
আজ পঞ্জাবের মুখ্যমন্ত্রীর বিয়ে হচ্ছে ডাঃ গুরপ্রীত কৌরের সঙ্গে।আজ, বৃহস্পতিবার দ্বিতীয়বার বিয়ের পিড়িতে বসছেন পঞ্জাবের মুখ্যমন্ত্রী ভগবন্ত মান। প্রথা মেনে গুরুদ্বারে তাঁর বিয়ের অনুষ্ঠানটি হবে। চণ্ডীগড়ের সেক্টর ৮-এর গুরুদ্বারে অত্যন্ত সাধারণ, সাদামাটা পদ্ধতিতে বিয়ের অনুষ্ঠান করা হবে এবং শুধুমাত্র বিশেষ অতিথিরা এতে অংশ নেবেন। পঞ্জাবের মুখ্যমন্ত্রীর প্রথম বিয়ে ভেঙে গেছে আগেই। প্রথম পক্ষ থেকে তার দুই সন্তান রয়েছে। ভগবন্ত মানের প্রথম স্ত্রী ও সন্তানরা থাকেন আমেরিকায়। ৬ বছর আগে প্রথম স্ত্রীর সঙ্গে তাঁর ডিভোর্স হয়ে যায়।
ভগবন্ত মানের প্রথম বিয়ে হয়েছিল ইন্দ্রপ্রীত কৌরের সঙ্গে। তার দুটি সন্তানও রয়েছে। মেয়ে সিরাত কৌর মান (বয়স ২১ বছর) এবং ছেলে দিলশান সিং মান (১৭ বছর) বর্তমানে তাদের মায়ের সঙ্গেই আমেরিকায় থাকেন। ভগবন্ত মান যখন পঞ্জাবের মুখ্যমন্ত্রী হিসেবে শপথ নিচ্ছেন, তখন শপথ গ্রহণ অনুষ্ঠানে তাঁর দুই সন্তানই আমেরিকা থেকে এসেছিলেন এবং সেখানে উপস্থিত ছিলেন।
শোনা যাচ্ছে, মায়ের ইচ্ছাতেই দ্বিতীয়বার বিয়ের পিঁড়িতে বসছেন মান। দ্বিতীয় বিয়ের জন্য পাত্রী বেছে নিয়েছেন তাঁর মা ও বোন। চণ্ডীগড়ে মুখ্যমন্ত্রীর বাসভবনেই এই বিয়ের সব আনুষ্ঠানিকতা সম্পন্ন হবে, যার প্রস্তুতি ইতিমধ্যেই সম্পন্ন হয়েছে। বিয়ের প্রস্তুতির জন্য ইতিমধ্যেই চণ্ডীগড়ে মুখ্যমন্ত্রীর বাসভবনে পৌঁছেছেন ভগবন্ত মানের মা। তিনি সাঙ্গুরের সাতুজ গ্রামে থাকেন।

এবার পঞ্জাবের মুখ্যমন্ত্রীর বিয়ে হচ্ছে ডাঃ গুরপ্রীত কৌরের সঙ্গে। ৩২ বছর বয়সী গুরপ্রীত কৌর হরিয়ানার বাসিন্দা। তবে বর্তমানে পঞ্জাবের রাজপুরায় থাকেন। গুরপ্রীত তাঁর পরিবারের তৃতীয় সন্তান, তাঁর দুই দিদি রয়েছে। গুরপ্রীতের দুই দিদিই বিদেশে থাকেন। তাঁর বাবা কৃষিকাজের দেখাশোনায় ব্যস্ত থাকেন। গুরপ্রীত মহর্ষি মার্কন্ডেশ্বর ইনস্টিটিউট অফ মেডিকেল সায়েন্সেস থেকে এমবিবিএস (MBBS) করেছেন। সাহসী সিদ্ধান্ত নেওয়ার জন্য ভগবন্ত মানের পদ্ধতি পছন্দ করেন গুরপ্রীত কৌর। একটা সময় গুরপ্রীত ভগবন্তের স্ট্যান্ড আপ কমেডিরও গুণমুগ্ধ ভক্ত ছিলেন।
হরিয়ানায়, গুরপ্রীতের পরিবার কুরুক্ষেত্রের পেহোয়া শহরের বাসিন্দা। তবে এখন তাঁর গোটা পরিবার রাজপুরায় বসবাস করছেন। বর্তমানে গুরপ্রীতের পরিবারের সদস্যরা তাঁর বিয়ের জন্য এক সপ্তাহ চণ্ডীগড়ে থাকবেন।
জানা গিয়েছে, গুরপ্রীত কৌর আগে থেকেই ভগবন্ত মানের পরিবারের পরিচিত ছিলেন। তিনি এর আগে বহুবার পঞ্জাবের মুখ্যমন্ত্রীর পরিবারের সঙ্গে দেখাও করেছেন। তিনি ভগবন্ত মানের মুখ্যমন্ত্রী হিসাবে শপথ গ্রহণ অনুষ্ঠানেও যোগ দিয়েছিলেন। গুরপ্রীত কৌরের বাবার নাম ইন্দ্রজিৎ সিং এবং মায়ের নাম রাজ কৌর।