অরবিন্দ কেজরিওয়াল ও অতিশী।অবশেষে জল্পনার অবসান। দিল্লির মুখ্যমন্ত্রীর কুর্সি থেকে সরলেন অরবিন্দ কেজরিওয়াল। আজ বিকেলেই মুখ্যমন্ত্রী পদে আজই ইস্তফা দিতে চলেছেন কেজরিওয়াল। নতুন মুখ্যমন্ত্রী হচ্ছেন অতিশী। দিল্লির নয়া মুখ্যমন্ত্রী হওয়ার দৌড়ে এগিয়ে ছিলেন অতিশী। এতদিন দিল্লির শিক্ষামন্ত্রী ছিলেন অতিশী। পাশাপাশি, অর্থ, পূর্ত, রাজস্ব দফতর ছিল তাঁর হাতে।
সূত্রের খবর, আজ বিকেল সাড়ে ৪টায় মুখ্যমন্ত্রী পদে ইস্তফা দেবেন কেজরিওয়াল। উপরাজ্যপালের সঙ্গে সাক্ষাৎ করে পদত্যাগ পত্র জমা দেবেন কেজরি। সূত্রের দাবি, নতুন মন্ত্রিসভায় কোনও উপমুখ্যমন্ত্রী থাকবেন না। দিল্লির মুখ্যমন্ত্রীর কুর্সিতে কাকে বসানো হবে, তা স্থির করতে মঙ্গলবার সকালে কেজরিওয়ালের বাড়িতে বৈঠকে বসেছেন আপ নেতৃত্ব।
সম্প্রতি দিল্লিতে আবগারি দুর্নীতি মামলায় সুপ্রিম কোর্টে জামিন পান কেজরিওয়াল। তারপরেই জেল থেকে ছাড়া পান তিনি। জেলমুক্তির পরই মুখ্যমন্ত্রীর পদ থেকে সরে দাঁড়ানোর কথা ঘোষণা করেন কেজরিওয়াল। কেজরিওয়াল জানিয়েছেন, ফের বিধানসভা নির্বাচনে জিতে মুখ্যমন্ত্রীর কুর্সিতে ফিরতে চান। সেকারণেই ইস্তফা দেওয়ার সিদ্ধান্ত তাঁর।
সোমবার আপ নেতাদের সঙ্গে বৈঠক করেন কেজরিওয়াল। মণীশ সিসোদিয়া এবং রাজ্যসভার সাংসদ রাঘব চাড্ডার সঙ্গে আলাদা করে বৈঠক করেন তিনি। সূত্রের খবর, পরবর্তী মুখ্যমন্ত্রী হিসাবে অতিশী এবং কৈলাশ গেহলতের নাম ঘিরে আলোচনা চলেছিল। অতিশীকে সমর্থন জানিয়েছেন সিসোদিয়া। আবার কেজরিওয়ালের 'ঘনিষ্ঠ' বলেই পরিচিত অতিশী। শেষমেশ, অতিশীকেই মুখ্যমন্ত্রী করা হল।
গত ২১ মার্চ দিল্লির মুখ্যমন্ত্রী কেজরিওয়ালকে গ্রেফতার করে ইডি। আবগারি মামলায় গত ২৬ জুন কেজরিওয়ালকে গ্রেফতার করে সিবিআই। সেই সময় ইডির হেফাজতে ছিলেন তিনি। গত ১২ জুলাই ইডির মামলায় সুপ্রিম কোর্টে অন্তর্বর্তীকালীন জামিন পেয়েছিলেন কেজরিওয়াল। তবে সিবিআই গ্রেফতার করায়, তাঁকে তিহাড় জেলে থাকতে হয়েছিল। গত শুক্রবার সুপ্রিম কোর্টে জামিন পান তিনি। তারপরেই অবশেষে প্রায় ৬ মাস পর জেল থেকে ছাড়া পান কেজরিওয়াল।
লোকসভা নির্বাচনের আগে কেজরিওয়ালকে গ্রেফতার করে ইডি। ভোটের আবহে গত মে মাসে সুপ্রিম কোর্টের নির্দেশে অন্তর্বর্তীকালীন জামিন পেয়েছিলেন দিল্লির মুখ্যমন্ত্রী। গত ২ জুন ফের জেলে ফিরতে হয় কেজরিওয়ালকে। গ্রেফতারির পর কেজরিওয়াল বলেছিলেন, 'প্রয়োজনে জেল থেকে সরকার চালাব।' তিহাড় জেলে বন্দি ছিলেন কেজরিওয়াল। প্রধানমন্ত্রীকে সেই সময় নিশানা করেছিলেন দিল্লির মুখ্যমন্ত্রী।তিনি বলেছিলেন, 'উনি যা করছেন, তা দেশের জন্য ভাল নয়।'