যন্তর মন্তর ২.০তাদের আন্দোলনের সামনে পিছু হটেছে কেন্দ্রীয় সরকার। পদত্যাগ করেছেন শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধান। এমন পরিস্থিতিতে আবার নতুন আন্দোলনের কথা ঘোষণা করেছে ককরোচ জনতা পার্টি বা সিজেপি। বুধবার তারা জানিয়েছে, খুব শীঘ্রই তারা নতুন করে আন্দোলনে নামতে চলেছে। দলের প্রতিষ্ঠাতা অভিজিৎ দিপকে এই আন্দোলনের নাম দিয়েছেন ‘যন্তর মন্তর ২.০’।
আসলে দিল্লির নারাইনায় সিজেপি-এর ভলেন্টিয়ারদের একটি বৈঠক শেষ মুহূর্তে বাতিল হয়ে যায়। তারপর নতুন কর্মসূচি ঘোষণা করা তারা। অভিজিৎ দিপকের অভিযোগ, শাসকদল বিজেপির ‘চাপের’ কারণে ব্যাঙ্কোয়েট হলের মালিক বুকিং বাতিল করে দেন।
একটি জনসভায় বক্তব্য রাখতে গিয়ে দিপকে জানান, সোশ্যাল মিডিয়ায় সিজেপি-কে সমর্থনকারীরা বারবার জানতে চাইছেন, দলের যন্তর মন্তর আন্দোলনের দ্বিতীয় পর্ব কবে শুরু হবে।
তাঁর কথায়, 'ইনস্টাগ্রামে অনেকেই কমেন্ট করে জানতে চাইছেন, যন্তর মন্তর সিজন ২ কবে শুরু হবে। আমি তাঁদের বলতে চাই, খুব শীঘ্রই যন্তর মন্তর সিজন ২ শুরু হতে চলেছে।'
ভেন্যু মালিকদের উপর ‘চাপ’ দেওয়ার অভিযোগ
দিপকের দাবি, নিজেদের বৈঠকের জন্য একটি হল বুক করা হয়েছিল। কিন্তু আয়োজকরা সেখানে পৌঁছনোর পর তাঁদের ঢুকতে দেওয়া হয়নি। তাঁর অভিযোগ, হলের মালিকদের বৈঠক করতে না দেওয়ার জন্য ‘চাপ’ দেওয়া হয়েছিল।
দিপকে বলেন, 'আজ দিল্লিতে আমাদের ভলেন্টিয়ারদের বৈঠক হওয়ার কথা ছিল। আমরা একটি হল খুঁজছিলাম, কিন্তু কেউ আমাদের হল ভাড়া দিতে চাইছিল না। সবাই বলছিল, উপরমহল থেকে চাপ রয়েছে।'
তিনি আরও অভিযোগ করেন, এলাকার আরও কয়েকটি ভেন্যুতেও সিজেপি একই ধরনের সমস্যার মুখে পড়েছে। তাঁর দাবি, শেষ পর্যন্ত যে ভেন্যুতে বৈঠক করার ব্যবস্থা হয়েছিল, তার মালিকদের উপর চাপ তৈরি করা হয়। এই সভা করতে দিলে পরিণতি ভয়াবহ হবে বলে তাঁদের হুমকি দেওয়া হয়েছিল বলে দাবি করেন তিনি।
‘দেশের যুবসমাজকে ভয় পাচ্ছে ওরা’
ভেন্যু নিয়ে এই অভিযোগের জন্য বিজেপিকে দায়ী করেছেন সিজেপি-এর প্রতিষ্ঠাতা। তাঁর দাবি, এই ধরনের কাজে ভয় পায় না দল। তারা কর্মসূচি থেকে পিছিয়ে যাবে না।
দিপকে বলেন, 'এসবই বিজেপি করছে। তাদের কাজ এবং কথাবার্তা থেকেই স্পষ্ট যে তারা দেশের যুবসমাজকে ভয় পাচ্ছে। তারা যদি মনে করে এই ধরনের ছোটখাটো পদক্ষেপ নিয়ে আমাদের ভয় দেখানো যাবে, তাহলে তারা ভুল করছে।'
তিনি আরও বলেন, 'আপনারা যতই হুমকি দিন না কেন, আমরা ভয় পেতে যাচ্ছি না।'
এই অভিযোগের বিষয়ে বিজেপির পক্ষ থেকে তাৎক্ষণিকভাবে কোনও প্রতিক্রিয়া পাওয়া যায়নি।
দেশজুড়ে ‘লিসেনিং ট্যুর’ সিজেপি-র
সিজেপি-এর প্রধান মুখপাত্র সৌরভ দাস জানিয়েছেন, দলের পরবর্তী পর্যায়ের জনসংযোগ কর্মসূচি ইতিমধ্যেই শুরু হয়ে গিয়েছে। এর আওতায় দেশজুড়ে সাধারণ মানুষের মতামত সংগ্রহ করা হবে।
সৌরভ দাস বলেন, 'সিজেপি-এর পক্ষ থেকে আমরা এবার দেশজুড়ে একটি লিসেনিং ট্যুর শুরু করতে চলেছি। সাধারণ মানুষ কী বলতে চাইছেন, আমরা তাঁদের কথা শুনব। আমরা প্রচারাভিযান চালাব...'
তিনি আরও বলেন, 'সারা দেশেই আন্দোলন হচ্ছে। অকর্মণ্য সরকার এবং অফিসারদের বিরুদ্ধে আন্দোলন চলছে।'