আন্দোলন তুলেই মমতাকে ফোন দিপকেরএকুশে জুলাইয়ের মঞ্চ থেকে ককরোচ জনতা পার্টির আন্দোলনকে সমর্থনের কথা জানিয়েছিলেন মমতা বন্দ্য়োপাধ্যায়। জানা গিয়েছিল, সোমবার আন্দোলনের পাশে দাঁড়াতে দিল্লিও যাবেন তৃণমূল সুপ্রিমো। তবে তার আগেই শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধানের পদত্য়াগের পর আন্দোলন প্রত্যাহার করেছে CJP। সূত্রের দাবি, আন্দোলন তুলে নিয়েই মমতা বন্দ্য়োপাধ্য়ায়কে ফোন করেছেন CJP প্রতিষ্ঠাতা অভিজিৎ দিপকে।
তৃণমূল সূত্রের খবর,রাত ৮টা ৫৫ মিনিটে কালীঘাটে ফোন করেন অভিজিৎ। ছাত্রদের পাশে দাঁড়িয়ে আন্দোলনকে সমর্থন ও পরামর্শের জন্য কৃতজ্ঞতা ব্যক্ত করেন তিনি। কয়েক মিনিট কথা হয় দু'জনের।
মমতা দিল্লি যাচ্ছে না
ছাত্রদের মূল দাবি ছিল শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধানের পদত্যাগ। শনিবার তাঁর ইস্তফা দেওয়ার পর থেকেই জল্পনা ছিল মমতা কি আর পূর্ব নির্ধারিত পরিকল্পনা মেনে যাবেন দিল্লিতে? সূত্রের খবর আন্দোলন তুলে নেওয়ার পর, তা নিয়েও কথা হয়েছে দু'জনের। জানা যাচ্ছে, আপাতত দিল্লি যাচ্ছেন না মমতা বন্দ্য়োপাধ্যায়।
আন্দোলন তুলে অভিজিৎ দিপকে কী জানিয়েছেন?
ধর্মেন্দ্র প্রধান এক্স হ্যান্ডলে নিজের ইস্তফা দিতেই উল্লাসে ফেটে পড়ে 'আরশোলারা'। যন্তর মন্তরের ধর্না মঞ্চে দাঁড়িয়ে মুষ্ঠিবদ্ধ ডানহাতটা শূন্যে ছুড়ে সে কথা ঘোষণা করেন অভিজিৎ দিপকে। মাইক্রোফোনটা হাতে নিয়ে জমায়েত হওয়া প্রচুর সংখ্যক জেন জি-র উদ্দেশে তিনি বলেন, 'লং লিভ স্টুডেন্টস পাওয়ার'।
কটাক্ষের সুরে ককরোচ জনতা পার্টির প্রতিষ্ঠাতা বলেন, 'সুবহ হো গই মামু! ওরা নিজেদের বাদশা ভেবে ফেলেছিল। মাথায় রাখবেন, আরশোলা একবার ঢুকলে আর বেরোয় না। অনেকেই বলেছিলেন, এই সরকারে নাকি পদত্যাগ হয় না। কিন্তু আমরা দেখিয়ে দিয়েছি।' ধর্মেন্দ্রর পদত্যাগকে ‘গণতন্ত্রের জয়’ আখ্যা দিয়েছেন তিনি।
তিনি বলেন,বলেন, 'ঝুঁকতি হ্যায় দুনিয়া, ঝুঁকানেওলা চাহিয়ে।' তবে তিনি সাফ জানিয়ে দেন, প্রধান ও মূল দাবি মেনে নিলেও সরকার এখনও তাঁদের আরও ২টো দাবি মানেনি। NEET প্রশ্নফাঁসের পর আত্মঘাতী হওয়া ছাত্রছাত্রীদের ছবি দেখিয়ে, প্রত্যেক নাম পড়ে পড়ে অভিজিৎ বলেন, 'আত্মঘাতী পড়ুয়াদের এক কোটি টাকা করে দিতে হবে। এটা আমাদের দ্বিতীয় দাবি। আর যে সব আন্দোলনকারীদের বিরুদ্ধে মামলা রুজু হয়েছে, সেগুলো তুলে নিতে হবে।'