মুখ্য নির্বাচন কমিশনার জ্ঞানেশ কুমার, সুখবীর সিং সন্ধু ও বিবেক জোশী- পিটিআই ফাইল ছবিতাঁর ইস্তফার দাবিতে যখন দেশজুড়ে বিক্ষোভ, আন্দোলন চলছে, তখন দেশের মুখ্য নির্বাচন কমিশনার জ্ঞানেশ কুমারের দু দিনের ছত্তিশগড় সফর অজ্ঞাত কারণে স্থগিত হয়ে গেল। আজ অর্থাত্ বুধবার ও আগামিকাল অর্থাত্ বৃহস্পতিবার, এই দুই দিন ছত্তিশগড় যাওয়ার কথা ছিল জ্ঞানেশ কুমার ও নির্বাচন কমিশনের অন্যান্য আধিকারিকরা। শেষ মুহূর্তে হঠাত্ই সফর স্থগিত ঘোষণা করা হয়েছে।
হঠাত্ জ্ঞানেশের ছত্তীশগড় সফর স্থগিত
ছত্তিশগড়ের মুখ্য নির্বাচনী আধিকারিকের দফতর থেকে জারি করা সরকারি চিঠিতে সফর স্থগিতের কারণ হিসেবে ‘অনিবার্য কারণ’-এর কথা উল্লেখ করা হয়েছে। এর আগেও একই ধরনের বিতর্কের মধ্যে জ্ঞানেশ কুমারের উত্তরপ্রদেশের মেরঠ ও বারাণসী সফর স্থগিত হয়েছিল। তারও আগে লাদাখ, হিমাচল প্রদেশ এবং উত্তরাখণ্ড সফরও বাতিল বা স্থগিত করা হয়েছিল। দু’দিনের এই সফরে জ্ঞানেশ কুমারের দন্তেওয়াড়া জেলার বিখ্যাত দন্তেশ্বরী মন্দির, বস্তারের চিত্রকোট জলপ্রপাত এবং কবীরধাম অর্থাৎ কাওয়ার্ধা জেলার ভোরমদেও মন্দিরে যাওয়ার কথা ছিল।
জ্ঞানেশ কুমার রাজ্য অতিথি হিসেবে ঘোষণা করা হয়েছিল
এই সফরের জন্য জ্ঞানেশ কুমারকে রাজ্যের অতিথি হিসেবে ঘোষণা করেছিল ছত্তিশগড় সরকার। তাঁকে স্বাগত জানানো এবং নিরাপত্তার জন্য রায়পুর প্রশাসন, পুলিশ বিভাগ, স্বামী বিবেকানন্দ বিমানবন্দর কর্তৃপক্ষ সহ বিভিন্ন দফতর জোরকদমে প্রস্তুতি শুরু করেছিল। সফর স্থগিত হওয়ায় আপাতত সেই সব প্রস্তুতিতেও ছেদ পড়েছে। জ্ঞানেশের এই সফর এমন এক সময়ে এই সফর স্থগিত হল, যখন দিল্লিতে SIR এবং ফর্ম ৬-এ পরিবর্তন নিয়ে নির্বাচন কমিশনের অভ্যন্তরীণ সিদ্ধান্তের বিরুদ্ধে সরব বিরোধী দলগুলি।
আপাতত সফরের নতুন তারিখ নির্ধারণ করা হয়নি
রায়পুরের মুখ্য নির্বাচনী আধিকারিকের দফতর জানিয়েছে, আপাতত সফরের নতুন তারিখ নির্ধারণ করা হয়নি। ভারতীয় নির্বাচন কমিশনের কাছ থেকে সংশোধিত কর্মসূচির তারিখ পাওয়ার পর তা আলাদাভাবে জানানো হবে। অন্যদিকে আজও ফের নির্বাচন সদন অভিমুখে বিক্ষোভ মিছিল ও ঘেরাও অভিযানের ডাক দিয়েছে বিরোধী INDI জোট। ভোটার তালিকা সংশোধন সংক্রান্ত অনিয়ম ও প্রায় সাড়ে ১৩ কোটি ভোটার বাদ পড়ার অভিযোগে মুখ্য নির্বাচন কমিশনার জ্ঞানেশ কুমারের পদত্যাগের দাবিতে জোটের সাংসদ ও শীর্ষ নেতারা ওই কর্মসূচিতে অংশ নেবেন। একই সঙ্গে গত ২ অক্টোবর থেকে দেশ জুড়ে শুরু হওয়া ‘গণতন্ত্র বাঁচাও’ কর্মসূচির অংশ হিসেবে আজ দেশের বিভিন্ন জেলা সদরে বিক্ষোভ মিছিল ও জনসভা আয়োজিত হচ্ছে। এই কর্মসূচি আগামী ৮ অক্টোবর পর্যন্ত চলবে।
জ্ঞানেশ কুমারকে নোটিস দিয়েছে শীর্ষ আদালত
সব মিলিয়ে একদিকে ককরোচ জনতা পার্টি (CJP), অন্যদিকে কংগ্রেস সহ সব বিরোধী দল রাস্তায় নেমেছে জ্ঞানেশ কুমারের পদত্যাগের দাবিতে। এছাড়াও এসআইএর ইস্যুতে মামলা চলছে সুপ্রিম কোর্টেও। ইতিমধ্যেই এই মামলায় কেন্দ্রীয় সরকার, নির্বাচন কমিশন এবং জ্ঞানেশ কুমারকে নোটিস দিয়েছে শীর্ষ আদালত। নির্বাচন কমিশনের সিদ্ধান্ত গ্রহণের প্রক্রিয়া নিয়ে এই মামলা দায়ের করা হয়েছে। মামলাকারীদের অভিযোগ, নির্বাচন কমিশনের তিন সদস্যের মধ্যে অন্য দুই নির্বাচন কমিশনারের অনুমোদন ছাড়াই জ্ঞানেশ কুমার একাধিক সিদ্ধান্ত নিয়েছেন। এর মধ্যে ভোটার তালিকার SIR এবং Form 6-এ পরিবর্তনের বিষয়টিও রয়েছে।
সোমবার এই মামলার শুনানিতে সুপ্রিম কোর্ট জানায়, নির্বাচন কমিশনের সিদ্ধান্তগুলি আইন অনুযায়ী নেওয়া হয়েছে কি না, তা আদালত খতিয়ে দেখবে। কোনও সিদ্ধান্ত আইনবিরুদ্ধ বলে প্রমাণিত হলে সেটি বাতিলও করা হতে পারে। তবে সংবাদপত্রের রিপোর্টের ভিত্তিতে এখনই কোনও চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়া হবে না। এর জন্য নির্বাচন কমিশন ও কেন্দ্রের বক্তব্য এবং সংশ্লিষ্ট সরকারি নথি দেখতে চেয়েছে সুপ্রিম কোর্ট। সুপ্রিম কোর্ট স্পষ্ট করে জানিয়েছে, Form 6-এ কোনও পরিবর্তনের অনুমোদন আদালত দেয়নি।