‘ম্যানফোর্স’-এর নির্মাতা সংস্থা জানিয়েছে, আন্তর্জাতিক বাজারে তেলের দাম আরও বাড়লে দেশে কন্ডোমের দামও বাড়তে পারে।ইরান যুদ্ধ এবং আন্তর্জাতিক বাজারে অপরিশোধিত তেলের দামের লাগাতার বৃদ্ধি। এবার এর প্রভাব এবার শুধু পেট্রোল-ডিজেলেই সীমাবদ্ধ থাকছে না। তার আঁচ পড়তে পারে কন্ডোমের বাজারেও। ভারতে জনপ্রিয় কন্ডোম ব্র্যান্ড ‘ম্যানফোর্স’-এর নির্মাতা সংস্থা জানিয়েছে, আন্তর্জাতিক বাজারে তেলের দাম আরও বাড়লে দেশে কন্ডোমের দামও বাড়তে পারে।
মধ্যপ্রাচ্যে সংঘাত শুরু হওয়ার পর থেকেই বিশ্ববাজারে ক্রুড অয়েলের দাম দ্রুত বেড়েছে। ব্রেন্ট ক্রুডের দাম ব্যারেল প্রতি ১০০ ডলার ছাড়িয়েছে। এর জেরে বিশ্ব জুড়ে কাঁচামালের খরচ বেড়ে চলেছে। সেই পরিস্থিতিতেই সতর্কবার্তা দিয়েছে ভারতের অন্যতম বড় ফার্মাসিউটিক্যাল সংস্থা ম্যানকাইন্ড ফার্মা।
সংস্থার সিইও শীতল অরোরা জানিয়েছেন, আপাতত কয়েক মাসের জন্য পর্যাপ্ত স্টক রয়েছে। তবে ইরান যুদ্ধ দীর্ঘস্থায়ী হলে এবং তেলের দাম উঁচুতেই থাকলে, ভবিষ্যতে উৎপাদন খরচ বাড়বে। সেই অতিরিক্ত চাপ শেষ পর্যন্ত ক্রেতাদের উপর পড়তে পারে।
তেলের দামের সঙ্গে কন্ডোমের কী সম্পর্ক?
অনেকেই ভাবতে পারেন, কন্ডোম তো মূলত ল্যাটেক্স দিয়ে তৈরি হয়। তা হলে তেলের দামের সঙ্গে এর সম্পর্ক কোথায়? বিশেষজ্ঞদের মতে, কন্ডোম তৈরিতে শুধু প্রাকৃতিক রাবার নয়, বিভিন্ন পেট্রোলিয়াম-নির্ভর উপাদানও ব্যবহার করা হয়।
এর মধ্যে রয়েছে রাসায়নিক পদার্থ, সিলিকন অয়েল, লুব্রিক্যান্ট এবং প্যাকেজিংয়ের উপকরণ। আন্তর্জাতিক বাজারে অপরিশোধিত তেলের দাম বাড়লে এই সব কাঁচামালের খরচও বেড়ে যায়। ফলে উৎপাদন ব্যয় বাড়ে।
বর্তমানে দেশে ১০টি ম্যানফোর্স কন্ডোমের একটি প্যাকেটের দাম প্রায় ১০০ থেকে ১৫০ টাকার মধ্যে। তবে পরিস্থিতি আরও জটিল হলে ভবিষ্যতে সেই দাম বাড়ার সম্ভাবনা উড়িয়ে দিচ্ছে না সংস্থা।
শুধু ভারত নয়, চাপ বিশ্ব জুড়েই
এই সমস্যার মুখে শুধু ভারতীয় সংস্থাগুলিই পড়েনি। মালয়েশিয়ার Karex সংস্থাও ইতিমধ্যেই কন্ডোমের দাম ২০ থেকে ৩০ শতাংশ পর্যন্ত বাড়ানোর ইঙ্গিত দিয়েছে। উল্লেখযোগ্য বিষয় হলো, এই Karex-ই বিশ্বের সবচেয়ে বড় কন্ডোম প্রস্তুতকারী সংস্থা। তারা Durex-এর মতো আন্তর্জাতিক ব্র্যান্ডকেও সরবরাহ করে।
সংস্থার দাবি, ইরান যুদ্ধের পর থেকেই সিন্থেটিক রাবার, অ্যালুমিনিয়াম ফয়েল, সিলিকন অয়েল এবং পরিবহণ খরচ ব্যাপক বেড়েছে। বিশেষ করে হরমুজ প্রণালী ঘিরে অনিশ্চয়তা বিশ্ব জুড়ে সরবরাহ ব্যবস্থায় প্রভাব ফেলছে।
কেন গুরুত্বপূর্ণ?
বিশেষজ্ঞদের মতে, কন্ডোমের দামে সামান্য বৃদ্ধিও নিম্নবিত্ত এবং গরিব মানুষের উপর বড় প্রভাব ফেলতে পারে। ভারত বিশ্বের অন্যতম বড় কন্ডোম বাজার। দেশে বছরে প্রায় ৪০০ কোটির বেশি কন্ডোম উৎপাদন হয়। সরকারি সংস্থা HLL Lifecare একাই বছরে ২২১ কোটির বেশি কন্ডোম তৈরি করে।
ইন্ডিয়ান মেডিক্যাল অ্যাসোসিয়েশনের প্রাক্তন সভাপতি রাজীব জয়দেবনের মতে, কন্ডোমের দাম বাড়লে নিয়মিত ব্যবহার কমে যেতে পারে। তার প্রভাব পড়তে পারে জনস্বাস্থ্যের উপরও। অনিচ্ছাকৃত গর্ভধারণ থেকে শুরু করে যৌনরোগ ছড়ানোর ঝুঁকি বাড়তে পারে বলে আশঙ্কা প্রকাশ করেছেন তিনি।