বোমায় অমিতাভ বচ্চনের বাড়ি ওড়ানোর হুমকিমুম্বইয়ের একাধিক গুরুত্বপূর্ণ ও হাইপ্রোফাইল জায়গায় বোমা হামলার হুমকি। বলিউডের সুপারস্টার অমিতাভ বচ্চনের বাংলো 'জলসা' থেকে শুরু করে বম্বে হাইকোর্ট এবং বম্বে স্টক এক্সচেঞ্জে বোমা হামলার হুমকি দেওয়া হয়েছে। এই ঘটনা সামনে আসার পরই চাঞ্চল্য ছড়িয়েছে গোটা শহরে। সেই সঙ্গে সতর্কতা জারি হয়েছে।
যতদূর খবর, বম্বে হাইকোর্টে একটি হুমকি ই-মেল পাঠানো হয়েছে। সেখানে আদালতকে বোমা মেরে উড়িয়ে দেওয়ার হুমকি দেওয়া হয়েছে। সেই সঙ্গে ওই তিনটি জায়গা এবং ওরলি রেসকোর্সে বোমা হামলার হুঁশিয়ারি দেওয়া হয়েছে।
আর হুমকি ই-মেল পাওয়ার পরই অ্যাকশন মোডে মুম্বই পুলিশ। ইতিমধ্যেই তদন্তে নেমেছে তারা। কে বা কারা এই ই-মেল পাঠিয়েছে, তা খুঁজে বের করার চেষ্টা চলছে। পাশাপাশি নিরাপত্তা সংস্থাগুলিকেও সতর্ক করা হয়েছে।
প্রসঙ্গত, তিন সপ্তাহেরও কম সময়ের মধ্যে দ্বিতীয়বার অমিতাভ বচ্চনের বাংলোতে বোমা হামলার হুমকি দেওয়া হল। গত ২২ অক্টোবরও তাঁর বাংলো 'জলসা'-য় একই ধরনের হুমকি এসেছিল।