পাটিয়ালায় রেল লাইনে বিস্ফোরণপঞ্জাবের পাতিয়ালায় চাঞ্চল্যকর ঘটনা। সোমবার গভীর রাতে শম্ভু-আম্বালা রেললাইনের কাছে ঘটল বিস্ফোরণ। ঘটনাস্থল থেকে উদ্ধার করা হয়েছে এক ব্যক্তির মৃতদেহ। যদিও দুটি ঘটনার মধ্যে কোনও লিঙ্ক রয়েছে কিনা, তা তদন্ত সাপেক্ষ জানাচ্ছে পুলিশ।
রেলসূত্রে খবর, সোমবার রাত প্রায় ১০টার দিকে মালবাহী ট্রেনের জন্য রিজার্ভ একটি ট্র্যাকের কাছে বিস্ফোরণটি ঘটে। বিস্ফোরণের খবর পেয়ে ডেপুটি ইন্সপেক্টর জেনারেল অফ পুলিশ (ডিআইজি) এবং পাতিয়ালা এসএসপি বরুণ শর্মাসহ ঊর্ধ্বতন পুলিশ আধিকারিকরা ঘটনাস্থলে পৌঁছান।
তদন্তের জন্য GRP এবং RPF-এর টিমও ঘটনাস্থলে উপস্থিত রয়েছে। পাতিয়ালার এসএসপি বরুণ শর্মা জানিয়েছেন, বিস্ফোরণে রেললাইনের কিছুটা ক্ষতি হয়েছে। তাঁর দাবি, বিস্ফোরণের তীব্রতা খুব বেশি ছিল না। পুরো বিষয়টি বর্তমানে তদন্তাধীন রয়েছে।
অজ্ঞাত পরিচয় ব্যক্তির দেহ উদ্ধার
বিস্ফোরণস্থলের কাছ থেকে এক অজ্ঞাতপরিচয় ব্যক্তির মৃতদেহ উদ্ধার করা হয়েছ। তবে ওই ব্যক্তির মৃত্যু বিস্ফোরণের কারণে হয়েছে নাকি অন্য কোনও কারণে হয়েছে তা এখনও স্পষ্ট নয়। এসএসপি জানান, মৃতদেহটির সঙ্গে বিস্ফোরণের যোগসূত্র খতিয়ে দেখা হচ্ছে।
কোন ধরনের বিস্ফোরক ব্যবহার করা হয়েছে, তা জানতে ইতিমধ্যেই একটি ফরেনসিক দল ঘটনাস্থল থেকে নমুনা সংগ্রহ করছে। পুলিশ সব দিক থেকে মামলাটি তদন্ত করছে।
প্রসঙ্গত, গতকাল রাতেই দুর্ঘটনার কবলে পড়েছিল বন্দে ভারত এক্সপ্রেসও। মহারাষ্ট্রে ঘটে এই দুর্ঘটনা। পুনেতে লাইনচ্যুত হয়ে যায় মুম্বই-সোলাপুর বন্দেভারত এক্সপ্রেস। সূত্রের খবর, পুনে রেলওয়ে স্টেশনে ঢোকার মুখে ২২২২৫ সিএসএমটি-শোলাপুর বন্দে ভারত এক্সপ্রেসের একটি কোচ লাইনচ্যুত হয়ে যায়। যদিও নিরাপদেই আছেন সমস্ত যাত্রীরা।