ছবি সৌজন্য: PTI করোনার ভ্যাকসিন (COVID-19 Vaccine) নেওয়া কি আবশ্যিক? আজ অর্থাত্ সোমবার এই প্রশ্নের উত্তর স্পষ্ট করল কেন্দ্র। সুপ্রিম কোর্টে কেন্দ্র জানাল, করোনার ভ্যাকসিন নেওয়া আবশ্যিক নয়। কোনও নাগরিক ইচ্ছে হলে টিকা না-ও নিতে পারেন।
আরও পড়ুন: Covid-19 Peak: এ মাসেই চরমে পৌঁছাবে দৈনিক কোভিড সংক্রমণ! কবে জানেন?
করোনা টিকা নেওয়া আবশ্যিক নয়
একটি জনস্বার্থ মামলায় সুপ্রিম কোর্টে কেন্দ্র জানায়, 'বর্তমান অতিমারি পরিস্থিতিতে বৃহত্তর জনস্বার্থেই করোনার ভ্যাকসিন। বিভিন্ন মাধ্যমে এই ভ্যাকসিন নেওয়ার জন্য আবেদন ও পরামর্শ দেওয়া হয়েছে, সব নাগরিকের ভ্যাকসিন নেওয়া উচিত। কিন্তু কোনও নাগরিককে টিকা নিতে জোরজবরদস্তি করা যাবে না।'
সরকার জোর করে টিকা দিতে পারে না নাগরিককে
জনস্বার্থ মামলাকারী সংস্থাটির আবেদন, বিশেষ ভাবে সক্ষম ব্যক্তিদের বাড়িতে গিয়ে টিকা দেওয়ার ব্যবস্থা করুক সরকার। শুনানিতে সুপ্রিম কোর্টকে কেন্দ্র জানায়, সরকার সংশ্লিষ্ট নাগরিকের ইচ্ছের বিরুদ্ধে জোর করে টিকা দিতে পারে না।
আরও পড়ুন: দেশে ২৪ ঘণ্টায় COVID কেস প্রায় ২ লক্ষ ৫৯ হাজার, ঝড়ের গতিতে Omicron সংক্রমণও
দেশে উদ্বেগ মৃত্যুহার নিয়ে
কেন্দ্রীয় স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রকের তথ্য অনুযায়ী, গত ২৪ ঘণ্টায় দেশে নতুন করে করোনায় আক্রান্ত ২ লক্ষ ৫৮ হাজার ৮৯ জন। রবিবারের তুলনায় প্রায় ১৩ হাজার কম। রবিবার দৈনিক আক্রান্তের সংখ্যা ছিল ২ লক্ষ ৭১ হাজার ২০২। তবে উদ্বেগ বৃদ্ধি পেয়েছে মৃত্যু হার বৃদ্ধি নিয়ে। গত ২৪ ঘণ্টায় দেশে করোনা আক্রান্ত হয়ে মৃত্যু হয়েছে ৩৮৫ জনের। পরিসংখ্যান অনুযায়ী, দৈনিক মৃত্যুর হার বাড়ল প্রায় ২০ শতাংশ। করোনা থেকে সুস্থ হয়ে উঠেছেন ১ লক্ষ ৫১ হাজার ৭৪০ জন। পজিটিভিটি রেট বেড়ে দাঁড়িয়েছে ১৯.৬৫ শতাংশ। পাশাপাশি দেশে মোট ওমিক্রন আক্রান্তের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ৮ হাজার ২৯ জন।
রাজ্যে করোনা পরিস্থিতি
রবিবার পশ্চিমবঙ্গে করোনা আক্রান্তের সংখ্যা ছিল ১৯ হাজার ৬৪। একদিনে মৃত্যু হয় ৩৯ জনের। রাজ্যে এখনও পর্যন্ত মোট আক্রান্তের সংখ্যা ১৮ লক্ষ ৯৭ হাজার ৬৯৯ জন। করোনায় মৃত্যু হয়েছে মোট ২০ হাজার ৮৮ জনের। এই মুহূর্তে রাজ্যে পজিটিভিটি রেট ২৭.৭৩ শতাংশ।