সিজেপি-এর অভিযানে পুলিশের লাঠিচার্জসোমবার সংসদ অভিযানের জন্য তৈরি হচ্ছিল ককরোচ জনতা পার্টি বা সিজেপি। আর সেই অভিযান ভেস্তে দিতে যন্তর মন্তরের বিক্ষোভস্থলে পুলিশ লাঠিচার্জ করে।
যতদূর জানা যাচ্ছে, আজ সকালে সিজেপি-এর অভিযানে যোগ দিতে প্রচুর বিক্ষোভকারী জড় হতে শুরু করে। এমন পরিস্থিতিতে তাদের সঙ্গে পুলিশ ও আরপিএফ-এর ধস্তাধস্তি শুরু হয়। এরপরই পরিস্থিতি নিয়ন্ত্রণে শুরু হয়ে যায় লাঠিচার্জ।
এই অভিযানের আগে সোশ্যাল মিডিয়া এক্স-এ পোস্ট করে ককরোচ জনতা পার্টি। সেই পোস্টে লেখা হয়েছে, 'ভারী বৃষ্টির সঙ্গে রয়েছে কড়া নিরাপত্তা ব্যবস্থা। কিন্তু আজ কোনও কিছুই ককরোচদের থামাতে পারবে না!'
তবে শেষমেশ সেই অভিযান হয়নি। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে লাঠিচার্জ শুরু করে পুলিশ। তাতেই ছত্রভঙ্গ হয়ে যায় বিক্ষোভকারী জনতা।
নিরাপত্তার কারণে বন্ধ দিল্লির ৫টি মেট্রো স্টেশন
সোমবার নিরাপত্তার কারণ দেখিয়ে জনপথ, রাজীব চৌক, প্যাটেল চৌক, সেন্ট্রাল সেক্রেটারিয়েট এবং সেবা তীর্থ, এই পাঁচটি দিল্লি মেট্রো স্টেশন বন্ধ করে দিয়েছে কর্তৃপক্ষ। আর এটা যে সিজেপি-এর সংসদ অভিযানের কর্মসূচির জন্য করা হয়েছে, সেই কথা তো বলাই বাহুল্য।
এই বিষয়টা নিয়ে দিল্লি মেট্রো রেল কর্পোরেশন এক্স-এ পোস্ট করে। তারা জানায়, 'নিরাপত্তার কারণে পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত জনপথ, রাজীব চৌক, প্যাটেল চৌক, সেন্ট্রাল সেক্রেটারিয়েট এবং সেবা তীর্থ মেট্রো স্টেশন বন্ধ রাখা হয়েছে।'
সিজেপির সংসদ অভিযানের আগে জারি হয়েছিল নিষেধাজ্ঞা
সোমবার সংসদের বর্ষাকালীন অধিবেশন শুরু হয়েছে। আর এই দিনটাকেই ককরোচ জনতা পার্টি 'চলো সংসদ' কর্মসূচির জন্য় বেছে নেয়। আর এই অভিযান রুখতে রাজধানী দিল্লিতে নিরাপত্তা জোরদার করেছে পুলিশ। আইন-শৃঙ্খলা বজায় রাখতে যন্তর মন্তর, সংসদ ভবন এবং অন্যান্য স্পর্শকাতর এলাকায় বিপুল সংখ্যক নিরাপত্তাবাহিনী মোতায়েন করা হয়েছে।
নিরাপত্তা ব্যবস্থার অংশ হিসেবে ভারতীয় নাগরিক সুরক্ষা সংহিতা (বিএনএসএস)-এর ১৬৩ ধারায় সমস্ত নয়াদিল্লি এলাকায় নিষেধাজ্ঞা জারি করা হয়েছে।
মাথায় রাখতে হবে, নিট পরীক্ষায় অনিয়মের অভিযোগের প্রতিবাদ করছে সিজেপি। তারা কেন্দ্রীয় শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধানের পদত্যাগ চাইছে। এই দাবিতে তারা সংসদ অভিযানের ডাক দিয়েছে।