দিল্লিতে ফের বিক্ষোভের ডাক CJP-র, দাবি পূরণ না হওয়ায় ইন্ডিয়া গেটে মিছিল

CJP-র প্রকাশিত প্রেস নোটে ককরোচ জনতা পার্টি কেন্দ্রীয় সরকারের বিরুদ্ধে অভিযোগ করেছে, ২৫ জুলাই দেশের যুবসমাজকে দেওয়া প্রতিশ্রুতিগুলি এখনও পূরণ করা হয়নি।

Advertisement
দিল্লিতে ফের বিক্ষোভের ডাক CJP-র, দাবি পূরণ না হওয়ায় ইন্ডিয়া গেটে মিছিলশান্তিপূর্ণ প্রতিবাদ করবে CJP (ছবি - PTI)
হাইলাইটস
  • CJP-র তরফে জানানো হয়েছে, ৫ সেপ্টেম্বরের শান্তিপূর্ণ মিছিল ইন্ডিয়া গেট থেকে শুরু হবে।
  • কেন্দ্রের কাছে দাবি রাখা হবে তাদের তরফে

ফের প্রতিবাদ মিছিলের ডাক ককরোচ জনতা পার্টির। তাদের অভিযোগ, ২৫ জুলাই কেন্দ্রীয় সরকার যে প্রতিশ্রুতি দিয়েছিল, তা পূরণ করেনি। তারই প্রতিবাদে এই কর্মসূচি। আগামী ৫ সেপ্টেম্বর দিল্লিতে এই শান্তিপূর্ণ প্রতিবাদ মিছিলের ডাক দেওয়া হয়েছে। 

CJP-র তরফে জানানো হয়েছে, ৫ সেপ্টেম্বরের শান্তিপূর্ণ মিছিল ইন্ডিয়া গেট থেকে শুরু হয়ে দিল্লি পুলিশ সদর দফতরের দিকে এগোবে। মৃত NEET পরীক্ষার্থী ও পুলিশি নির্যাতনের শিকারদের পরিবারের সদস্যরা এই মিছিলের নেতৃত্ব দেবেন। দেশের বিভিন্ন প্রান্তের ছাত্রছাত্রী, যুব সংগঠন এবং তরুণ নাগরিকদের এই কর্মসূচিতে যোগ দেওয়ার সম্ভাবনা রয়েছে।

CJP-র প্রকাশিত প্রেস নোটে ককরোচ জনতা পার্টি কেন্দ্রীয় সরকারের বিরুদ্ধে অভিযোগ করেছে, ২৫ জুলাই দেশের যুবসমাজকে দেওয়া প্রতিশ্রুতিগুলি এখনও পূরণ করা হয়নি। বিশেষ করে ছাত্রছাত্রী এবং আন্দোলনকারীদের বিরুদ্ধে দায়ের হওয়া FIR প্রত্যাহারের যে প্রতিশ্রুতি দেওয়া হয়েছিল, তা কার্যকর করা হয়নি বলে অভিযোগ দলের।

দলের দাবি, সরকারের লাগাতার দেরি এবং প্রতিশ্রুতি পূরণে অনীহার কারণে CJP-র জাতীয় কার্যনির্বাহী কমিটি ফের শান্তিপূর্ণ আন্দোলন শুরু করার সিদ্ধান্ত নিয়েছে।

CJP-র বৈঠক

এর আগে ২৩ অগাস্ট ককরোচ জনতা পার্টি (CJP) জানিয়েছিল, সোমবার তাদের জাতীয় কার্যনির্বাহী কমিটির বৈঠক হবে। ২৫ জুলাই দেশজুড়ে আন্দোলন প্রত্যাহারের পর কেন্দ্রীয় সরকারের দেওয়া প্রতিশ্রুতিগুলির কী পরিস্থিতি, সেই বিষয়টি বৈঠকে পর্যালোচনা করার কথা ছিল। দলের দাবি ছিল, প্রতিশ্রুতি পূরণের জন্য সরকার কী পদক্ষেপ করছে, সে বিষয়ে এখনও পর্যন্ত আনুষ্ঠানিকভাবে কোনও তথ্য জানানো হয়নি।

CJP জানিয়েছিল, কেন্দ্রকে প্রতিশ্রুতি পূরণে বাধ্য করতে কী কী পদক্ষেপ নেওয়া যায়, তা নিয়ে বৈঠকে আলোচনা করা হবে। এর মধ্যে ফের দেশজুড়ে শান্তিপূর্ণ আন্দোলন শুরু করার সম্ভাবনাও বিবেচনা করা হবে বলে জানিয়েছিল দলটি।
 

POST A COMMENT
Advertisement