ভারী বৃষ্টি এবং ঝোড়ো হাওয়ার অ্যালার্ট জারি করেছে আবহাওয়া দফতর। Cyclone Arnab Alert: ঘূর্ণিঝড়ে অর্ণবের কারণে বাতিল বেশ কিছু ট্রেন। অন্ধ্রপ্রদেশ ও ওড়িশা উপকূল সংলগ্ন এলাকায় ভারী বৃষ্টি এবং ঝোড়ো হাওয়ার অ্যালার্ট জারি করেছে আবহাওয়া দফতর। সেই কারণেই ২৭ ও ২৮ অক্টোবর মোট ৬৪টি ট্রেন বাতিলের সিদ্ধান্ত নিয়েছে রেল। এর মধ্যে সেকেন্দ্রাবাদ থেকে হাওড়াগামী ফলকনুমা সুপারফাস্ট এক্সপ্রেসের মতো জনপ্রিয় ট্রেনও রয়েছে। তাই এই নোটিফিকেশন বেশ গুরুত্বপূর্ণ।
কোন কোন এক্সপ্রেস ট্রেন বাতিল?
বাতিল ট্রেনের মধ্যে ৫৩টি প্যাসেঞ্জার ও লোকাল ট্রেন রয়েছে। তেলঙ্গানা, অন্ধ্রপ্রদেশ এবং ওড়িশার মধ্যে চলাচল করে এমন ১১টি এক্সপ্রেস ও স্পেশাল ট্রেনও বাতিল করা হয়েছে।
তালিকায় রয়েছে সেকেন্দ্রাবাদ-হাওড়া ফলকনুমা সুপারফাস্ট এক্সপ্রেস (১২৭০৪), সেকেন্দ্রাবাদ-ভুবনেশ্বর নিউ বিশাখা এক্সপ্রেস (১৭০১৬), হায়দরাবাদ-বিশাখাপত্তনম গোদাবরী সুপারফাস্ট এক্সপ্রেস (১২৭২৮) এবং সেকেন্দ্রাবাদ-বিশাখাপত্তনম গরিব রথ এক্সপ্রেস (১২৭৪০)। বাতিল হয়েছে লিঙ্গমপল্লী-কাকিনাডা টাউন কোকনদ সুপারফাস্ট এক্সপ্রেস (১২৭৭৬), লিঙ্গমপল্লী-কাকিনাড়া পোর্ট গৌতমী সুপারফাস্ট এক্সপ্রেস (১২৭৩৮)।
কোন কোন রুটে লোকাল ট্রেন বাতিল?
অনেকেই পশ্চিমবঙ্গেও লোকাল ট্রেন বাতিল কিনা জানতে চাইছেন। তবে রেলের তরফে আপাতত এ রাজ্যের জন্য এমন কোনও নোটিফিকেশন নেই। তবে অন্ধ্রপ্রদেশের একাধিক গুরুত্বপূর্ণ রুটে লোকাল ও প্যাসেঞ্জার ট্রেন চলাচল বন্ধ রাখা হয়েছে। বিজয়ওয়াড়া-রাজামুন্দ্রি, বিজয়ওয়াড়া-নরসাপুর, বিজয়ওয়াড়া-মাছিলিপত্তনম, মাছিলিপত্তনম-গুড়িভাড়া এবং কাকিনাডা পোর্ট-বিশাখাপত্তনম রুটে যাত্রীরা সমস্যায় পড়তে পারেন। ভীমাভরম-নিদাদাভোলু, গুন্টুর-রেপাল্লে এবং বিশাখাপত্তনম-পার্বতীপুরম রুটের একাধিক ট্রেনও বাতিলের তালিকায় রয়েছে।
পশ্চিমবঙ্গের যাত্রীদের কী করণীয়?
ঘূর্ণিঝড়ের প্রভাব সরাসরি বাংলার উপর পড়ার আশঙ্কা নেই। তবে দক্ষিণ ভারত থেকে হাওড়ায় ফেরার যাত্রীরা সমস্যায় পড়তে পারেন। তাই স্টেশনে যাওয়ার আগে NTES অ্যাপ, রেলের সরকারি ওয়েবসাইট বা ১৩৯ নম্বর থেকে ট্রেনের খবর জেনে নিন।