রাহুল, খাড়্গের সঙ্গে বৈঠকে নারাজ CJI সূর্য কান্ত (ছবি: এএফপি, পিটিআই)সোমবার সুপ্রিম কোর্টের দিকে মিছিল করতে চলেছে INDIA জোট। ঠিক সেই সময় বিরোধী দলনেতা রাহুল গান্ধী এবং মল্লিকার্জুন খাড়্গে দেশের প্রধান বিচারপতি সূর্য কান্তর সঙ্গে দেখা করতে চেয়েছিলেন। যদিও সেই অনুরোধ খারিজ করে দিয়েছেন প্রধান বিচারপতি। ইন্ডিয়া টুডে-কে এমনটাই জানিয়েছেন এক সূত্র।
লোকসভা ও রাজ্যসভার বিরোধী দলনেতা রাহুল গান্ধী এবং মল্লিকার্জুন খাড়্গে ১২ অক্টোবর, সোমবার বিকেল ৪টে থেকে ৫টার মধ্যে প্রধান বিচারপতির সঙ্গে দেখা করতে চেয়েছিলেন। তাঁরা একটি স্মারকলিপি জমা দিতে চেয়েছিলেন। যদিও প্রধান বিচারপতি তাঁদের সঙ্গে দেখা করতে চাননি বলেই খবর।
বিরোধী নেতারা চাইছেন, ভোট চুরি বন্ধ করা, মুখ্য নির্বাচন কমিশনার জ্ঞানেশ কুমারের পদত্যাগ, ভোটার তালিকায় বিশেষ নিবিড় সংশোধন বা স্পেশাল ইনটেনসিভ রিভিশন (SIR) প্রক্রিয়া বন্ধ করা এবং ব্যালট পেপারের মাধ্যমে ভোটদানে ফিরে যাওয়া। সেই মতো প্রধান বিচাপতির কাছে একটা স্মারক লিপি জমা দিতে চেয়েছিলেন তাঁরা।
যদিও সূত্রের খবর, প্রধান বিচারপতির তরফে ইমেলের মাধ্যমে দুই নেতাকে তাঁর সিদ্ধান্ত জানিয়ে দেওয়া হয়েছে। তিনি জানিয়েছে, যে বিষয়গুলি নিয়ে তাঁরা আলোচনা করতে চেয়েছিলেন, সেগুলি ইতিমধ্যেই সুপ্রিম কোর্টের বিচারাধীন। তাই এই পরিস্থিতিতে এমন বৈঠক করা ঠিক হবে না।
সূত্র আরও জানিয়েছে, আদালত তার প্রশাসনিক ভূমিকা ব্যবহার করে সরকারের কাজে হস্তক্ষেপ করতে পারে না। তবে মৌলিক অধিকার রক্ষার জন্য বিরোধী নেতারা বিচারবিভাগীয় প্রক্রিয়ার মাধ্যমে আদালতের দ্বারস্থ হতে পারেন। এমনটাই তাঁদের জানানো হয়েছে।
কেন প্রতিবাদে নেমেছেন বিরোধীরা?
SIR প্রক্রিয়ায় ভুলভাবে ভোটারদের নাম বাদ দেওয়া হয়েছে, ভোটার তালিকায় কারচুপি করা হয়েছে, এই সব অভিযোগকে কেন্দ্র করেই আন্দোলনে নেমেছেন বিরোধীরা। বিরোধী দলগুলির অভিযোগ, নির্বাচন কমিশন বিজেপিকে সুবিধা পাইয়ে দিচ্ছে। এমন পরিস্থিতিতে মুখ্য নির্বাচন কমিশনার জ্ঞানেশ কুমারের জবাবদিহি দাবি করেছে তারা।
সম্প্রতি প্রকাশিত কয়েকটি রিপোর্টে দাবি করা হয়েছে, গত ১০ মাসে অন্তত ১৪ বার SIR-সংক্রান্ত সিদ্ধান্ত নিয়ে আপত্তি জানিয়েছিলেন নির্বাচন কমিশনার সুখবীর সিং সান্ধু এবং বিবেক যোশী। এই খবরই বিতর্কে ঘি ঢেলেছে।
যদিও নির্বাচন কমিশনের বক্তব্য, আলোচনার সময় মতপার্থক্য স্বাভাবিক। তাদের নির্দেশগুলির আইনি ভিত্তি রয়েছে। সেগুলি নির্ধারিত আইন ও বিধি মেনেই জারি করা হয়েছে। এমন পরিস্থিতিতে আন্দোলনের ঝাঁঝ বাড়িয়েছে বিরোধীরা।
মার্চ ফর ডেমোক্রেসি-র ডাক বিরোধীদের
সোমবার বিরোধীদের প্রতিবাদ কর্মসূচি রয়েছে। কংগ্রেস এর নাম দিয়েছে 'চলো দিল্লি: মার্চ ফর ডেমোক্রেসি'। এ দিন দুপুর ১টা ৩০ মিনিটে কনট প্লেস ও বারাখাম্বা রোডের সংযোগস্থলে জমায়েত হবে। তারপরই শুরু হবে মিছিল।
রাহুল গান্ধী জানিয়েছেন, যুবসমাজ, বিরোধী দলগুলি এবং নাগরিক সমাজের প্রতিনিধিরা সুপ্রিম কোর্টের দিকে মিছিল করবেন। শনিবার দিল্লিতে শান্তিপূর্ণ আন্দোলনকারীদের উপর পুলিশ ও বিজেপি সমর্থকরা হামলা চালিয়েছেন বলেও অভিযোগ করেছেন তিনি।