Tejas : ফের দুর্ঘটনার কবলে ভারতীয় বায়ুসেনার তেজস, কোনওরকমে প্রাণে বাঁচলেন পাইলট

ভারতীয় বায়ুসেনা (IAF)-র একটি তেজস লাইট কমব্যাট এয়ারক্রাফ্ট (LCA) দুর্ঘটনায় ভেঙে পড়ার খবর সামনে এল। চলতি মাসের শুরুর দিকে একটি বিমানঘাঁটির অপারেশনাল এলাকায় নিয়মিত প্রশিক্ষণ উড়ান শেষে অবতরণের সময় দুর্ঘটনা ঘটে।

Advertisement
ফের দুর্ঘটনার কবলে ভারতীয় বায়ুসেনার তেজস, কোনওরকমে প্রাণে বাঁচলেন পাইলট (File Photo: Indian Air Force)
হাইলাইটস
  • তেজস লাইট কমব্যাট এয়ারক্রাফ্ট (LCA) দুর্ঘটনায় ভেঙে পড়ার খবর সামনে এল
  • পাইলট সময়মতো ইজেক্ট করতে সক্ষম হন

ভারতীয় বায়ুসেনা (IAF)-র একটি তেজস লাইট কমব্যাট এয়ারক্রাফ্ট (LCA) দুর্ঘটনায় ভেঙে পড়ার খবর সামনে এল। চলতি মাসের শুরুর দিকে একটি বিমানঘাঁটির অপারেশনাল এলাকায় নিয়মিত প্রশিক্ষণ উড়ান শেষে অবতরণের সময় দুর্ঘটনা ঘটে। এমনটাই দাবি সূত্রের। প্রাথমিক তদন্তে বিমানের অনবোর্ড সিস্টেমে প্রযুক্তিগত ত্রুটি থাকার সম্ভাবনার কথা উঠে এসেছে।

দুর্ঘটনায় বিমানের কাঠামোগত ব্যাপক ক্ষতি হয়েছে এবং সেটিকে ‘রাইট-অফ’ ঘোষণা করা হতে পারে বলে জানা গিয়েছে। তবে পাইলট সময়মতো ইজেক্ট করতে সক্ষম হন। তিনি  সুরক্ষিত রয়েছেন। 

Indian Air Force-এ অন্তর্ভুক্ত তেজস যুদ্ধবিমানের এটি তৃতীয় দুর্ঘটনা। প্রথম দুর্ঘটনাটি ঘটে ২০২৪ সালের মার্চ মাসে জয়সলমিরের  কাছে। সেবার একটি তেজস ফায়ারপাওয়ার প্রদর্শনী শেষে ঘাঁটিতে ফিরছিল। 

দ্বিতীয় দুর্ঘটনাটি ঘটে ২০২৫ সালের নভেম্বর মাসে দুবাই এয়ারশোতে অ্যারোবেটিক প্রদর্শনীর সময়। সংযুক্ত আরব আমিরশাহিতে অনুষ্ঠিত ওই এয়ারশোতে অংশ নেওয়ার সময় তেজস বিমানটি ভেঙে পড়ে এবং আগুন ধরে যায়। ওই দুর্ঘটনায় পাইলট প্রাণ হারান। সেই দুর্ঘটনার তদন্ত এখনও চলছে।


তবে সাম্প্রতিক দুর্ঘটনা নিয়ে এখনও পর্যন্ত কোনও আনুষ্ঠানিক বিবৃতি দেয়নি বায়ুসেনা। তবে সংযুক্ত আরব আমিরশাহির দুর্ঘটনার পর চিফ অফ ডিফেন্স স্টাফ জেনারেল অনিল চৌহান এক বিবৃতিতে তেজস দুর্ঘটনায় গভীর দুঃখ প্রকাশ করেছিলেন।

এই পরপর তিনটি দুর্ঘটনার জেরে তেজস বহরের ওপর বিস্তৃত প্রযুক্তিগত পরীক্ষা ও নিরাপত্তা পর্যালোচনা শুরু হয়েছে বলে প্রতিরক্ষা সূত্রে খবর। বিশেষজ্ঞ মহলের মতে, চূড়ান্ত তদন্ত রিপোর্ট না আসা পর্যন্ত দুর্ঘটনার সঠিক কারণ সম্পর্কে নিশ্চিত করে কিছু বলা সম্ভব নয়।

POST A COMMENT
Advertisement