ভারত এগ্রিকালচার কনফারেন্সে মোদী দেশের কৃষিক্ষেত্রের উন্নয়ন ছাড়া 'বিকশিত ভারত' গড়ে তোলা সম্ভব নয়। তার জন্য কৃষিকে আরও স্মার্ট করে তোলা এবং কৃষকদের ক্ষমতায়ন জরুরি। ইন্ডিয়া টুডে গ্রুপের 'ভারত এগ্রিকালচার কনফারেন্স ২০২৬'-এ বক্তব্য রাখতে গিয়ে এই মন্তব্য করলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। কৃষক, কৃষিবিজ্ঞানী এবং কৃষি উদ্যোগপতিদের উদ্দেশে ভাষণ দিতে গিয়ে তিনি বলেন, গত এক দশকে ভারতে কৃষিক্ষেত্রের বৃদ্ধির হার ৪ শতাংশেরও বেশি থেকেছে। স্বাধীনতার পর এই প্রথম কোনও দশকে দেশের কৃষিক্ষেত্র গড়ে ৪ শতাংশের বেশি বৃদ্ধির হার অর্জন করেছে বলেও দাবি করেন প্রধানমন্ত্রী।
প্রধানমন্ত্রী বলেন, বিকশিত ভারতের জন্য লালকেল্লা থেকে তিনি যে 'শক্তির সপ্তধারা'-র কথা বলেছিলেন, তার অন্যতম গুরুত্বপূর্ণ স্তম্ভ হল কৃষি। কৃষির উন্নয়ন, আধুনিকীকরণ এবং কৃষকদের শক্তিশালী করে তোলা ছাড়া দেশের সামগ্রিক উন্নয়ন সম্ভব নয়। সেই কারণেই কৃষকদের নিয়ে এই ধরনের সম্মেলনের গুরুত্ব অনেক বেশি।
কৃষি শুধু জীবিকা নয়, সংস্কৃতি ও ঐতিহ্যের ভিত্তি
ভারতের সংস্কৃতি, ঐতিহ্য এবং সামাজিক জীবনের সঙ্গে কৃষির গভীর সম্পর্ক রয়েছে বলে উল্লেখ করেন প্রধানমন্ত্রী। তাঁর কথায়, দেশের অধিকাংশ উৎসবের সঙ্গেই কৃষিজীবনের যোগ রয়েছে। বর্তমানে দেশে উৎসবের আবহ। কয়েক দিন আগে দীপাবলি উদযাপিত হয়েছে। এবার ছট মহাপর্বের আবহে মেতে উঠেছে দেশ। ছট উৎসবের সঙ্গে কৃষিজীবনের গভীর সম্পর্ক রয়েছে।
এ ছাড়াও বিহু, পঙ্গল, ওনাম, বৈশাখী, সরহুল এবং পোয়ালার মতো বিভিন্ন উৎসবের উদাহরণ দেন তিনি। মোদীর বক্তব্য, কৃষি শুধু মানুষের জীবিকা নির্বাহের মাধ্যম নয়, বরং দেশের সংস্কৃতি, ঐতিহ্য এবং সামাজিক জীবনের অন্যতম ভিত্তি।
১২-১৩ বছরে দারিদ্র্য জয় ৫০ কোটি মানুষের!
দেশের কৃষিক্ষেত্রের অগ্রগতির পাশাপাশি দারিদ্র্য কমার বিষয়টিও তুলে ধরেন প্রধানমন্ত্রী। বিশ্বব্যাঙ্কের একটি সমীক্ষার উল্লেখ করে তিনি দাবি করেন, গত ১২-১৩ বছরে ভারতের ৫০ কোটি দরিদ্র মানুষ দারিদ্র্যকে জয় করেছেন। ওই সমীক্ষায় গ্রামীণ এলাকায় দারিদ্র্য দ্রুত কমার কথাও উঠে এসেছে বলে জানান তিনি।
প্রধানমন্ত্রীর বক্তব্য, এর অর্থ গ্রামের বহু প্রান্তিক কৃষক এবং কৃষিশ্রমিক দারিদ্র্য থেকে বেরিয়ে আসতে পেরেছেন। গত এক দশকে কৃষিক্ষেত্রের গড় বৃদ্ধির হার ৪ শতাংশের বেশি থাকা এবং গ্রামীণ দারিদ্র্য কমার বিষয়টি দেশের অর্থনীতির ক্ষেত্রে গুরুত্বপূর্ণ অগ্রগতি। তবে তাঁর অভিযোগ, খবরের বিভিন্ন অ্যাঙ্গেল এবং নির্দিষ্ট এজেন্ডা নিয়ে ব্যস্ত থাকা ব্যক্তিরা দেশের এই সাফল্যগুলি দেখতে পান না।
শুধু খাদ্যশস্যের ভাণ্ডার ভরলেই হবে না, কৃষকদের কী লাভ হল?
কৃষিনীতি এবং কৃষিকাজের পদ্ধতিতে সময়ের সঙ্গে পরিবর্তন আনার প্রয়োজনীয়তার কথাও বলেন প্রধানমন্ত্রী। তাঁর বক্তব্য, কৃষিকাজের সঙ্গে যুক্ত ব্যক্তি এবং কৃষিবিশেষজ্ঞরা জানেন, কৃষিক্ষেত্রে নীতি ও পদ্ধতির পরিবর্তন কতটা জরুরি।
আগের সরকারগুলিকে নিশানা করে মোদী বলেন, কয়েক দশক ধরে দেশ পরিচালনা করা ব্যক্তিরা শুধু খাদ্যশস্যের ভাণ্ডার ভরে যাওয়াতেই সন্তুষ্ট ছিলেন। কিন্তু প্রশ্ন হল, তার পর কৃষকরা কী পেলেন?
প্রধানমন্ত্রীর কথায়, শুধু খাদ্যশস্যের গুদাম ভর্তি করাই যথেষ্ট নয়। সময়ের সঙ্গে গোটা বিশ্ব বদলেছে। বাজারের ধরন, মানুষের চাহিদা, খাদ্যাভ্যাস, আবহাওয়া এবং প্রযুক্তিতেও পরিবর্তন এসেছে। এই পরিবর্তনের সঙ্গে তাল মিলিয়ে কৃষকদের নতুন করে শক্তিশালী করে তোলার প্রয়োজন ছিল। কিন্তু অতীতে এই বিষয়টির উপর পর্যাপ্ত গুরুত্ব দেওয়া হয়নি বলে অভিযোগ তাঁর।
গত এক দশকে কৃষিক্ষেত্রে একাধিক পদক্ষেপ
প্রধানমন্ত্রী জানান, গত এক দশকে কৃষিক্ষেত্রে পরিবর্তনের সঙ্গে তাল মিলিয়ে দেশের অগ্রগতির গতি বাড়াতে একাধিক পদক্ষেপ করা হয়েছে। তার ফলাফল এখন দেখা যাচ্ছে বলেও দাবি করেন তিনি। কৃষিক্ষেত্রের উন্নতি এবং তার সঙ্গে সম্পর্কিত বিভিন্ন অর্থনৈতিক পরিসংখ্যানও তুলে ধরেন মোদী।
তাঁর বক্তব্য, বিকশিত ভারত গড়ার লক্ষ্য পূরণ করতে হলে কৃষিকে আধুনিক প্রযুক্তিনির্ভর করে তুলতে হবে। পাশাপাশি কৃষকদের আর্থিক ও সামাজিকভাবে আরও শক্তিশালী করতে হবে। কৃষির উন্নয়নকে দেশের সামগ্রিক উন্নয়নের অন্যতম প্রধান শর্ত হিসেবেই তুলে ধরেন প্রধানমন্ত্রী।