Delimitation Bill 2026: লোকসভা, বিধানসভায় ঠিক কতগুলি আসন বাড়ানো হবে? সহজ ভাষায় বুঝুন

লোকসভা ও বিধানসভায় বাড়কেন্দ্রের নতুন বিলের প্রস্তাবে লোকসভায় আসন ৮৫০ এবং বিধানসভায় সর্বোচ্চ আসন ৬৫০ হতে পারে। মহিলা সংরক্ষণ, ডিলিমিটেশন ও আসন বৃদ্ধির নিয়ম সহজ ভাষায় বুঝুন।

Advertisement
লোকসভা, বিধানসভায় ঠিক কতগুলি আসন বাড়ানো হবে? সহজ ভাষায় বুঝুন মহিলা সংরক্ষণ, ডিলিমিটেশন ও আসন বৃদ্ধির নিয়ম সহজ ভাষায় বুঝুন।
হাইলাইটস
  • দেশের ভোটের নিয়মে বড় বদল আনতে চাইছে কেন্দ্রীয় সরকার।
  • লোকসভা এবং রাজ্যগুলির বিধানসভায় আসন বাড়ানোর প্রস্তাব দেওয়া হয়েছে।
  • প্রস্তাব কার্যকর করতে সংসদে সংবিধান সংশোধনী বিল আনার কথা।

দেশের ভোটের নিয়মে বড় বদল আনতে চাইছে কেন্দ্রীয় সরকার। লোকসভা এবং রাজ্যগুলির বিধানসভায় আসন বাড়ানোর প্রস্তাব দেওয়া হয়েছে। বর্তমান আসনের তুলনায় আসন ৫০ শতাংশ বেশি হতে পারে। একই সঙ্গে মহিলাদের জন্য এক-তৃতীয়াংশ আসন সংরক্ষণের কথাও বলা হয়েছে। এই প্রস্তাব কার্যকর করতে সংসদে সংবিধান সংশোধনী বিল আনার কথা।

প্রস্তাবিত বিলের নাম সংবিধান (১৩২তম সংশোধন) বিল, ২০২৬। সোমবার লোকসভায় এই বিল পেশ করার কথা। বলাই বাহুল্য বিলটি এখনও আইনে পরিণত হয়নি।

লোকসভায় কত আসন হতে পারে?
বর্তমানে লোকসভায় সর্বোচ্চ ৫৫০ জন সদস্য থাকার নিয়ম রয়েছে। কেন্দ্রের প্রস্তাব, এই সংখ্যা বাড়িয়ে ৮৫০ করা হবে। এর মধ্যে ৮১৫ জন সদস্য আসবেন রাজ্যগুলি থেকে। বাকি ৩৫ জন আসবেন কেন্দ্রশাসিত অঞ্চলগুলি থেকে।

সহজ ভাষায়, লোকসভায় আসন অনেকটাই বাড়তে পারে। তবে কোন রাজ্যে কত আসন হবে, তা এখনও জানানো হয়নি।

বিধানসভাতেও আসন বাড়বে
রাজ্যগুলির বিধানসভাতেও আসন বাড়ানোর প্রস্তাব রয়েছে। বর্তমানে একটি রাজ্যের বিধানসভায় সর্বোচ্চ ৫০০ জন সদস্য থাকতে পারেন। নতুন প্রস্তাবে এই সংখ্যা বেড়ে ৬৫০ হতে পারে।

প্রতিটি রাজ্যে বর্তমানে যতগুলি আসন রয়েছে, তার সঙ্গে আরও ৫০ শতাংশ আসন যোগ করার কথা বলা হয়েছে। তবে রাজ্যভিত্তিক আসনের ফাইনাল সংখ্যা এখনও স্পষ্ট নয়।

আসন পুনর্বিন্যাস কী?
এই বিলের সঙ্গে জড়িয়ে রয়েছে আসন পুনর্বিন্যাস বা ডিলিমিটেশন। সহজ ভাষায়, ডিলিমিটেশন মানে ভোটের এলাকার সীমানা নতুন করে ঠিক করা। কোন এলাকায় কত মানুষ থাকেন, তার ভিত্তিতে আসনের সীমানা ও সংখ্যা ঠিক করা হয়।

এই কাজের জন্য একটি কমিশন গঠন করা হবে। কমিশন নতুন করে লোকসভা ও বিধানসভার আসনের সীমানা ঠিক করবে। নতুন আসন বণ্টন ২০৫১ সাল পর্যন্ত কার্যকর রাখার প্রস্তাব রয়েছে।

মহিলাদের জন্য কী সুবিধা?
এই বিলের অন্যতম বড় লক্ষ্য মহিলাদের জন্য এক-তৃতীয়াংশ আসন সংরক্ষণ। অর্থাৎ লোকসভা ও বিধানসভায় প্রায় ৩৩ শতাংশ আসন মহিলাদের জন্য রাখা হবে।

Advertisement

এই সংরক্ষণের মধ্যে তফসিলি জাতি এবং তফসিলি জনজাতির মহিলারাও থাকবেন। অর্থাৎ তাঁদের জন্য সংরক্ষিত আসনের মধ্যেও মহিলাদের শেয়ার থাকবে।

২০২৩ সালে সংসদে পাশ হয়েছিল মহিলা সংরক্ষণ আইন। এর নাম ‘নারী শক্তি বন্দন অধিনিয়ম’। সেই আইনেও লোকসভা ও বিধানসভায় মহিলাদের জন্য এক-তৃতীয়াংশ আসন সংরক্ষণের কথা বলা হয়েছিল। তবে তা কার্যকর করার জন্য আসন পুনর্বিন্যাসের প্রয়োজন রয়েছে। নতুন বিলের মাধ্যমে সেই প্রক্রিয়া দ্রুত করার প্রস্তাব দেওয়া হয়েছে।

কবে থেকে মহিলা সংরক্ষণ চালু হবে?
প্রস্তাব অনুযায়ী, নতুন সংশোধনী কার্যকর হওয়ার পর প্রথম আসন পুনর্বিন্যাস শেষ হলে মহিলা সংরক্ষণ চালু হবে। অর্থাৎ নতুন করে আসনের সীমানা ঠিক হওয়ার পরই এই নিয়ম কার্যকর হতে পারে।

মহিলাদের জন্য এই সংরক্ষণ ১৫ বছর চালু রাখার কথা বলা হয়েছে। ২০২৩ সালের মহিলা সংরক্ষণ আইন কার্যকর হওয়ার দিন থেকে ১৫ বছরের হিসাব শুরু হবে। তবে সংসদ চাইলে আইন করে এই সময় আরও বাড়াতে পারবে।

কোন জনগণনার তথ্য ব্যবহার হবে?
আসন পুনর্বিন্যাসের জন্য কোন বছরের জনগণনার তথ্য ব্যবহার করা হবে, তা এখনও স্পষ্ট নয়। বিলে ২০২১ বা ২০২৭ সালের জনগণনার কথা আলাদা করে বলা হয়নি।

বলা হয়েছে, সংশোধনী কার্যকর হওয়ার সময় যে জনগণনার সর্বশেষ তথ্য প্রকাশিত থাকবে, সেটিই ব্যবহার করা হবে। সেই তথ্যের ভিত্তিতে আসনের সীমানা নতুন করে ঠিক করা হবে।

এরপর কী হবে?
সোমবার লোকসভায় বিলটি পেশ করার কথা। তার পর সংসদে আলোচনা ও অনুমোদনের প্রক্রিয়া চলবে। কোন রাজ্যে কত আসন বাড়বে, কোন এলাকার সীমানা বদলাবে, তা এখনও জানা যায়নি।  

POST A COMMENT
Advertisement