বিশ্ববিদ্যালয়ে কমেডি শো করতে গিয়ে অশালীন মন্তব্য ও আচরণের অভিযোগ উঠেছে তাঁর বিরুদ্ধে।Bhuvan Bam FIR: বড় আইনি সমস্যায় ইউটিউবার ও অভিনেতা ভুবন বাম। গুজরাতের একটি বিশ্ববিদ্যালয়ে কমেডি শো করতে গিয়ে অশালীন মন্তব্য ও আচরণের অভিযোগ উঠেছে তাঁর বিরুদ্ধে। এই ঘটনায় তাঁর নামে FIR দায়ের করেছে পুলিশ। ভারতীয় ন্যায় সংহিতার ২৯৬ নম্বর ধারায় মামলা করা হয়েছে। অভিযোগ, অনুষ্ঠানের মঞ্চে অভিনেত্রী সানজিদা শেখের সঙ্গে কথা বলার সময় আপত্তিকর মন্তব্য করেন ভুবন। এর পর একটি জলের বোতল নিয়ে অশালীন অঙ্গভঙ্গিও করেন তিনি।
ঘটনার একটি ভিডিয়ো সমাজমাধ্যমে ছড়িয়ে পড়েছে। তা নিয়ে শুরু হয়েছে বিতর্ক। অনেকেই এমন আচরণের সমালোচনা করেছেন। বিশেষ করে একটি শিক্ষাপ্রতিষ্ঠানের অনুষ্ঠানে এই ধরনের আচরণ কেন করা হল, তা নিয়ে প্রশ্ন উঠেছে।
কোথায় ঘটেছে এই ঘটনা?
ঘটনাটি ঘটেছে গুজরাতের ভদোদরা জেলার পারুল বিশ্ববিদ্যালয়ে। গত ২৫ নভেম্বর বিশ্ববিদ্যালয়ের ক্যাম্পাসে একটি কমেডি অনুষ্ঠানের আয়োজন করা হয়েছিল। অনুষ্ঠানের নাম ছিল 'লাভারি'। ভদোদরা জেলার ওয়াঘোড়িয়া এলাকার লিমডা গ্রামে এই বিশ্ববিদ্যালয় অবস্থিত।
বিকেল সাড়ে ৫টা থেকে সন্ধ্যা সাড়ে ৭টা পর্যন্ত অনুষ্ঠান চলে। সেখানে বিশ্ববিদ্যালয়ের পড়ুয়া এবং অন্য অনেকে উপস্থিত ছিলেন। ভুবন বামের পাশাপাশি অভিনেত্রী সানজিদা শেখও অনুষ্ঠানে ছিলেন।
অভিযোগ ঠিক কী?
বিশ্ববিদ্যালয়ের নিরাপত্তা বিভাগের প্রধান মহেন্দ্রপ্রতাপ সিং এই অভিযোগ দায়ের করেছেন। তাঁর অভিযোগ, মঞ্চে সানজিদা শেখের সঙ্গে কথা বলার সময় ভুবন আপত্তিকর মন্তব্য করেন। এর পর জলের বোতল ব্যবহার করে প্রস্রাব করার মতো অশালীন অঙ্গভঙ্গি করেন বলেও অভিযোগ।
অভিযোগে আরও বলা হয়েছে, অনুষ্ঠানের অনুমতি দেওয়ার সময় বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ কিছু শর্ত দিয়েছিল। বলা হয়েছিল, অনুষ্ঠানে শিক্ষাপ্রতিষ্ঠানের সম্মান ও নিয়ম মেনে চলতে হবে। কিন্তু অভিযোগ অনুযায়ী, এই ধরনের মন্তব্য বা আচরণের বিষয়ে আগে থেকে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষকে জানানো হয়নি। তাদের অনুমতিও নেওয়া হয়নি।
ভুবন বাম দেশের জনপ্রিয় ইউটিউবারদের মধ্যে একজন। তাঁর ইউটিউব চ্যানেল 'BB Ki Vines' খুব জনপ্রিয়। এই চ্যানেলে তিনি একাধিক মজার চরিত্রে অভিনয় করতেন।