বাংলাদেশের ভিডিও করছে চিনা ভ্লগাররা।বাংলাদেশের বস্তি এলাকার ছবি দেখিয়ে সেগুলিকে ভারতের বলে চিনের কয়েক জন ভ্লগার প্রচার করছে বলে দাবি করেছে একাধিক বাংলাদেশি সংবাদমাধ্যম। গোটা ঘটনায় প্রতিক্রিয়া দিল নয়াদিল্লি। একটি দেশের ভুল ছবি তুলে ধরার দুর্ভাগ্যজনক চেষ্টা বলে মন্তব্য বিদেশ মন্ত্রকের মুখপাত্র রণধীর জয়সওয়ালের। এর পাশাপাশি এই ঘটনার সঙ্গে যুক্ত ব্যক্তিদের বিরুদ্ধে কড়া পদক্ষেপ করার জন্য সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে বার্তাও দিয়েছেন। এবার প্রশ্ন হল, চিনা ভ্লগাররা ভারতের সম্পর্কে কী ধরনের বিভ্রান্তি ছড়াচ্ছিলেন? কীভাবে সামনে এল এই ঘটনা?
রণধীর জয়সওয়াল জানান, ‘এই ধরনের কিছু প্রতিবেদন আমরাও দেখেছি। যে কোনও দেশ সম্পর্কে এ ভাবে ভুল এবং বিভ্রান্তিকর তথ্য তুলে ধরা অত্যন্ত দুর্ভাগ্যজনক। বিদেশি কিছু ব্যক্তি ঢাকাকে দিল্লি বলে দেখানোর চেষ্টা করছিলেন। এ ধরনের মিথ্যা তথ্য ছড়ালে তাঁদের নিজেদের বিশ্বাসযোগ্যতাই কমে যায়। যাঁরা এর পিছনে রয়েছেন, তাঁদের উদ্দেশ্যও প্রকাশ্যে চলে আসে। আমরা চাই, সংশ্লিষ্ট আধিকারিকরা যেন অভিযুক্তদের বিরুদ্ধে কঠোরতম পদক্ষেপ করেন'।
কারা মিথ্যে ছড়াচ্ছে?
ইন্ডিয়া টুডের রিপোর্ট অনুযায়ী, প্রায় ১৫০ জন চিনা নাগরিক ঢাকার দরিদ্র এলাকাগুলি থেকে লাইভ স্ট্রিমিং করছিলেন। অভিযোগ, সেই সব এলাকার ছবি ও ভিডিওকে ভারতের নয়াদিল্লির বলে প্রচার করছিলেন তাঁরা। শুধু তা-ই নয়, তাঁদের কথাতেও ভারতে বসবাসের পরিস্থিতি নিয়ে অবমাননাকর ও নেতিবাচক মন্তব্য করা হচ্ছিল বলে অভিযোগ। গত ৬ নভেম্বর একটি প্রতিবেদন প্রকাশ করে বাংলাদেশের সংবাদপত্র প্রথম আলো। সেখানে ঢাকার টেকপাড়া এবং উত্তরা এলাকায় চিনা নাগরিকদের ভিডিও শুটিং ও লাইভ স্ট্রিমিং করতে দেখা যায়। চিনের বিভিন্ন সমাজমাধ্যমে সেই ভিডিও সম্প্রচার করে দর্শকদের বলা হচ্ছিল, তাঁরা ভারতের রাজধানী নয়াদিল্লি থেকে সরাসরি সম্প্রচার করছেন।
চিনা ভ্লগারদের উদ্দেশ্য কী?
আসলে চিনা ভ্লগাররা দেখাতে চাইছেন, ভারত কতটা গরিব দেশ। রিপোর্ট অনুযায়ী, মিয়ান মিয়ান নামে এক চিনা লাইভ স্ট্রিমার নিজেকে চিনের সিচুয়ান প্রদেশের বাসিন্দা বলে পরিচয় দিয়েছিলেন। গত ১ নভেম্বর ঢাকার উত্তরা সেক্টর ১২-তে একটি খালের পাশে তাঁকে লাইভ স্ট্রিমিং করতে দেখা যায়। ওই এলাকাকেই তিনি নয়াদিল্লি বলে পরিচয় দেন। সেখানকার বাড়িঘরকে অত্যন্ত নোংরা, অনুন্নত এবং অপরিচ্ছন্ন বলে বর্ণনা করেন। এমনকি টিনের চাল দেওয়া বাড়িগুলিতে পাখা পর্যন্ত নেই এবং এলাকার আইনশৃঙ্খলা পরিস্থিতিও খারাপ বলে মন্তব্য করেন।
বাংলাদেশের পুলিশ কী বলছে?
এই ঘটনায় বাংলাদেশের উত্তরা ওয়েস্ট থানার এক আধিকারিক জানিয়েছেন, চিনা নাগরিকদের ভিডিও শুটিং করতে দেখেছে পুলিশ। তবে তাঁরা ঠিক কী উদ্দেশ্যে ভিডিও তৈরি করছিলেন, সে বিষয়ে কোনও স্পষ্ট তথ্য ছিল না। মোদ্দা কথা হল, বাংলাদেশে গিয়ে চিনের কয়েক জন কনটেন্ট ক্রিয়েটর ভিডিও তৈরি করছিলেন। তাঁদের ভাষা স্থানীয় বাসিন্দাদের অনেকেরই বোধগম্য হচ্ছিল না। ফলে তাঁরা কী উদ্দেশ্যে শুটিং করছেন, তা নিয়েও ধোঁয়াশা তৈরি হয়েছিল।