BJP Donation ২০২৪-২৫ অর্থবর্ষে কোন রাজনৈতিক দল কেমন অনুদান পেয়েছে, সামনে এল সেই তথ্য। অ্যাসোসিয়েশন ফর ডেমোক্র্যাটিক রিফর্মস (ADR)-এর রিপোর্ট অনুযায়ী, ওই অর্থবর্ষে রাজনৈতিক দলগুলির প্রাপ্ত অনুদান ১৬১ শতাংশ বৃদ্ধি পেয়েছে। যা রেকর্ড।
রিপোর্টে বলা হয়েছে, ২০ হাজার টাকার বেশি অনুদানের পরিমাণ হল ৬,৬৪৮.৫৬৩ কোটি টাকা। মোট ১১,৩৪৩টি জায়গা থেকে সেই অনুদান এসেছে। এর মধ্যে সবচেয়ে বড় অংশ পেয়েছে ভারতীয় জনতা পার্টি (বিজেপি)। একাই তারা পেয়েছে ৬,০৭৪.০১৫ কোটি টাকা।
দ্বিতীয় স্থানে রয়েছে ইন্ডিয়ান ন্যাশনাল কংগ্রেস, যাদের প্রাপ্ত অনুদান ৫১৭.৩৯৪ কোটি টাকা। রিপোর্টে উল্লেখ, বিজেপির প্রাপ্ত অনুদান কংগ্রেস, আম আদমি পার্টি (AAP), সিপিআই(এম) এবং ন্যাশনাল পিপলস পার্টির সম্মিলিত অনুদানের তুলনায় প্রায় ১০ গুণ বেশি।
অন্যদিকে, বহুজন সমাজ পার্টি (বিএসপি) আগের মতোই জানিয়েছে, তারা ২০ হাজার টাকার বেশি কোনও অনুদান গ্রহণ করেনি। গত ১৯ বছর ধরে তারা এই নীতি মেনে চলছে।
গত বছরের তুলনায় মোট অনুদানে বেড়েছে ৪,১০৪.২৮৫ কোটি টাকা। বিজেপির অনুদান বেড়েছে ১৭১ শতাংশ, যা ২০২৩-২৪ সালে ছিল ২,২৪৩.৯৪৭ কোটি টাকা। কংগ্রেসের ক্ষেত্রেও অনুদান বেড়েছে ৮৪ শতাংশ, ২৮১.৪৮ কোটি টাকা থেকে বেড়ে হয়েছে ৫১৭.৩৯৪ কোটি টাকা।
অন্য দলগুলির মধ্যে আম আদমি পার্টি পেয়েছে ২৭.০৪৪ কোটি টাকা (২৪৪% বৃদ্ধি) এবং ন্যাশনাল পিপলস পার্টি পেয়েছে ১.৯৪৩ কোটি টাকা (১,৩১৩% বৃদ্ধি)।
রিপোর্টে আরও জানা গেছে, রাজনৈতিক অনুদানে কর্পোরেট ক্ষেত্রের প্রভাব অত্যন্ত বেশি। মোট অনুদানের মধ্যে ৬,১২৮.৭৮৭ কোটি টাকা (৯২.১৮%) এসেছে কর্পোরেট দান থেকে। অন্যদিকে, ব্যক্তিগত দানদাতাদের অবদান ৫০৫.৬৬ কোটি টাকা (৭.৬১%)।
বিজেপি কর্পোরেট ক্ষেত্র থেকে সর্বাধিক ৫,৭১৭.১৬৭ কোটি টাকা পেয়েছে, যা অন্যান্য সব জাতীয় দলের কর্পোরেট অনুদানের তুলনায় প্রায় ১৩ গুণ বেশি। ব্যক্তিগত দান থেকেও বিজেপি পেয়েছে ৩৪৫.৯৪ কোটি টাকা।
কংগ্রেস পেয়েছে ৩৮৩.৮৬ কোটি টাকা কর্পোরেট অনুদান এবং ১৩২.৩৯ কোটি টাকা ব্যক্তিগত অনুদান।
বড় দানদাতাদের মধ্যে প্রুডেন্ট ইলেক্টোরাল ট্রাস্ট মোট ২,৪১৩.৪৬৫ কোটি টাকা অনুদান দিয়েছে, যার মধ্যে বিজেপি পেয়েছে ২,১৮০.৭১১৯ কোটি টাকা, কংগ্রেস পেয়েছে ২১৬.৩৩৫ কোটি টাকা এবং AAP পেয়েছে ১৬.৪১৭৮ কোটি টাকা।
এছাড়া প্রোগ্রেসিভ ইলেক্টোরাল ট্রাস্ট (৮৩৪.৯৭ কোটি), এবি জেনারেল ইলেক্টোরাল ট্রাস্ট (৬২১ কোটি) এবং নিউ ডেমোক্রেটিক ইলেক্টোরাল ট্রাস্ট (১৫৫ কোটি)-ও উল্লেখযোগ্য অনুদান দিয়েছে।
কর্পোরেট সংস্থাগুলির মধ্যে সিরাম ইনস্টিটিউট অফ ইন্ডিয়া প্রাইভেট লিমিটেড বিজেপিকে ১০০ কোটি টাকা এবং রুংটা সন্স প্রাইভেট লিমিটেড ৯৫ কোটি টাকা অনুদান দিয়েছে।