নেহা বোরাবাংলাদেশের জুলাই অভ্যুত্থানকেই নাকি ভারতের জেন-জি আন্দোলনের অনুপ্রেরণা হিসেবে তুলে ধরেছেন নেহা বোরা। তাঁর একটি মন্তব্য ঘিরে শুরু হয়েছে রাজনৈতিক বিতর্ক।
বাংলাদেশের সমাজতান্ত্রিক ছাত্র ফ্রন্টের (Socialist Students' Front বা SSF) ষষ্ঠ জাতীয় সম্মেলন উপলক্ষে পাঠানো এক ভিডিও বার্তায় বাংলাদেশের আন্দোলনের প্রশংসা করেন AISA নেত্রী। একইসঙ্গে ভারত ও বাংলাদেশের তরুণদের ধর্মীয় মৌলবাদের বিরুদ্ধে লড়াইয়ের প্রসঙ্গও তুলে ধরেন। তাঁর এই বক্তব্যের পরই তাঁকে নিশানা করতে ছাড়েনি BJP।
বিভিন্ন সূত্র মারফত জানা যাচ্ছে, ১৪ অক্টোবর সমাজতান্ত্রিক ছাত্র ফ্রন্টের ষষ্ঠ জাতীয় সম্মেলন উপলক্ষে ভিডিও বার্তা দেন নেহা বোরা। সেখানে তিনি বলেন, বাংলাদেশ তাঁদের বিপ্লবের পথ দেখিয়েছে। বাংলাদেশের ছাত্র সংগঠনকে অভিনন্দন জানিয়ে তিনি বলেন, ‘আপনারা আমাদের পথ দেখিয়েছেন।’ বাংলাদেশের তরুণদের ধর্মীয় মৌলবাদের বিরুদ্ধে লড়াইয়ের প্রশংসাও করেন তিনি। তাঁর বক্তব্য, বাংলাদেশে যে লড়াই চলছে, ভারতের তরুণরাও আজ একই ধরনের লড়াই করছেন।
নেহা বোরার কথায়, 'বাংলাদেশের তরুণরা ধর্মীয় মৌলবাদের বিরুদ্ধে লড়াই করছিলেন। একইভাবে ভারতের ছাত্রছাত্রীরাও নরেন্দ্র মোদী সরকারের বিরুদ্ধে লড়াইয়ে সামিল হয়েছেন।' বাংলাদেশের আন্দোলন থেকে শিক্ষা নেওয়ার কথাও বলেন তিনি। ভিডিও বার্তায় নেহা বোরা বলেন, 'বাংলাদেশের আন্দোলন থেকে অনুপ্রেরণা নিচ্ছি।' দুই দেশের তরুণদের একসঙ্গে লড়াইয়ের বার্তাও দেন এই বাম নেত্রী। তাঁর আশা, বাংলাদেশ ও ভারতের তরুণরা একসঙ্গে কাজ করে আরও ভাল দক্ষিণ এশিয়া এবং আরও ভাল পৃথিবী গড়ার লক্ষ্যে এগিয়ে যেতে পারবেন।
উল্লেখ্য, বাংলাদেশের জুলাই অভ্যুত্থানে সক্রিয়ভাবে অংশ নিয়েছিল সমাজতান্ত্রিক ছাত্র ফ্রন্ট। সেই আন্দোলনের পরই শেখ হাসিনার সরকারের পতন ঘটে। নেহা বোরার বক্তব্যে বাংলাদেশের সেই আন্দোলনের প্রসঙ্গ উঠে আসায় রাজনৈতিক মহলে নতুন করে আলোচনা শুরু হয়েছে। তাঁর একটি দীর্ঘ ভিডিওতেও ভারতের শিক্ষাব্যবস্থার গেরুয়াকরণের অভিযোগ তুলতে শোনা গিয়েছে।
এদিকে, নেহা বোরার মন্তব্যের কড়া সমালোচনা করেছে BJP। দলের মুখপাত্র প্রদীপ ভান্ডারি এই প্রসঙ্গে রাহুল গান্ধীকে নিশানা করেছেন। তাঁর বক্তব্য, 'নেহা বোরা রাহুল গান্ধীর পোস্টার গার্ল। বাংলাদেশের শাসন পরিবর্তনের আন্দোলন থেকে অনুপ্রেরণা নেওয়ার কথা বলে নেহা বুঝিয়ে দিয়েছেন, রাহুল গান্ধীর লড়াই রাজনৈতিক নয়, বরং এর উদ্দেশ্য শাসন পরিবর্তন।'
প্রদীপ ভান্ডারির দাবি, নেহা বোরা বাংলাদেশে শাসন পরিবর্তনের ঘটনা থেকে অনুপ্রাণিত এবং ভারতে সেই ধরনের পরিস্থিতির পুনরাবৃত্তি চান। তাঁর এই মন্তব্যের পর নেহা বোরার ভিডিও বার্তা এবং BJP-র পাল্টা আক্রমণ ঘিরে রাজনৈতিক তরজা শুরু হয়েছে।