সৌরভ দাস, অভিজিৎ দীপকে, আশুতোষ রাঙ্কা NEET প্রশ্নপত্র ফাঁসের বিরুদ্ধে প্রাক্তন কেন্দ্রীয় শিক্ষামন্ত্রীর পদত্যাগের দাবিতে শুরু হয়েছিল আন্দোলন। তারপর জ্ঞানেশ কুমারের পদত্যাগের দাবিতেও পথে নেমে কেন্দ্রকে রীতিমতো চাপে ফেলে দিয়েছিল ককরোচরা। এ বার তাদের পরবর্তী কর্মসূচি কী? ভোট চুরির বিরোধিতার পাশাপাশি পরবর্তী বড় স্টেপ কী হতে চলেছে অভিজিৎ দীপকেদের? ককরোচ জনতা পার্টির (CJP) একের পর এক সোশ্যাল মিডিয়া পোস্ট কৌতুহল বাড়িয়ে তুলেছে।
CJP জানিয়েছে, ২২ নভেম্বর, রবিবার গোয়াতে যাবেন অভিজিৎ দীপকে, আশুতোষ রাঙ্কা এবং সৌরভ দাস। স্থানীয় বাসিন্দা, বিশেষত যুব সম্প্রদায়ের সঙ্গে কথা বলবেন তাঁরা। শুনবেন তাঁদের অভাব-অভিযোগ।
তবে সাদামাটা কর্মসূচী নয়। ককরোচদের প্রোগ্রামগুলির কোনও না কোনও ইউনিক দিক থাকে। এ বারও তার অন্যথা হবে না। গোয়া জুড়ে অভিজিৎ দীপকেরা ছড়িয়ে দেবেন একটি QR কোড। অনুষ্ঠানস্থলে আসার আগেই সেই QR স্ক্যান করে নিজেদেকর অভাব-অভিযোগ জানিয়ে দিতে পারবেন তরুণ-তরুণীরা। এরপর CJP নেতারা এক এক করে অভাব-অভিযোগগুলি শুনবে।
পানাজিতে কনভেনশন সেন্টারে রবিবার বিকেল ৪টে থেকে সন্ধ্যা ৭টা পর্যন্ত 'ইউথ মিট' নামে অনুষ্ঠানটির আয়োজন করেছে ককরোচরা। সেখানে প্রায় হাজার জনের সঙ্গে কথা বলবেন অভিজিৎ, আশুতোষ, সৌরভ।
সাধারণ মানুষের সঙ্গে সরাসরি কথা বলার জন্য তারা একটি নতুন কর্মসূচি গোয়ার ইভেন্ট থেকেই লঞ্চ করতে চলেছে বলে জানিয়েছে CJP। নাম রাখা হয়েছে, 'ক্যায়া বলতি পাবলিক'। গোয়া থেকে এই অনুষ্ঠান শুরু হচ্ছে। স্থানীয় ভাষায় এই কর্মসূচির নাম তারা দিয়েছে, 'চোল্লাম কিতেম গোয়া'।
রানি নামে এক CJP সদস্য সংবাদমাধ্যমে বলেন, 'রবিবার ইভেন্ট শেষে গোয়া সরকারের সামনে চার্টার আকারে আমরা আমাদের দাবিগুলি রাখব। এই রাজ্যের একাধিক ঐতিহাসিক গুরুত্ব রয়েছে, অনেক ইভেন্ট এই রাজ্য থেকেই শুরু হয়েছে। তাই আমরাও আমাদের নতুন ইভেন্ট গোয়া থেকেই শুরু করছি।' ইতিমধ্যেই QR কোড ছড়িয়ে দেওয়া হয়েছে গিয়েছে বলেও জানান রানি।
CJP-র আরও এক সদস্য বলেন, 'CJP-র সঙ্গে যে ভাবে ভারতের যুব সম্প্রদায় রয়েছে, আর কখনও এ ভাবে তাদের পথে নামতে দেখা যায়নি। রবিবারের ইভেন্টে থাকবে CJP-র গোটা টিম, শীর্ষ নেতারা। গোয়াতে একাধিক সমস্যা রয়েছে। আমরা জানি না কোথা থেকে শুরু করতে হবে। তাই আমরা গোয়ার মানুষের থেকেই আগে তাদের সমস্যাগুলি এক এক করে জানব। তারপর একসঙ্গে কী ভাবে সেই সমস্যা সমাধানে কাজ করা যায় চিন্তাভাবনা করব।'