Delimitation Commission এ Gyanesh kumar? লোকসভা কেন্দ্রের চরিত্র বদলের অভিযোগের পুরো কাহিনি

ডিলিমিটেশন নিয়ে বিতর্ক এখন আর শুধু লোকসভার আসন সংখ্যা বাড়ানোর মধ্যে সীমাবদ্ধ নেই। নতুন নির্বাচনী কেন্দ্রগুলির সীমানা কে নির্ধারণ করবে এবং সেই প্রক্রিয়ার নিরপেক্ষতা কীভাবে নিশ্চিত করা হবে, তা নিয়েও প্রশ্ন উঠছে। বিজেপি কমিশনের স্বাধীনতার কথা বলছে। অন্যদিকে কমিশনের গঠন ও সদস্য নিয়োগের পদ্ধতি নিয়ে আপত্তি তুলছে বিরোধীরা।

Advertisement
Delimitation Commission এ Gyanesh kumar? লোকসভা কেন্দ্রের চরিত্র বদলের অভিযোগের পুরো কাহিনিসীমানা পুনর্বিন্যাস কমিশন নিয়ে পুরো কাহিনি
হাইলাইটস
  • বিরোধীদের প্রশ্নের মুুখে আসন পুনর্বিন্যাস।
  • পাল্টা জবাব বিজেপির।

লোকসভায় আসন সংখ্যা বাড়ানোর প্রস্তুতি নিচ্ছে কেন্দ্রীয় সরকার। নতুন ডিলিমিটেশন বিল অনুযায়ী, লোকসভা ও বিধানসভার আসন সংখ্যা সর্বোচ্চ ৫০ শতাংশ পর্যন্ত বাড়ানো হতে পারে। কেন্দ্রের দাবি, এর ফলে জনপ্রতিনিধিত্ব বাড়বে। প্রশস্ত হবে মহিলাদের জন্য ৩৩ শতাংশ আসন সংরক্ষণের পথও। কিন্তু সরকারের এই প্রস্তাবের মধ্যে অন্য আশঙ্কা দেখছে বিরোধীরা। তাদের আপত্তি শুধু আসন সংখ্যা বৃদ্ধি নিয়ে নয়, বরং সেই আসনগুলির সীমানা নির্ধারণের দায়িত্বে থাকা ডিলিমিটেশন কমিশনকে ঘিরেও। রাহুল গান্ধী থেকে পি চিদম্বরমের মতো বিরোধী নেতাদের অভিযোগ, এই কমিশনের মাধ্যমে নির্বাচনী কেন্দ্রগুলির সীমানা এমনভাবে পুনর্বিন্যাস করা হতে পারে, যাতে রাজনৈতিক সুবিধা পায় বিজেপি। যদিও বিরোধীদের এই অভিযোগ খারিজ করেছে বিজেপি। প্রশ্ন হল, ডিলিমিটেশন বিলের চেয়েও ডিলিমিটেশন কমিশনকে ঘিরে বিতর্ক কেন বেশি? চলুন বোঝা যাক সহজ ভাষায়।

প্রথমে বিরোধীদের আশঙ্কার কথা জানা যাক। নতুন আসন তৈরি করতে গেলে বর্তমান নির্বাচনী কেন্দ্রগুলির সীমানাও নতুন করে নির্ধারণ করতে হবে। আর সেই দায়িত্ব পালন করবে ডিলিমিটেশন কমিশন। এই কমিশনে থাকবেন সুপ্রিম কোর্টের বর্তমান বা প্রাক্তন বিচারপতি, মুখ্য নির্বাচন কমিশনার বা তাঁর মনোনীত নির্বাচন কমিশনার এবং সংশ্লিষ্ট রাজ্যের রাজ্য নির্বাচন কমিশনার। কমিশনের চেয়ারম্যান নিয়োগ করবে কেন্দ্রীয় সরকার। সাংসদ ও বিধায়কদের সহযোগী সদস্য হিসেবেও রাখা যেতে পারে। তবে তাঁদের ভোটাধিকার থাকবে না।
বিরোধীদের প্রশ্ন, দেশের নির্বাচনী মানচিত্র বদলে দেওয়ার মতো গুরুত্বপূর্ণ দায়িত্ব যখন এই কমিশনের হাতে থাকবে, তখন তার নিরপেক্ষতা কীভাবে নিশ্চিত করা হবে?

বিতর্ক ঠিক কোথায়? 

এই বিতর্কের মধ্যেই উঠে আসছে একটি বিশেষ শব্দ গেরিম্যান্ডারিং (Gerrymandering)। এই শব্দের অর্থ হল, কোনও নির্দিষ্ট রাজনৈতিক দলকে নির্বাচনে সুবিধা পাইয়ে দিতে নির্বাচনী কেন্দ্রগুলির সীমানা পরিকল্পিতভাবে পুনর্বিন্যাস করা। উদাহরণ হিসেবে বলা যায়, কোনও এলাকায় একটি দলের সমর্থকের সংখ্যা অনেক বেশি। সেই এলাকার ভোটারদের ভাগ করে দিলে তাঁদের ভোটের প্রভাব কমে যেতে পারে। ভোটাররা নিজেদের জায়গাতেই থাকবেন, কিন্তু নির্বাচনী কেন্দ্রের সীমানা বদলে যাওয়ায় ভোটের ফলে তাঁদের আর গুরুত্ব থাকবে না।

Advertisement

অসমের উদাহরণ বিরোধীদের

বিরোধীরা নিজেদের অভিযোগের সমর্থনে ২০২৩ সালে অসমের ডিলিমিটেশন প্রক্রিয়ার উদাহরণ তুলে ধরছে। লোকসভা কেন্দ্রের সীমানা কীভাবে বদলে দেওয়া হতে পারে, তার একটি উদাহরণ তুলে ধরেছেন তথ্য বিশ্লেষক কার্তিক শশীধর। ২০২৩ সালে সীমানা পুনর্বিন্যাস করা হয় অসমে। সে রাজ্যের ১২৬টি বিধানসভা কেন্দ্রের কোনও পরিবর্তন হয়নি। তবে মুসলিম সংখ্যাগরিষ্ঠ কেন্দ্রের আনুমানিক সংখ্যা ৩৫ থেকে কমে ২২ থেকে ২৪ দাঁড়ায়। তবে শশীধরের গবেষণায় কেন্দ্রগুলির সীমানার অসঙ্গতি উঠে এলেও, তা যে ইচ্ছাকৃতভাবে রাজনৈতিক স্বার্থে কেন্দ্রের সীমানা বদল করা হয়েছিল, এমন সিদ্ধান্তে পৌঁছনো যায় না।

জ্ঞানেশকে নিয়ে প্রশ্ন রাহুলের

এক্সে রাহুল গান্ধী লিখেছেন,'বিষয়টি শুধু কয়েকটি আসন বাড়ানোর নয়। প্রতিটি নির্বাচনী কেন্দ্রের সীমানাই নতুন করে নির্ধারণ করা হবে। আর সেই কাজ করবে কারা? সীমানা পুনর্বিন্যাস কমিশন। সেই কমিশনে থাকবেন জ্ঞানেশ কুমার, যাঁর বিরুদ্ধে বিজেপিকে ভোট চুরিতে সাহায্য করার অভিযোগ। ভারতে গণতন্ত্রের মৃত্যু ঘটবে'।

বিজেপির ব্যাখ্যা

বিজেপির বক্তব্য, বিরোধীদের সমস্ত অভিযোগ খারিজ করেছে শাসকদল বিজেপি। কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহের দাবি, এই প্রস্তাবের ফলে জনপ্রতিনিধিত্ব বাড়বে। মহিলারা রাজনীতিতে অংশগ্রহণের আরও বেশি সুযোগ পাবেন। বিজেপি সাংসদ তেজস্বী সূর্যের কথায়,'স্বাধীন কমিশনের নেতৃত্বে থাকেন সুপ্রিম কোর্টের প্রাক্তন বিচারপতি। অতীতে যে ডিলিমিটেশন প্রক্রিয়া হয়েছিল, তাকেও কি গেরিম্যান্ডারিং বলে মনে করে কংগ্রেস?

সবমিলিয়ে সংসদে এই বিষয়ে শেষপর্যন্ত কী সমাধানসূত্র বের হয়, এখন সেটাই দেখার।.

POST A COMMENT
Advertisement