টোটো বন্ধ করে দিচ্ছে BT-BMSগুগল প্লে স্টোর এবং অ্যাপল অ্যাপ স্টোর থেকে অবিলম্বে BAT-BMS অ্যাপটি সরিয়ে নেওয়ার নির্দেশ দিয়েছে কেন্দ্র সরকার। সম্প্রতি একাধিক ভিডিও ভাইরাল হয়েছে। যেখানে দেখা গিয়েছে এই চিনা অ্যাপের মাধ্যমে দূর থেকে বন্ধ করে দেওয়া যাচ্ছে ই-রিকশা বা টোটো। একের পর এক এমন ঘটনা ঘিরে শোরগোল পড়ে গিয়েছে দেশজুড়ে।
এ প্রসঙ্গে শনিবার ইলেকট্রনিক্স এবং IT দফতরের সচিব এস কৃষ্ণ বলেন, 'গতকাল থেকেই ২টি অ্যাপের উপর আমাদের নজর রয়েছে। ২টি অ্যাপই প্লে স্টোর থেকে সরিয়ে ফেলার নির্দেশ দেওয়া হয়েছে। এবার অ্যাপ স্টোরগুলির অ্যাকশন নেওয়ার পালা। এরকম ক্ষতিকর অ্যাপ সরিয়ে নেওয়া হবে।'
ইলেকট্রিক যানবাহন, বিশেষত ই-রিকশা কিংবা টোটোর নিরাপত্তা নিয়ে উদ্বেগ তৈরি হয়েছে। কারণ একাধিক ভিডিওতে দেখা গিয়েছে, BAT-BMS অ্যাপের মাধ্যমে ওই রিকশাগুলি বন্ধ করে দেওয়া হচ্ছে।
X হ্যান্ডলে রীতিমতো তোলপাড় ফেলে দেওয়া একের পর এক ভিডিওতে দেখা গিয়েছে, কয়েকজন ব্যক্তি স্মার্টফোন অ্যাপ ব্যবহার করে কাছাকাছি থাকা ই-রিকশা বা টোটোর সঙ্গে দূর থেকে সংযোদ স্থাপন করে ফেলছেন। চলন্ত সেই ই-রিকশাকে বন্ধ করে দিচ্ছেন। ভিডিওগুলিতে বলা হয়, BAT-BMC নামে একটি চিনা অ্যাপ নির্দিষ্ট কিছু বৈদ্যুতিক ৩ চাকার গাড়ির ব্যাটারির ম্যানেজমেন্ট সিস্টেমের সঙ্গে সংযোগ স্থাপন করতে পারে। এর মাধ্যমে ব্যবহারকারীরা দূর থেকেই গাড়িগুলি নিষ্ক্রিয় করে দিতে পারেন।
এই ভিডিওগুলি প্রকাশ্যে আসার পর ব্যাপক উদ্বেগ ছড়িয়ে পড়ে। বিশেষ করে চলন্ত গাড়িতে দূর থেকে হস্তক্ষেপ করা গেলে তা জননিরাপত্তার জন্য বড় ঝুঁকি তৈরি করতে পারে বলে আশঙ্কা প্রকাশ করা হয়।
বিতর্কের জেরে কেন্দ্রীয় সরকার ওই দু'টি অ্যাপ নিষিদ্ধ ঘোষণা করেছে। পাশাপাশি, সরকার জানিয়েছে, অ্যাপ স্টোর পরিচালনাকারী সংস্থাগুলির সঙ্গে আলোচনা করে এমন ব্যবস্থা করা হবে, যাতে জনসাধারণের ক্ষতি করতে পারে এমন অ্যাপগুলি অ্যাপ স্টোরে উপলব্ধ হওয়ার আগে আরও কঠোরভাবে পরীক্ষা-নিরীক্ষার আওতায় আনা হয়।