LoC-তে আরও একটি S-400 এয়ার ডিফেন্স মোতায়েন করল ভারত, কিছু কি ঘটতে চলেছে?

জম্মু ও কাশ্মীরের নিয়ন্ত্রণ রেখার (এলওসি) কাছে পঞ্চম এস-৪০০ আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা মোতায়েন করা হবে। আর তাতে যে পাকিস্তানের ঘুম উড়বে, এই কথা তো বলাই বাহুল্য। আসলে কয়েক মাস আগেই ভারতে এসেছিল চতুর্থ S-400 সিস্টেম।

Advertisement
LoC-তে আরও একটি S-400 এয়ার ডিফেন্স মোতায়েন করল ভারত, কিছু কি ঘটতে চলেছে?S-400 এয়ার ডিফেন্স সিস্টেম (স্টক ছবি: গেটি)
হাইলাইটস
  • জম্মু ও কাশ্মীরের নিয়ন্ত্রণ রেখার (এলওসি) কাছে পঞ্চম এস-৪০০ আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা মোতায়েন করা হবে
  • তাতে যে পাকিস্তানের ঘুম উড়বে, এই কথা তো বলাই বাহুল্য
  • কয়েক মাস আগেই ভারতে এসেছিল চতুর্থ S-400 সিস্টেম

রাশিয়ার থেকে S-400 এয়ার ডিফেন্স সিস্টেম কিনেছে ভারত। আর প্রতিরক্ষা সূত্রের খবর, পঞ্চম এবং শেষ S-400 সিস্টেমের যন্ত্রাংশ চলতি বছরের শেষেই ভারতে আসতে শুরু করবে। একাধিক দফায় এই সরঞ্জাম পাঠানো হবে। সব যন্ত্রাংশ পৌঁছনোর পর সেগুলি জুড়ে দেওয়া হবে। তারপর ২০২৭ সালের ফেব্রুয়ারির মধ্যে কাজে লেগে পড়বে এই সিস্টেম।

জানা যাচ্ছে, জম্মু ও কাশ্মীরের নিয়ন্ত্রণ রেখার (এলওসি) কাছে পঞ্চম এস-৪০০ আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা মোতায়েন করা হবে। আর তাতে যে পাকিস্তানের ঘুম উড়বে, এই কথা তো বলাই বাহুল্য।

আসলে কয়েক মাস আগেই ভারতে এসেছিল চতুর্থ S-400 সিস্টেম। চলতি বছরের মে মাসে সেটি কাজে লেগে পড়ে। সূত্রের খবর, চতুর্থ এয়ার ডিফেন্স সিস্টেমটি অসমের কাছাকাছি এলাকায় রাখা হয়েছে। এর ফলে উত্তর-পূর্ব ভারতের আকাশপথের নিরাপত্তা আরও শক্তিশালী হয়েছে।

২৭ নভেম্বর প্রকাশিত এক প্রতিবেদন অনুসারে, পাকিস্তান সীমান্তবর্তী প্রায় ৭৪০ কিলোমিটার দীর্ঘ নিয়ন্ত্রণ রেখা (এলওসি) বরাবর নিরাপত্তা জোরদার করতে ভারতের পঞ্চম এস-৪০০ সিস্টেম মোতায়েন করা হবে। দুজন ঊর্ধ্বতন কর্মকর্তার কথা উদ্ধৃত করে প্রতিবেদনে বলা হয়েছে, সিস্টেমটির পাঠানোর আগে সেটা দেখতে ভারতীয় বিমান বাহিনীর একটি দল ডিসেম্বরে রাশিয়া যাবে।
  

এর আগে চলতি বছরের এপ্রিলে India Today জানিয়েছিল, চতুর্থ S-400 সিস্টেমের যন্ত্রাংশ নিয়ে জাহাজ ভারতে আসার জন্য রওনা হয়েছে। মে মাসে সেই সরঞ্জাম দেশে পৌঁছয়। এরপর সেগুলি জুড়ে মোতায়েন করার কাজ শুরুও হয়ে গিয়েছে। 

মাথায় রাখতে হবে, S-400 একটি আকাশ সুরক্ষা ব্যবস্থা। অপারেশন সিঁদুরের পর S-400-এর গুরুত্ব আরও বেড়েছে। ওই সময় রাশিয়ার তৈরি এই সিস্টেম পাকিস্তানের মিসাইল ও ড্রোনের অ্যাটাক মোকাবিলা করেছিল।

কী চুক্তি ছিল?
২০১৮ সালে রাশিয়ার সঙ্গে প্রায় ৩৫ হাজার কোটি টাকার চুক্তি করেছিল ভারত। সেই চুক্তিতে পাঁচটি S-400 স্কোয়াড্রন কেনার কথা ছিল। প্রথম তিনটি সিস্টেম আগেই ভারতে এসে গিয়েছে। তার মধ্যে একটি মোতায়েন করা হয়েছে কৌশলগতভাবে অত্যন্ত গুরুত্বপূর্ণ শিলিগুড়ি করিডর রক্ষার জন্য। এই করিডর উত্তর-পূর্ব ভারতের রাজ্যগুলিকে দেশের বাকি অংশের সঙ্গে যুক্ত করেছে।

Advertisement

দ্বিতীয় সিস্টেমটি রাখা হয়েছে পাঠানকোট এলাকায়। এর মাধ্যমে জম্মু-কাশ্মীর ও পঞ্জাবের আকাশসীমার নিরাপত্তা জোরদার করা হয়েছে। তৃতীয়টি মোতায়েন রয়েছে পশ্চিম সীমান্তে। রাজস্থান ও গুজরাতের গুরুত্বপূর্ণ এলাকাগুলিকে সুরক্ষা দেওয়ার জন্য এই ব্যবস্থা রাখা হয়েছে।

চতুর্থ S-400 অসমের কাছাকাছি মোতায়েন হওয়ায় উত্তর-পূর্ব ভারতের প্রতিরক্ষা ব্যবস্থায় আরও একটি স্তর যুক্ত হয়েছে। চিনের জন্য এই জায়গাকে কৌশলগতভাবে অত্যন্ত গুরুত্বপূর্ণ বলে মনে করা হয়।

আসলে একটি S-400 স্কোয়াড্রনে থাকে একাধিক মিসাইল উৎক্ষেপণকারী যান, রাডার, কম্যান্ড ও নিয়ন্ত্রণ কেন্দ্র। সেই সঙ্গে সাপোর্ট যানবাহনও থাকে। এই ব্যবস্থা প্রায় ৬০০ কিলোমিটার দূর থেকে আকাশপথের সম্ভাব্য বিপদ শনাক্ত করতে পারে। এমনকী সর্বোচ্চ ৪০০ কিলোমিটার দূরের লক্ষ্যবস্তুতে আঘাত হানতে পারে এটি।

যুদ্ধবিমান, ক্রুজ মিসাইল, ব্যালিস্টিক মিসাইল এবং ড্রোনের মতো বিভিন্ন ধরনের অ্যাটাক প্রতিরোধ করে S-400।

S-400 কেনার পরবর্তী পরিকল্পনা
পঞ্চম S-400 দেশে এসে যাচ্ছে। তারপর রাশিয়ার সঙ্গে ২০১৮ সালের মূল চুক্তি শেষ হবে। তবে এখানেই থামতে চাইছে না ভারত। আকাশপথে বাড়তে থাকা হুমকি মোকাবিলায় দূরপাল্লার প্রতিরক্ষা ব্যবস্থা আরও শক্তিশালী করার পরিকল্পনা রয়েছে।

২০২৬ সালের মার্চ মাসে প্রতিরক্ষামন্ত্রী রাজনাথ সিংয়ের নেতৃত্বাধীন ডিফেন্স অ্যাকুইজিশন কাউন্সিল অতিরিক্ত S-400 কেনার প্রস্তাবে অনুমোদন দিয়েছিল। প্রায় ২.৩৮ লক্ষ কোটি টাকার পরিকল্পনার প্রস্তাব ছিল। এখন দেখার নতুন করে ঠিক কোন চুক্তি হয়। 

(রিপোর্টার: শিবানী শর্মা)
 

 

POST A COMMENT
Advertisement