Asaddudin Owaisi: 'I Love You' কখন বলা উচিত? যুবক-যুবতীদের পরামর্শ ওয়েইসির

তরুণ প্রজন্মকে সম্পর্ক নিয়ে বিশেষ পরামর্শ দিলেন আসাদউদ্দিন ওয়েইসি। AIMIM সাংসদের মতে, আগে বিয়ে করে ফেলা উচিত, তারপর বলা উচিত I Love You.

Advertisement
 'I Love You' কখন বলা উচিত? যুবক-যুবতীদের পরামর্শ ওয়েইসিরআসাদউদ্দিন ওয়াইসি
হাইলাইটস
  • তরুণ প্রজন্মকে সম্পর্ক নিয়ে বিশেষ পরামর্শ ওয়েইসির
  • আগে বিয়ে করে ফেলা উচিত, তারপর বলা উচিত I Love You
  • AIMIM সাংসদের মন্তব্য ঘিরে জোর চর্চা

তরুণ প্রজন্মকে সম্পর্ক নিয়ে বিশেষ পরামর্শ দিলেন আসাদউদ্দিন ওয়েইসি। AIMIM সাংসদের মতে, আগে বিয়ে করে ফেলা উচিত, তারপর বলা উচিত I Love You.

একটি জমায়েতে বক্তব্য রাখতে উঠে আসাদউদ্দিন ওয়েইসি বিবাহ, রোম্যান্টিক সম্পর্ক ইত্যাদি নিয়ে পরামর্শ দিলেন। প্রায়শই এই নেতাকে ধর্মীয় এবং সামাজিক ইস্যুগুলি নিয়ে নানা মন্তব্য করতে শোনা যায়। তবে এবারের পরামর্শ নজর কেড়েছে সকলেরই। ভালোবাসা, কমিটমেন্ট নিয়ে তাঁর পরামর্শ চর্চার কেন্দ্রবিন্দু হয়ে উঠেছে। 

AIMIM দলের পক্ষ থেকেই নেতার এই পরামর্শ ভিডিও আকারে পোস্ট করা হয়েছে সোশ্যাল মিডিয়ায়। তারপর তা মুহূর্তের মধ্যে ভাইরাল হয়। যেখানে তাঁকে বলতে শোনা গিয়েছে, 'আমরা সবসময় মানুষকে বলি স্ত্রীকে I Love You বলুন। তবে তরুণ প্রজন্ম, তোমাদের আমি পরামর্শ দিচ্ছি, যাঁকে ভালোবাসো, তাঁকে আগে বিয়ে করো। তারপর তাঁকে I Love You বলো। বিয়ে করলে তবেই অর্ধেক প্রতিশ্রুতি সম্পন্ন হয়। অর্ধেক ভরসা জয় সেখানেই হয়ে যায়।'

অপর এক রাজনীতিবিদের বাড়িতে গিয়ে তাঁর কী অভিজ্ঞতা হয়েছিল, সে কথাও ভাগ করে নেন আসাদউদ্দিন ওয়েইসি। তিনি বলেন, 'আমি ওই রাজনীতিবিদের ছেলেকে বিয়ে করার পরামর্শ দিয়েছিলাম। তবে ওই তরুণ আমায় জানিয়েছিলেন, আগে নিজের পায়ে দাঁড়াতে চান। আমি বললাম, ভাই, আমার দাড়ি পেকে গিয়েছে। আমি এখনও নিজের পায়ে দাঁড়াতে পারিনি। আগে নিজের পায়ে দাঁড়ানোর দরকার নেই। আগে বিয়ে করো। তারপর সব ঠিক হয়ে যাবে।'

এরপর প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকেও কটাক্ষ করেন আসাদউদ্দিন ওয়েইসি। তাঁর নাম না করেই AIMIM সাংসদ বলেন, 'যাঁদের বাড়িতে আপন কেউ থাকে না, তাঁরাই অন্যদের সমস্যায় ফেলেন। আপনারা তো সেটা দেখতেই পাচ্ছেন। পাচ্ছেন না? বুঝতে পারছেন তো?'

তবে আসাদউদ্দিন ওয়েইসির বিয়ে, কমিটেমন্ট, রোম্যান্টিক সম্পর্ক নিয়ে এই ধরনের পরামর্শ চর্চায় এসেছে। অভিন্ন দেওয়ানি বিধির বিরুদ্ধে একাধিকবার সুর চড়াতে দেখা গিয়েছে এই মুসলিম নেতাকে। অ-হিন্দুদের উপর হিন্দু আইন চাপিয়ে দেওয়া হবে এই আইনের মাধ্যমে , এমনটাই মনে করেন AIMIM নেতা। 

Advertisement

সমকাম বিবাহ নিয়েও একাধিকবার মন্তব্য করতে শোনা গিয়েছে আসাদউদ্দিন ওয়াইসিকে। ২০২৩ সালের সুপ্রিম কোর্টের রায়ের পর তাঁকে বলতে শোনা গিয়েছিল, 'বিয়া সর্বদাই মহিলা এবং পুরুষের মধ্যে হয়।'

 

POST A COMMENT
Advertisement