
উত্তরপ্রদেশের মহারাজগঞ্জ জেলায় বিজেপির এক অনুষ্ঠানে হঠাৎই চাঞ্চল্যকর পরিস্থিতির সৃষ্টি হল। বুধবার একটি সংবর্ধনা সভার মাঝেই এক মহিলা অফিসে ঢুকে দলের এক নেতার বিরুদ্ধে আর্থিক প্রতারণার অভিযোগ তুলে প্রকাশ্যে তাঁকে চড় মারেন। ঘটনায় মুহূর্তের মধ্যে উত্তেজনা ছড়িয়ে পড়ে।
জানা গিয়েছে, ওইদিন বিজেপির কার্যালয়ে মনোনীত কাউন্সিলর ও দলীয় পদাধিকারীদের সংবর্ধনা জানানোর আয়োজন করা হয়েছিল। অনুষ্ঠান শুরু হতেই ওই মহিলা সেখানে ঢুকে সংশ্লিষ্ট নেতার সঙ্গে বচসায় জড়িয়ে পড়েন। প্রত্যক্ষদর্শীদের মতে, হঠাৎই তিনি নেতাকে চড় মারেন এবং কলার ধরে টেনে বের করার চেষ্টা করেন। এতে সভাস্থলে উপস্থিতদের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়ে।
মহিলার অভিযোগ, এলআইসি ডিপোজিটের নামে তিনি প্রায় ৪.৫ লক্ষ টাকা ওই নেতার হাতে তুলে দিয়েছিলেন। কিন্তু সেই টাকা জমা না করে আত্মসাৎ করা হয়েছে বলে দাবি তাঁর। দীর্ঘদিন ধরে টাকা ফেরতের দাবি জানিয়ে আসছিলেন তিনি। এদিন ছেলেকে সঙ্গে নিয়েই সরাসরি কার্যালয়ে গিয়ে প্রতিবাদ জানান।
পরিস্থিতি দ্রুত উত্তপ্ত হয়ে ওঠে। বচসা গড়ায় হাতাহাতিতে, এমনকি চপ্পল দিয়ে মারধরের অভিযোগও ওঠে। উপস্থিত দলীয় কর্মীরা পরিস্থিতি সামাল দেওয়ার চেষ্টা করলেও উত্তেজনা কিছুক্ষণ নিয়ন্ত্রণের বাইরে চলে যায়।
খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছয় পুলিশ। তারা পরিস্থিতি নিয়ন্ত্রণে এনে সংশ্লিষ্ট মহিলা ও অন্যান্যদের কার্যালয় থেকে বের করে দেয়। প্রায় এক ঘণ্টা বন্ধ থাকার পর অনুষ্ঠান আবার শুরু হয়।
এই ঘটনায় দলের পক্ষ থেকে জানানো হয়েছে, এটি মূলত আর্থিক লেনদেন সংক্রান্ত ব্যক্তিগত বিবাদ। প্রাক্তন জেলা সভাপতি সমীর ত্রিপাঠি বলেন, 'আগে বিষয়টি জানানো হলে এমন পরিস্থিতি এড়ানো যেত। দু’পক্ষই দলের সঙ্গে যুক্ত। দ্রুত সমাধানের চেষ্টা করা হবে।'
এদিকে, পুরো ঘটনার একটি ভিডিও সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়েছে, যেখানে মহিলাকে ওই নেতার সঙ্গে বচসা ও হাতাহাতি করতে দেখা যাচ্ছে। ঘটনাটি নিয়ে ইতিমধ্যেই শুরু হয়েছে রাজনৈতিক চর্চা।