ধ্রুব রাঠির কেরিয়ার ও শিক্ষাগত যোগ্যতাশনিবার সকালেই আটক করা হয়েছে ইউটিউবার ধ্রুব রাঠিকে। তাঁকে আটক করেছে দিল্লি পুলিশ। গুরুগ্রাম থেকে তাঁকে আটক করা হয়েছে বলে প্রাথমিকভাবে জানা গিয়েছে। আসলে মুখ্য নির্বাচন কমিশনার জ্ঞানেশ কুমারের পদত্যাগের দাবিতে দিল্লির যন্তর মন্তরে বিক্ষোভ কর্মসূচি রয়েছে ককরোচ জনতা পার্টির। সেখানেই যোগ দেওয়ার কথা ছিল রাঠির। কিন্তু তার আগেই তাঁকে আটক করা হয়েছে। এরপর আরও একবার চর্চার কেন্দ্র উঠে এসেছেন রাঠি। তাই আসুন আজ একবার জেনে নেওয়া যাক ঠিক কীভাবে ইঞ্জিনিয়ারিং-এর ডিগ্রিধারী ধ্রুব হয়ে উঠলেন ইউটিউবার। তাঁর কেরিয়ার ও শিক্ষাগত যোগ্যতা সম্পর্কে জেনে নেওয়া যাক।
জানলে অবাক হবেন, আজ যাকে রাজনৈতিক কথাবার্তা বলতে দেখা যাচ্ছে, সেই রাঠি একসময় হাতে ক্যামেরা নিয়ে ভ্রমণের অভিজ্ঞতা তুলে ধরতেন। এভাবেই ইউটিউব যাত্রা শুরু করেছিলেন। আর আজ তিনি রাজনীতি, ইতিহাস এবং সামাজিক নানা বিষয় নিয়ে ভিডিও তৈরি করছেন। পৌঁছে দিচ্ছেন লক্ষ লক্ষ দর্শকের কাছে। আসলে ইঞ্জিনিয়ারিং নিয়ে পড়াশোনা, জার্মানিতে উচ্চশিক্ষা এবং ডিজিটাল মাধ্যমে গল্প বলার প্রতি আগ্রহ, এই তিনের মেলবন্ধনেই তৈরি হচ্ছে তাঁর কেরিয়ার।
ধ্রুব রাঠির শিক্ষাগত যোগ্যতা কী?
ইঞ্জিনিয়ারিং থেকে অর্থনীতি ও রাষ্ট্রবিজ্ঞান, সব বিষয়েই সাবলীল ধ্রুব রাঠি। তিনি মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিংয়ে স্নাতক। এরপর জার্মানির কার্লসরুহে ইনস্টিটিউট অফ টেকনোলজি (KIT) থেকে রিনিউয়েবল এনার্জি বিষয়ে স্নাতকোত্তর ডিগ্রি অর্জন করেন।
যদিও এখানেই পড়াশোনা থামিয়ে দেননি ধ্রুব। তাঁর ওয়েবসাইটের তথ্য অনুযায়ী, তিনি অর্থনীতি ও রাষ্ট্রবিজ্ঞানেও স্নাতক ডিগ্রি অর্জন করেছেন।
টেকনোলজিক্যাল শিক্ষা এবং সমাজবিজ্ঞানের এই মেলবন্ধন তাঁর পরবর্তী কাজের ক্ষেত্রে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছে। এভাবেই জটিল রাজনৈতিক বিষয় এবং জননীতির বিভিন্ন দিক সহজ ভাষায় সাধারণ মানুষের সামনে তুলে ধরেন।
প্রথম ভিডিও এডিট করতে লেগেছিল দু'মাস
২০১৪ সালেই ইউটিউব জার্নি শুরু করেন ধ্রুব রাঠি। জার্মানিতে পড়াশোনা করার সময় ইউটিউবে ভ্রমণ সংক্রান্ত ভিডিও আপলোড করতে শুরু করেন তিনি। আইফোন ৫এস দিয়ে শ্যুট করা একটি ট্রাভেল ভ্লগ ছিল তাঁর প্রথম ভিডিও। আল জাজিরাকে দেওয়া এক সাক্ষাৎকারে তিনি জানিয়েছিলেন, সেই ভিডিও এডিট করতে তাঁর দু'মাসেরও বেশি সময় লেগেছিল।
তবে প্রথম দিকে রাজনৈতিক বিষয় নিয়ে ভিডিও করতেন না। ২০১৬ সালের ১৬ সেপ্টেম্বর তিনি প্রথম রাজনৈতিক বিশ্লেষণধর্মী ভিডিও আপলোড করেন। এরপর ধীরে ধীরে এই ধরনের কনটেন্টই তাঁর পরিচিতির অন্যতম প্রধান মাধ্যম হয়ে ওঠে।
কীভাবে ইউটিউবে নিজের কেরিয়ার গড়ে তুললেন?
শুরুর দিকে নিজের ভিডিও তৈরির প্রায় সমস্ত কাজ একাই সামলাতেন ধ্রুব রাঠি। নিজের ভিডিওর জন্য রিসার্চ করা, চিত্রনাট্য লেখা থেকে শুরু করে ভিডিও এডিটিং, সবকিছুই করতেন একা। যদিও ধীরে ধীরে বদলে যায় পরিস্থিতি।
আল জাজিরার প্রতিবেদন অনুযায়ী, ২০২০ সাল পর্যন্ত তিনি একাই কাজ চালিয়ে যান। এরপর নিজের চ্যানেলের কাজের পরিধি বাড়তে থাকে। তাই তিনি একটি টিম তৈরি করেন।
এরপর ধীরে ধীরে আরও বৃহত্তর দর্শকের কাছে পৌঁছে যান তিনি। ২০২৩ সালে টাইম ম্যাগাজিনের ‘নেক্সট জেনারেশন লিডার্স’ তালিকায় জায়গা করে নেন ধ্রুব রাঠি। ট্রেন্ডিং বিষয়গুলি নিয়ে হিন্দি ভাষায় তাঁর তৈরি ভিডিওগুলির কথাও উল্লেখ করা হয়েছিল সেখানে।
ডিগ্রির গণ্ডি পেরিয়ে অন্য কেরিয়ার
আর ধ্রুব রাঠির যাত্রা দেখিয়ে দেয়, একজন মানুষ চাইলে বাইরে গিয়েও নিজের কেরিয়ার গড়ে তোলেন। ইঞ্জিনিয়ারিংয়ের দিয়ে শুরু করে অর্থনীতি ও রাষ্ট্রবিজ্ঞান পড়াশোনা। তারপর ডিজিটাল মাধ্যমে কনটেন্ট তৈরির অভিজ্ঞতা, সব মিলিয়েই গড়ে উঠেছে তাঁর পেশাগত পরিচিতি। তাই ধ্রুবর থেকে এটা অবশ্যই আপনাকে শিখতে হবে।