অন্ধ্রপ্রদেশে বাস দুর্ঘটনাবাস ও বড় ট্রাকের ভয়াবহ সংঘর্ষ। অন্ধ্রপ্রদেশের মার্কাপুরমের রায়াভারমের কাছে এহেন ভয়াবহ পথ দুর্ঘটনায় এখনও পর্যন্ত ১০ জনের মৃত্যু হয়েছে বলে খবর। আর এই খবরেই উদ্বেগ প্রকাশ করেছেন সেই রাজ্যের মুখ্যমন্ত্রী চন্দ্রবাবু নাইডু।
যতদূর জানা যাচ্ছে, মার্কাপুরমের রায়াভারমের কাছে এই ভয়াবহ পথ দুর্ঘটনাটি ঘটে। একটি প্রাইভেট ট্রাভেলসের বাস খনি এলাকার কাছ দিয়ে যাওয়ার সময়ই বিপত্তি। সেই সময় বাসটির সঙ্গে ধাক্কা লাগে একটি টিপারের (বড় ট্রাক)। এই ধাক্কার পরই বাসটিতে আগুন লেগে যায়। বাসটি দাউ দাউ করে পুড়তে থাকে। এটি সম্পূর্ণরূপে পুড়ে যায়। আর তাতেই এখনও পর্যন্ত ১০ জনের মৃত্যু হয়েছে বলে খবর।
আর এই সড়ক দুর্ঘটনায় জন্য গভীর শোক প্রকাশ করেছেন সেই রাজ্যের মুখ্যমন্ত্রী চন্দ্রবাবু নাইডু। এই দুর্ঘটনার পর মুখ্যমন্ত্রী কয়েকজন আধিকারিকের সঙ্গে আলোচনাও করেন। সেই সময় তিনি আহতদের চিকিৎসা নিয়েও বিস্তারিত জানতে চান।
তখন আধিকারিকরা তাঁকে জানান, বাসটি হরিকৃষ্ণা ট্রাভেলসের। এটি তেলঙ্গানার নির্মল থেকে নেল্লোরের উদ্দেশে যাচ্ছিল। যাওয়ার সময়ই টিপার ট্রাকের সঙ্গে বাসটির সংঘর্ষ হয়। তখনই বাসের ভিতরে থাকা বেশ কয়েকজন যাত্রী জীবন্ত পুড়ে মারা যান বলে খবর। আর এই ঘটনার কথা শুনেই মুখ্যমন্ত্রী গভীর উদ্বেগ প্রকাশ করেন বলে জানা যাচ্ছে।
এই সময় জেলার পুলিশ কর্মকর্তারা মুখ্যমন্ত্রীকে জানিয়েছেন, এই দুর্ঘটনায় আহত আরও ২০ জনকে দ্রুত বিভিন্ন হাসপাতালে স্থানান্তর করা হয়েছে। তাঁরা চিকিৎসাধীন রয়েছেন। এরপরই মুখ্যমন্ত্রী মৃতের সংখ্যা আরও বাড়তে পারে বলে আশঙ্কা প্রকাশ করেছেন।
এই খবর জানার পরই চন্দ্রবাবু নাইডু দুর্ঘটনার কারণ জানতে বিস্তারিত তদন্তের নির্দেশ দিয়েছেন। সেই মতো দ্রুত রিপোর্ট দাখিল করতে বলেন। পাশাপাশি আহতদের চিকিৎসায় যাতে কোনও ত্রুটি না থাকে, সেটাও দেখার পরামর্শ দেন মুখ্যমন্ত্রী। এখন দেখার মৃতের সংখ্যা আরও বাড়ে কি না।