
স্যাটেলাইট ছবিতে ধরা পড়ল দানবীয় মেঘঘূর্ণিঝড় 'অর্ণব' দুর্বল হয়ে গেলেও তার প্রভাবে ভারী বৃষ্টি ইতিমধ্যেই শুরু হয়ে গিয়েছে। শুধু অন্ধ্রপ্রদেশের উপকূলেই নয়, বৃষ্টির দানবীয় মেঘে ঢেকে গিয়েছে ভারতের একটি বড় অংশের আকাশ। IMD-র স্যাটেলাইট চিত্রে বোঝা যাচ্ছে, কত বৃষ্টি এখনও অপেক্ষা করছে।
ল্যান্ডফলের পরে অর্ণব দুর্বল হলেও গভীর নিম্নচাপে পরিণত হয়েছে। যার নির্যাস, একাধিক রাজ্যে ভারী থেকে অতি ভারী বৃষ্টির আশঙ্কা রয়েছে। IMD জানাচ্ছে, অতি প্রবল ঘূর্ণিঝড় অর্ণব শক্তি হারিয়ে এখন গভীর নিম্নচাপের রূপ নিয়েছে। গত ছয় ঘণ্টায় ঘণ্টায় প্রায় ২২ কিলোমিটার গতিতে উত্তর দিকে অগ্রসর হয়েছে নিম্নচাপটি।
আজ সন্ধ্যায় গভীর নিম্নচাপে পরিণত হচ্ছে অর্ণব
আজ অর্থাত্ ২৯ অক্টোবরের ভোর সাড়ে ৫টার বুলেটিন অনুযায়ী, দক্ষিণ ছত্তীশগড় ও দক্ষিণ ওড়িশায় বিরাজ করছে গভীর নিম্নচাপ। নিম্নচাপটি ছত্তীশগড়ের জগদলপুরের প্রায় ২০ কিলোমিটার পশ্চিমে অবস্থান করছিল। এ ছাড়া ওড়িশার তিতলাগড় থেকে ২১০ কিলোমিটার দক্ষিণ-পশ্চিমে এবং রায়পুর থেকে ২৫০ কিলোমিটার দক্ষিণে ছিল সেটি।

দিল্লির মৌসম ভবনের পূর্বাভাস অনুযায়ী, নিম্নচাপটি উত্তর দিকে এগিয়ে যেতে থাকবে। ২৯ অক্টোবর সন্ধ্যার মধ্যে আরও শক্তি হারিয়ে সেটি সুস্পষ্ট নিম্নচাপ অঞ্চলে পরিণত হতে পারে। পরিস্থিতির উপর নজর রাখতে রায়পুর ও সম্বলপুরের ডপলার আবহাওয়া রাডারের মাধ্যমে নিয়মিত পর্যবেক্ষণ চালানো হচ্ছে।
স্যাটেলাইটে ধরা পড়ল ঘূর্ণিঝড়ের জেরে দানবীয় মেঘ
স্যাটেলাইট ছবিতে দেখা যাচ্ছে, পূর্ব ও মধ্য ভারত থেকে দেশের উত্তরাংশ পর্যন্ত বিস্তৃত মেঘের ছবি থেকে স্পষ্ট, উপকূল অতিক্রম করার পরেও দীর্ঘ সময় ধরে ঘূর্ণিঝড়ের প্রভাব বজায় থাকতে পারে। ছবিতে আরও দেখা যাচ্ছে, ঘূর্ণিঝড়টি স্থলভাগের আরও ভিতরে প্রবেশ করলেও এর বায়ুপ্রবাহের ঘূর্ণন মেঘে জলীয় বাষ্প সরবরাহ করছে। এর ফলে ঘূর্ণিঝড়টি যে স্থানে উপকূল অতিক্রম করেছে, তার থেকে অনেক দূরের এলাকাতেও বৃষ্টিপাত হতে পারে।

একাধিক রাজ্যে ভারী দুর্যোগের সম্ভাবনা
IMD সতর্ক করেছে, ভারী থেকে অতিভারী বৃষ্টি হতে পারে মধ্য, পূর্ব ও উত্তর ভারতের কিছু অংশে। সবচেয়ে বেশি বৃষ্টি হতে পারে ছত্তীশগড়ে। সে রাজ্যে অতিভারী থেকে অত্যন্ত ভারী বৃষ্টির পূর্বাভাস রয়েছে। এছাড়াও প্রবল বৃষ্টি হতে পারে ঝাড়খণ্ডেও বিচ্ছিন্ন এলাকায়। ভারী বৃষ্টির পূর্বাভাস রয়েছে পশ্চিমবঙ্গ, ওড়িশার প্রত্যন্ত এলাকা ও পূর্ব বিধর্ভ। আজ ও ৩০ অক্টোবর পশ্চিমবঙ্গে হিমালয় সংলগ্ন এলাকা অর্থাত্ উত্তরবঙ্গ ও সিকিমে ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে।