ঐতিহাসিক ও মাইলফলক রায় বলে উল্লেখ করেছেন।
এক্স হ্যান্ডেলে এক পোস্টে শিশির লেখেন, 'এই সিদ্ধান্ত জাতীয় নিরাপত্তা এবং বৃহত্তর জনস্বার্থে গুরুত্বপূর্ণ। তিনি আদালতের প্রতি কৃতজ্ঞতা জানিয়ে বলেন, সত্য সামনে আনার ক্ষেত্রে এই রায় বিশেষ ভূমিকা পালন করবে।'
শুধু তাই নয়, শিশির দেশের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী ও কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহকেও ধন্যবাদ জানিয়েছেন। তাঁর দাবি, আদালতে পেশ করার জন্য প্রয়োজনীয় গোপন নথি প্রকাশের ক্ষেত্রে তাঁরা সহযোগিতা করেছেন।
শিশির আরও দাবি করেন, তাঁর কাছে এমন কিছু নথি এবং ব্রিটিশ সরকারের ইমেল রয়েছে, যা থেকে প্রমাণিত হয় যে রাহুল গান্ধীর ব্রিটিশ নাগরিকত্ব আছে। যদি এই অভিযোগ প্রমাণিত হয়, তবে তা ভারতের নির্বাচনী আইন অনুযায়ী গুরুতর বিষয় হয়ে দাঁড়াতে পারে। কারণ দ্বৈত নাগরিকত্ব থাকলে কোনও ব্যক্তি লোকসভা নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করতে পারেন না।
তবে এই বিষয়ে এখনও পর্যন্ত রাহুল গান্ধী বা কংগ্রেসের পক্ষ থেকে কোনও আনুষ্ঠানিক প্রতিক্রিয়া পাওয়া যায়নি। রাজনৈতিক মহলের একাংশের মতে, বিষয়টি আইনি ও সাংবিধানিক দিক থেকে অত্যন্ত সংবেদনশীল এবং আদালতের পরবর্তী পদক্ষেপের দিকেই এখন নজর থাকবে।