DUSU 2026: দিল্লি বিশ্ববিদ্যালয়ে জয়জয়কার এবিভিপির, কত ভোট পেল গেরুয়া ছাত্র সংগঠন?

দিল্লি বিশ্ববিদ্যালয় ছাত্র সংসদ নির্বাচনে চারটি কেন্দ্রীয় পদের মধ্যে তিনটিই দখল করল ABVP। ২০২৫-২৬ সালের ফলের পুনরাবৃত্তি হল।

Advertisement
দিল্লি বিশ্ববিদ্যালয়ে জয়জয়কার এবিভিপির, কত ভোট পেল গেরুয়া ছাত্র সংগঠন?দিল্লি বিশ্ববিদ্যালয়ের ছাত্র ভোটে জয়জয়কার এবিভিপির।
হাইলাইটস
  • সভাপতি পদে জয়ী হয়েছেন ABVP-র প্রার্থী যশ ডাবাস।
  • সহ-সভাপতি পদে জয় পেয়েছেন NSUI-র বিদ্রোহী প্রার্থী তথা নির্দল দীপাংশু শৌকিন।

দিল্লি বিশ্ববিদ্যালয় ছাত্র সংসদ (DUSU) নির্বাচনে গেরুয়া ঝড়। শনিবার সকাল ৮টা থেকে নর্থ ক্যাম্পাসের ইউনিভার্সিটি স্পোর্টস স্টেডিয়ামের মাল্টিপারপাস হলে চারটি কেন্দ্রীয় পদের ভোটগণনা শুরু হয়। গণনা শেষে দেখা গেল, চারটি গুরুত্বপূর্ণ পদের মধ্যে তিনটিই দখল করেছে সঙ্ঘের ছাত্র সংগঠন এবিভিপি (ABVP)। সচিব পদে রিয়া ছাবড়ি এবং যুগ্ম সচিব পদে লক্ষ্য রাজ সিং জয়ী হয়েছেন। অন্যদিকে, সহ-সভাপতি পদে জয় পেয়েছেন নির্দল প্রার্থী দীপাংশু শৌকিন।

সভাপতি পদে এবিভিপির যশ ডাবাস এবং এনএসইউআইয়ের বিজয় শঙ্কর মীনার মধ্যে হাড্ডাহাড্ডি লড়াই চলে। ভোটগণনার প্রতিটি রাউন্ডে দু'জনের মধ্যে ব্যবধান বদলেছে। শেষ পর্যন্ত সভাপতি পদে জয়ী হয়েছেন যশ।
যশের পাশাপাশি এবিভিপি প্যানেল থেকে সচিব পদে রিয়া ছাবড়ি এবং যুগ্ম সচিব পদে লক্ষ্য রাজ সিং জয় পেয়েছেন। ফলে DUSU-র কেন্দ্রীয় প্যানেলের চারটি পদের মধ্যে তিনটিই গেল গেরুয়া ছাত্র সংগঠনের দখলে।

সহ-সভাপতি পদে জয় পেয়েছেন নির্দল প্রার্থী দীপাংশু শৌকিন। ভোটগণনার সময় থেকেই তিনি ধারাবাহিকভাবে এগিয়ে ছিলেন। শেষপর্যন্ত সেই ব্যবধান ধরে রেখে সহ-সভাপতি পদ নিজের দখলে নেন তিনি।

৪ পদে জয়ীরা

সভাপতি: যশ ডাবাস (ABVP)
সহ-সভাপতি: দীপাংশু শৌকিন (নির্দল)
সচিব: রিয়া ছাবড়ি (ABVP)
যুগ্ম সচিব: লক্ষ্য রাজ সিং (ABVP)

কারা কত ভোট পেল?

২০ রাউন্ডের ভোটগণনা শেষে সভাপতি পদে যশ ডাবাস পেয়েছেন ২৪,৫৭৬ ভোট। তাঁর নিকটতম প্রতিদ্বন্দ্বী NSUI-র বিজয় মীনার ঝুলিতে ভোট পড়েছে ২২,৫২৩।

সহ-সভাপতি পদে নির্দল প্রার্থী দীপাংশু শৌকিন পেয়েছেন ৩০,৬১৫ ভোট। এই পদে ABVP-র ইশু মৌর্য পেয়েছেন ১৬,৯১০ ভোট, আর NSUI-র ভির চত্রথের ঝুলিতে এসেছে ৪,৩১৩ ভোট।

সচিব পদে ABVP-র রিয়া ছাবড়ি পেয়েছেন ২১,৬৫০ ভোট। NSUI-র নম্রতা চৌধরী পেয়েছেন ১৪,৮৬৯ ভোট।

যুগ্ম সচিব পদে ABVP-র লক্ষ্য রাজ সিং পেয়েছেন ১৬,৬৪১ ভোট। নির্দল প্রার্থী বিশেষ যাদব পেয়েছেন ১৫,৭৭৮ ভোট। NSUI-র গোপাল চৌধরীর ভোট ১৫,১০৬।

Advertisement

কড়া নিরাপত্তায় ভোটগণনা

DUSU নির্বাচনের ভোটগণনা শনিবার সকাল ৮টা থেকে শুরু হয়েছিল। দিল্লি বিশ্ববিদ্যালয় চত্বরে দু'হাজারের বেশি পুলিশ এবং আধাসামরিক বাহিনীর জওয়ান মোতায়েন করা হয়েছিল। ভোটগণনা কেন্দ্রের আশপাশে নিরাপত্তা বাড়ানোর পাশাপাশি গুরুত্বপূর্ণ রাস্তাগুলিতেও বিধিনিষেধ জারি করা হয়। নির্বাচন এবং ভোটগণনা শান্তিপূর্ণভাবে সম্পন্ন করতে দিল্লি পুলিশ ও বিশ্ববিদ্যালয় প্রশাসনের তরফে ক্যাম্পাসে কড়া নিরাপত্তার ব্যবস্থা করা হয়েছিল। ক্যাম্পাসের বিভিন্ন জায়গায় ব্যারিকেড বসানো হয়। বৈধ পরিচয়পত্র ছাড়া কোনও পড়ুয়াকেই কলেজ চত্বরে ঢুকতে দেওয়া হয়নি।

POST A COMMENT
Advertisement