প্রতীকী ছবি গোটা দেশে করোনা (COVID-19) ভয়াবহ আকার ধারণ করেছে। স্বাস্থ্য দফতরের প্রকাশিত বুলেটিন অনুযায়ী, আজ সারাদেশে কোভিড আক্রান্তের সংখ্যা প্রায় ১ লক্ষ ৭৯ হাজার ছাড়িয়েছে। আতঙ্ক বাড়ছে। এই অবস্থায় বিভিন্ন রাজ্য বেশ কিছু বিধিনিষেধ কার্যকর করতে তৎপর হয়েছে। একাধিক রাজ্য ইতিমধ্যেই কারফিউ জারি করেছে। তেমনই ট্রেন (Train) চলাচলের ক্ষেত্রেও বেশ কিছু বিধিনিষেধ আরোপ করেছে তামিলনাড়ু সরকার। জানা গেছে,চেন্নাইতে যেসব ব্যক্তিদের কোভিড ১৯ এর দু'টি ভ্যাকসিনই সম্পূর্ণ হয়েছে শুধুমাত্র তাদেরই ট্রেনে ওঠার অনুমতি দিয়েছে সরকার।
তামিলনাড়ু সরকারের স্বরাষ্ট্র দফতরের জারি করা নির্দেশিকা অনুসারে চেন্নাইয়ের রেল বিভাগ ওই অঞ্চলের জন্য এই নিয়ম কার্যকর করেছে। সূত্রের খবর আজ (সোমবার) থেকে নতুন নিয়ম কার্যকর হয়েছে। রেল যাত্রীদের জন্য নতুন নির্দেশিকা সম্পর্কে তথ্য প্রদান করে দক্ষিণ রেলওয়ে বলেছে, "কোভিড -১৯ এর ক্রমবর্ধমান বৃদ্ধির কারণে, তামিলনাড়ু সরকার ৬ জানুয়ারি থেকে অনেকগুলি বিধিনিষেধ প্রয়োগ করেছে৷ এর অধীনে, শহরতলির ট্রেনগুলি মাত্র ৫০ শতাংশ যাত্রী নিয়ে চলাচল করতে পারবে।" আরও পড়ুন, করোনার লাগামহীন গতি, একদিনে আক্রান্ত ১ লক্ষ ৭৯ হাজার
সোমবার (১০ জানুয়ারি) সকাল ৪ টা থেকে ৩১ জানুয়ারি, ২০২২-এর মধ্যরাত পর্যন্ত এই নিয়ম জারি থাকবে বলে জানা গেছে। সূত্রের খবর, যাত্রীদের উভয় ডোজের সার্টিফিকেট সঙ্গে রাখতে হবে। টিকিট কাউন্টারের বৈধ আইডি- প্রুফ সহ দ্বিতীয় ডোজের সার্টিফিকেট দেখাতে হবে। এর পাশাপাশি জানা গেছে, আজ থেকে মোবাইল অ্যাপে ইউটিএস অ্যাপটি কাজ করবে না।
করোনা ভাইরাসের এই আতঙ্কের মধ্যেই রেল যাত্রীদের করোনা প্রোটোকল মেনে চলার আবেদন জানিয়েছে রাজ্য সরকার। যাত্রীদের সামাজিক দূরত্ব বজায় রাখা, মাস্ক পরা, হাত ধোয়া ইত্যাদি নিয়ম মেনে চলার জন্য অনুরোধ জানানো হয়েছে।