অভিজিৎ দীপকে, ধ্রুব রাঠি CJP Jantar Mantar Protest Live Updates: গণহারে ধরপাকড়, রাজধানীজুড়ে কড়া নিরাপত্তা এবং ‘অঘোষিত জরুরি অবস্থা’ জারির অভিযোগের পর রবিবার ফের উত্তপ্ত হতে চলেছে দিল্লির যন্তর মন্তর। আজ আবারও সেখানে বিক্ষোভ কর্মসূচির ডাক দিয়েছে ককরোচ জনতা পার্টি (CJP)। প্রধান নির্বাচন কমিশনার জ্ঞানেশ কুমারের পদত্যাগ না করা পর্যন্ত আন্দোলন চালিয়ে যাওয়ার হুঁশিয়ারি দিয়েছে দলটি।
শনিবার দিল্লিতে ব্যাপক ধরপাকড় চালায় পুলিশ। শতাধিক বিক্ষোভকারী এবং একাধিক বিরোধী দলের নেতাকে আটক করা হয়। পাশাপাশি, দিল্লিতে বিমান অবতরণের পর বিমানের ভিতর থেকেই আটক করা হয় CJP-র প্রতিষ্ঠাতা অভিজিৎ দিপকে এবং দলের দুই সহ-আহ্বায়ক সৌরভ দাস ও আশুতোষ রাঙ্কাকে। তাঁদের কোথায় রাখা হয়েছে, তা এখনও জানা যাচ্ছে না বলে অভিযোগ করেছে দলটি। অবিলম্বে তাঁদের মুক্তি এবং আইনজীবীদের সঙ্গে দেখা করার সুযোগ দেওয়ার দাবি জানিয়েছে CJP।
শীর্ষ নেতৃত্ব আটক থাকায় আন্দোলনের দায়িত্ব নিয়েছেন দলের জাতীয় সংগঠন বিষয়ক দায়িত্বপ্রাপ্ত অজিঙ্কা শিন্ডে। তাঁর ঘোষণা, রবিবার, ১১ অক্টোবর সকাল ১০টায় ফের যন্তর মন্তরে বিক্ষোভ দেখানো হবে। বিপুল সংখ্যায় সমর্থকদের সেখানে হাজির হওয়ার আহ্বান জানিয়েছেন তিনি। পুলিশ যেখানে বাধা দেবে, সেখানেই আন্দোলন চালিয়ে যাওয়ার ডাকও দিয়েছেন।
এদিকে, দিল্লি পুলিশ জানিয়েছে, রবিবার নয়াদিল্লি ও মধ্য দিল্লির একাধিক রাস্তায় যান চলাচল ব্যাহত হতে পারে। পরিস্থিতি অনুযায়ী সকাল ৬টা থেকেই যান চলাচলের পথ পরিবর্তন করা হতে পারে। বিমানবন্দর, রেলস্টেশন এবং আন্তঃরাজ্য বাস টার্মিনালে যাঁদের যাতায়াত রয়েছে, তাঁদের আগে থেকেই যাত্রার পরিকল্পনা করে নেওয়ার পরামর্শ দেওয়া হয়েছে।
রাজধানীজুড়ে কড়া নিরাপত্তা ব্যবস্থা এবং জমায়েতের উপর বিধিনিষেধের মধ্যে বিক্ষোভকারীরা আদৌ যন্তর মন্তরে পৌঁছতে পারবেন কি না, এবং সেখানে আন্দোলন কতটা চালিয়ে যেতে পারবেন, এখন সেটাই বড় প্রশ্ন।
CJP-র রত্না সিংয়ের দাবি, এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট আদালত অভিজিৎ দীপকে, আশুতোষ রাঙ্কা এবং সৌরভ দাসের মুক্তির নির্দেশ দিয়েছে।
এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেটের জন্য অপেক্ষা করছেন অভিজিৎ দীপকে, আশুতোষ রাঙ্কা এবং সৌরভ দাস। তাঁদের অবিলম্বে মুক্তির দাবি তুলল CJP। তাঁদের কনট প্লেসের ACM আদালতে পেশ করা হয়েছে।
তথ্য: অরিবন্দ ওঝা
আজ দিল্লিতে ৩০টি রুটে বিকল্প পথের ব্যবস্থা করা হয়েছে। সতর্কতামূলক ব্যবস্থা হিসেবে, পুলিশ কনট প্লেস এবং যন্তর মন্তরের মতো কিছু এলাকায় শনিবারের মতোই নিরাপত্তা ব্যবস্থা বজায় রেখেছে।
অভিজিৎ দীপকের মা অনীতা দীপকে জানিয়েছেন, ছেলের সঙ্গে কোনওরকম যোগাযোগ করা যায়নি। দিল্লি পুলিশ মিথ্যা বলছে বলে অভিযোগ তাঁর। মহারাষ্ট্রের হিঙ্গোলি থেকে তিনি বলেন, 'অভিজিতের ঠাকুমার শেষকৃত্য আমরা স্থগিত রেখেছি। আশা করছি ছেলে ফিরবে তারপর শেষকৃত্য হবে।'
রবিবার যন্তর মন্তরে দ্বিতীয় দিনের আন্দোলন শুরু আগেই কড়া পদক্ষেপ নিল দিল্লি পুলিশ প্রশাসন। সূত্রের খবর, যন্তর মন্তরে জমায়েতের ডাক দেওয়ার অভিযোগে অভিজিৎ দীপকে, আশুতোষ রাঙ্কা এবং সৌরভ দাসকে সতর্কতামূলক হেফাজতে নিয়েছে দিল্লি পুলিশ। তবে স্পষ্ট করা হয়েছে, ৩ জনের কাউকেউ গ্রেফতার করা হয়নি। পূর্বের CrPC-র ধাকা ১০৭/১৫১ অনুযায়ী, সতর্কতামূলক হেফাজতে রাখা হয়েছে তাঁদের। ৩ জনকে কার্যনির্বাহী ম্যাজিস্ট্রেটের সামনে পেশ করা হবে।
দিল্লিতে সেবা তীর্থ এবং সেন্ট্রাল সেক্রেটারিয়েট মেট্রো স্টেশনের কাছে নিরাপত্তা কর্মী মোতায়েন করা হয়েছে এবং ব্যারিকেড বসানো হয়েছে। ডিএমআরসি গতকাল ঘোষণা করেছে যে দিল্লি মেট্রো নেটওয়ার্কের সমস্ত মেট্রো স্টেশনের প্রবেশ ও বাহির হওয়ার গেট খুলে দেওয়া হয়েছে।
ইউটিউবার ধ্রুব রাঠিকে মধ্যরাত ৩টের সময়ে মুক্তি দেওয়া হয়। দিল্লি পুলিশ সূত্রে খবর, তিনি যন্তর মন্তরে ফের পৌঁছনোর চেষ্টা করলে তাঁর বিরুদ্ধে পুনরায় অ্যাকশন নেওয়া হতে পারে।
তথ্য: অরবিন্দ ওঝা