Rahul Gandhi: ভারত ও পাকিস্তান কি একসঙ্গে কাজ করতে পারে? স্পষ্ট জবাব দিলেন রাহুল

সম্প্রতি শিকাগো বিশ্ববিদ্যালয়ে এক আলোচনাসভায় অংশ নিয়েছিলেন রাহুল গান্ধী। সেখানে পাকিস্তানের এক পড়ুয়া প্রশ্ন করেন রাহুলকে। এই প্রশ্নের সোজাসাপ্টা উত্তর দেন রাহুল। আসুন জেনে নেওয়া যাক।

Advertisement
ভারত ও পাকিস্তান কি একসঙ্গে কাজ করতে পারে? স্পষ্ট জবাব দিলেন রাহুল রাহুল গান্ধী
হাইলাইটস
  • সম্প্রতি শিকাগো বিশ্ববিদ্যালয়ে এক আলোচনাসভায় অংশ নিয়েছিলেন রাহুল গান্ধী
  • সেখানে পাকিস্তানের এক পড়ুয়া প্রশ্ন করেন রাহুলকে
  • এই প্রশ্নের সোজাসাপ্টা উত্তর দেন রাহুল

ভারত ও পাকিস্তান কি একসঙ্গে কাজ করতে পারে? এই প্রশ্নের উত্তর দিয়েছেন ভারতের বিরোধী দলনেতা রাহুল গান্ধী। তাঁর মতে, ভারত ও পাকিস্তানের মধ্যে মতপার্থক্য দূরে সরিয়ে রেখে একসঙ্গে কাজ করার সুযোগ রয়েছে। তবে ভারতের বুকে সন্ত্রাসবাদে পাকিস্তানের মদতই আলোচনার পথে সবচেয়ে বড় বাধা।

সম্প্রতি শিকাগো বিশ্ববিদ্যালয়ে এক আলোচনাসভায় অংশ নিয়েছিলেন রাহুল। সেখানে পাকিস্তানের এক পড়ুয়ার প্রশ্নের উত্তরে রাহুল জানান, নিরীহ মানুষ খুন হচ্ছে। এমন পরিস্থিতিতে পাকিস্তানের সঙ্গে আলোচনা করা ভারতের পক্ষে সম্ভব নয়।

পাকিস্তানের খুশ নামে পরিচয় দেওয়া ওই পড়ুয়া প্রশ্ন করেন, 'দোষারোপের রাজনীতি থেকে বেরিয়ে এসে পারস্পরিক স্বার্থে ভারত ও পাকিস্তানের একসঙ্গে কাজ করার কি এখনও কোনও সুযোগ রয়েছে?'

এই প্রশ্নের সোজাসুজি উত্তর দেন কংগ্রেস নেতা। রাহুল বলেন, 'সুযোগ রয়েছে। কিন্তু একটা বড় সমস্যা আছে। আর তা হল, আমাদের দেশে সন্ত্রাসবাদে পাকিস্তানের মদত ও উৎসাহ দেওয়া।'

তিনি আরও বলেন, 'আমাদের নিরীহ মানুষ খুন হতে থাকবেন, আর আমরা পাকিস্তানের সঙ্গে আলোচনা চালিয়ে যাব, এটা মেনে নেওয়া সম্ভব নয়।'

এই আলোচনায় ভারতীয় গণতন্ত্রকে 'পবিত্র' বলেও উল্লেখ করেন রাহুল। একই সঙ্গে নির্বাচন বয়কটের সম্ভাবনা খারিজ দেন। তাঁর মতে, এমন সিদ্ধান্ত কার্যত দেশে গণতন্ত্রকে শেষ করে দেবে।

তাঁর মতে, দেশের নির্বাচনী ব্যবস্থায় কী ঘটছে, তা সামনে আনতেই কংগ্রেস ও অন্যান্য বিরোধী দল লড়াই চালাচ্ছে। মানুষ যতক্ষণ না বুঝতে পারছেন যে 'ব্যবস্থাটি সম্পূর্ণ ধ্বংস করে দেওয়া হয়েছে', ততক্ষণ বিরোধীরা সমস্ত প্রতিকূলতা সহ্য করতে প্রস্তুত।

রাহুলের দাবি, ২০১৪ সালের লোকসভা নির্বাচন নিয়েই কংগ্রেসের সন্দেহ হয়েছিল। কারণ, সেই নির্বাচনে জয়ের ব্যবধান কোনওভাবেই ব্যাখ্যা করা যায়নি। কিন্তু প্রমাণ ছাড়া কোনও অভিযোগ করা সম্ভব ছিল না।

তিনি আরও জানান, পরে তাঁদের হাতে প্রমাণ এসেছে। কিন্তু সেই তথ্য কংগ্রেসের শীর্ষ নেতাদের সামনে তুলে ধরলেও তাঁকে এ বিষয়ে মুখ খুলতে নিষেধ করা হয়েছিল।

Advertisement

রাহুল বলেন, 'আমাদের কাছে ভারতীয় গণতন্ত্র পবিত্র। ১০০, ২০০ বা ৩০০ শতাংশ নিশ্চিত প্রমাণ ছাড়া ভারতীয় গণতন্ত্রে সমস্যা রয়েছে, এমন কথা বলাও আমার পক্ষে কঠিন।'

নির্বাচন বয়কট না করার কারণ ব্যাখ্যা করে তিনি জানান, এমন সিদ্ধান্ত দেশের গণতান্ত্রিক কাঠামোকে দুর্বল করবে। সারা দেশের বিরোধী দলের কর্মীদের উপর প্রভাব ফেলবে।

রাহুলের কথায়, 'আমরা যদি দলের কর্মীদের বলি, তোমরা নির্বাচনে লড়বে না, তাহলে তাঁদের কী হবে? আমরা যদি বলি যে নির্বাচনে লড়ব না, তা হলে সেই মুহূর্তেই ভারতীয় গণতন্ত্র শেষ হবে। আমরা গণতন্ত্রের কাঠামোকে শেষ করতে চাই না।'

গাজা-ইজরায়েল নিয়ে কী বললেন?
আলোচনায় ইজরায়েল-গাজা সংঘাত নিয়েও মত প্রকাশ করেন কংগ্রেস সাংসদ। তাঁর বক্তব্য, ভারতের বিদেশনীতি অন্য কোনও দেশের স্বার্থের ভিত্তিতে নয়, বরং দেশের নিজস্ব জাতীয় স্বার্থের কথা মাথায় রেখেই নির্ধারিত হওয়া উচিত।

শুধু তাই নয়, ২০২৩ সালের ৭ অক্টোবর ইজরায়েলের উপর হামাসের হামলার নিন্দা করেন রাহুল। তাঁর বক্তব্য, নিরীহ মানুষকে হত্যা করা কোনওভাবেই গ্রহণযোগ্য নয়। তবে গাজায় ইজরায়েলের সামরিক অভিযানও সমালোচনা করেন তিনি। স্পষ্ট করে জানান, দুই পক্ষের হিংসারই বিরোধী তিনি।
 

 

POST A COMMENT
Advertisement