Cyclone Akvan Landfall: ওড়িশা উপকূলে আছড়ে পড়ছে ঘূর্ণিঝড় আকভান, ৩ ঘণ্টা ধরে চলবে ল্যান্ডফল, কী পরিস্থিতি?

ওড়িশা উপকূলে ল্যান্ডফল শুরু হয়ে গিয়েছে আকভানের। আগামী ৩ ঘণ্টা ধরে চলবে এই প্রক্রিয়া। এখন ঠিক কী পরিস্থিতি রয়েছে? আসুন জেনে নেওয়া যাক।

Advertisement
ওড়িশা উপকূলে আছড়ে পড়ছে ঘূর্ণিঝড় আকভান, ৩ ঘণ্টা ধরে চলবে ল্যান্ডফল, কী পরিস্থিতি?ঘূর্ণিঝড় আকভানের ল্যান্ডফল শুরু (ছবি: পিটিআই ও আইএমডি)
হাইলাইটস
  • ওড়িশা উপকূলে ল্যান্ডফল শুরু হয়ে গিয়েছে আকভানের
  • আগামী ৩ ঘণ্টা ধরে চলবে এই প্রক্রিয়া
  • এখন ঠিক কী পরিস্থিতি রয়েছে?

যেমন ভাবা হয়েছিল, হল ঠিক তেমনটাই। আজ সকালেই ঘূর্ণিঝড় আকভান আছড়ে পড়তে শুরু করেছে ওড়িশা উপকূলে। ইতিমধ্যেই এই প্রক্রিয়া শুরু হয়েছে বলে জানিয়েছে ভারতের আবহাওয়া দফতর (IMD)। আগামী প্রায় তিন ঘণ্টা ধরে এই ঘূর্ণিঝড়ের ল্যান্ডফল চলবে বলে জানান হয়েছে।

যদিও ভাল খবর হল, ইতিমধ্যেই শক্তি কমেছে আকভানের। এটি শুক্রবার সকালে শক্তিশালী ঘূর্ণিঝড় থেকে সাধারণ ঘূর্ণিঝড়ে পরিণত হয়েছে। আবহাওয়া দফতর জানিয়েছে, উত্তর অন্ধ্রপ্রদেশ ও দক্ষিণ ওড়িশা উপকূলের উপর দিয়ে গোপালপুরের কাছাকাছি আছড়ে পড়ছে এই ঘূর্ণিঝড়। এই সময় ঝড়ের গতিবেগ ঘণ্টায় ৭০-৮০ কিলোমিটার থাকতে পারে। দমকা হাওয়ার সর্বোচ্চ গতিবেগ ঘণ্টায় ৯০ কিলোমিটার পর্যন্ত পৌঁছতে পারে।

আর ঘূর্ণিঝড়ের মোকাবিলায় ইতিমধ্যেই তৈরি হয়েছে ওড়িশা। সেই মতো উপকূলের বিপজ্জনক এলাকা থেকে ৩ লক্ষেরও বেশি মানুষকে সরানো হয়েছে। মোতায়েন করা হয়েছে ৪২৩টি উদ্ধারকারী দল।

ওড়িশায় ৩ লক্ষেরও বেশি মানুষকে সরানো হয়েছে
ঘূর্ণিঝড় আকভানের মোকাবিলায় ওড়িশা একবারে রেডি। বিপজ্জনক এলাকাগুলিতে উদ্ধার ও ত্রাণ তৎপরতা বাড়িয়েছে রাজ্য সরকার।

ইতিমধ্যেই ৩ লক্ষেরও বেশি মানুষকে সরিয়ে ফেলা হয়েছে। তাঁদের ২,৫২৩টি ত্রাণশিবিরে নিয়ে যাওয়া হয়েছে। জরুরি পরিস্থিতি মোকাবিলায় মোতায়েন করা হয়েছে ৪২৩টি উদ্ধারকারী দল।

সম্ভাব্য ক্ষতিগ্রস্ত জেলাগুলিতে মোট ৯,৩৪১টি ঘূর্ণিঝড় আশ্রয়কেন্দ্র চিহ্নিত করা হয়েছে। সেখানে রান্না করা খাবার, শুকনো খাবার, পানীয় জল, প্রয়োজনীয় ওষুধ, স্যানিটারি ন্যাপকিন সহ অন্যান্য জরুরি সামগ্রীর ব্যবস্থা রাখা হয়েছে। শিশুদের জন্যও বিশেষ ব্যবস্থা রয়েছে।

ঘূর্ণিঝড় মোকাবিলার প্রস্তুতি খতিয়ে দেখেছেন মুখ্যমন্ত্রী মোহন চরণ মাঝি। তিনি জানিয়েছেন, প্রাণহানির সংখ্যা শূন্যে নামিয়ে আনাই সরকারের প্রধান লক্ষ্য।

উদ্ধার ও বিপর্যয় মোকাবিলার জন্য ওড়িশা ডিজাস্টার র‍্যাপিড অ্যাকশন ফোর্সের (ODRAF) ৬০টি দল, জাতীয় বিপর্যয় মোকাবিলা বাহিনীর (NDRF) ১৪টি দল এবং দমকল ও জরুরি পরিষেবার ১৩১টি দল প্রস্তুত রাখা হয়েছে।

উদ্ধার ও ত্রাণকাজের জন্য হেলিকপ্টার, জাহাজ সহ যাবতীয় পরিকাঠামো প্রস্তুত রাখতে ভারতীয় উপকূলরক্ষী বাহিনীকেও নির্দেশ দেওয়া হয়েছে।

Advertisement

বন্ধ স্কুল-কলেজ
বিপজ্জনক উপকূলবর্তী এলাকাগুলিতে পর্যটকদের প্রবেশ নিষিদ্ধ করেছে প্রশাসন। এর মধ্যে রয়েছে গোপালপুর, পুরী, সাতপাড়া এবং চিলকা। এই সময় মৎস্যজীবীদেরও সমুদ্রে যেতে নিষেধ করা হয়েছে।

১৮ নভেম্বর থেকেই পর্যটকদের জন্য বন্ধ করে দেওয়া হয়েছে পুরী বিচ। কোনারকের চন্দ্রভাগা এবং অস্তরঙ্গ সমুদ্রসৈকতেও বিধিনিষেধ জারি রয়েছে।

একাধিক পর্যটনকেন্দ্রও বন্ধ রাখার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। ভুবনেশ্বরের নন্দনকানন চিড়িয়াখানা এবং স্টেট বোটানিক্যাল গার্ডেন ১৯ ও ২০ নভেম্বর বন্ধ থাকবে। ভিতরকণিকা জাতীয় উদ্যান ২১ নভেম্বর পর্যন্ত এবং সিমলিপাল টাইগার রিজার্ভ ২০ ও ২১ নভেম্বর বন্ধ রাখা হবে।

গুন্ডিচা মন্দির ১৯ থেকে ২১ নভেম্বর পর্যন্ত বন্ধ থাকবে। তবে জগন্নাথ মন্দির খোলা থাকবে। সেখানে প্রতিদিনের পুজো ও আচার-অনুষ্ঠান স্বাভাবিকভাবেই চলবে।


অন্ধ্রপ্রদেশেও জারি সতর্কতা
ঘূর্ণিঝড় আকভানের জন্য সতর্ক রয়েছে অন্ধ্রপ্রদেশেও। ইতিমধ্যেই শ্রীকাকুলাম ও বিজয়নগরম জেলায় লাল সতর্কতা জারি করা হয়েছে। পার্বতীপুরম মান্যম, আল্লুরি সীতারাম রাজু এবং অনাকাপল্লি জেলায় জারি হয়েছে কমলা সতর্কতা। কাকিনাড়া জেলায় রয়েছে হলুদ সতর্কতা।

অন্ধ্রপ্রদেশ রাজ্য বিপর্যয় মোকাবিলা কর্তৃপক্ষ উত্তর অন্ধ্রের বাসিন্দাদের সতর্ক থাকার পরামর্শ দিয়েছে। কৃষকদেরও চাষের কাজ করার সময় প্রয়োজনীয় সাবধানতা অবলম্বন করতে বলা হয়েছে।

 

POST A COMMENT
Advertisement