অপ্রকাশিত বই নিয়ে বিতর্কদেশের প্রাক্তন সেনাপ্রধান জেনারেল (অবসরপ্রাপ্ত) এম.এম নারাভানের লেখা অপ্রকাশিত বইয়ের সোশ্যাল মিডিয়ায় প্রচারের অভিযোগে FIR করেছে দিল্লি পুলিশ। সোমবার এই নিয়ে বিবৃতি জারি করেছে পুলিশ।
দিল্লি পুলিশের তরফে জারি করা বিবৃতিতে জানানো হয়েছে, সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্ম এবং অনলাইন নিউজ ফোরামে তথ্য প্রকাশিত হয়েছে, 'ফোর স্টারস অফ ডেসটিনি' শিরোনামের বইটির প্রি-প্রিন্ট কপিগুলি প্রয়োজনীয় অনুমোদন ছাড়াই প্রচার করা হচ্ছে। যা আইনত অপরাধ।
পুলিশের দাবি, ওই বইটি প্রকাশের জন্য প্রয়োজনীয় অনুমতি নেওয়া হয়নি সংশ্লিষ্ট কর্তৃপক্ষের থেকে। একটি টাইপসেট বইয়ের পিডিএফ কপি কিছু ওয়েবসাইটে পাওয়া গেছে। যা পেঙ্গুইন র্যান্ডম হাউস ইন্ডিয়া প্রাইভেট লিমিটেড দ্বারা প্রকাশিত বলে অভিযোগ। বইটির প্রচ্ছদ কয়েকটি অনলাইন সাইটেও দেখানো হয়েছিল বলে অভিযোগ।
দিল্লি পুলিশ জানিয়েছে, এই বইয়ের লেখা ফাঁস বা নিয়ম লঙ্ঘনের তদন্তের জন্য মামলা দায়ের করা হয়েছে। তবে তা এখনও অনুমোদিত হয়নি। তদন্ত শুরু করা হয়েছে। জেনারেল নারাভানের অপ্রকাশিত বই সম্পর্কিত এই তথ্য কীভাবে প্রকাশ্যে এল তার তদন্ত চলছে।
প্রসঙ্গত, ‘ফোর স্টারস অফ ডেসটিনি’ হল জেনারেল নারাভানের ভারতীয় সেনাবাহিনীতে প্রায় চার দশকের চাকরির ঘটনাবলী নিয়ে লেখা একটি স্মৃতিকথা। বইটিতে তাঁর কর্মজীবনের গুরুত্বপূর্ণ মুহূর্তগুলোর বর্ণনা আছে। যার মধ্যে ১৯৬২ সালের সংঘাতের পর চিনের সঙ্গে ভারতের সবচেয়ে গুরুতর সামরিক অচলাবস্থাও অন্তর্ভুক্ত রয়েছে।
গত সপ্তাহে এই বইটিকে ঘিরে সংসদ উত্তাল হয়ে ওঠে। কংগ্রেস নেতা রাহুল গান্ধী বইটির একটা অংশ পড়তে যান। তাতে আপত্তি জানান, বিজেপি সাংসদরা। তা নিয়ে তুমুল শোরগোল হয়।
কংগ্রেস নেতা রাহুল গান্ধী সোমবার দাবি করেন, প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী রাষ্ট্রপতির ভাষণের উপর ধন্যবাদ প্রস্তাবের আলোচনার জবাব দিতে লোকসভায় উপস্থিত হননি। কারণ তিনি প্রাক্তন সেনাপ্রধান নারাভানের বই নিয়ে প্রশ্নের মুখে পড়তে পারেন, এই সম্ভাবনায় ভীত ছিলেন।