Lalit Modi: ১৬ বছর পর দেশে ফিরছেন ললিত মোদী, ২০০৯ IPL মামলায় বিরাট স্বস্তি

দক্ষিণ আফ্রিকায় IPL আয়োজন ঘিরে বিদেশি মুদ্রা ব্যবস্থাপনা আইন (FEMA) লঙ্ঘনের মামলায় প্রাক্তন চেয়ারম্যান ললিত মোদী বড় আইনি স্বস্তি পেলেন। এবার তিনি দেশে ফিরতে চলেছেন।

Advertisement
 ১৬ বছর পর দেশে ফিরছেন ললিত মোদী, ২০০৯ IPL মামলায় বিরাট স্বস্তি
হাইলাইটস
  • ললিত মোদী বড় আইনি স্বস্তি পেলেন
  • ২০০৯ লঙ্ঘনের মামলায় ধাক্কা ED-র
  • এবার তিনি দেশে ফিরতে চলেছেন

২০০৯ সালের দক্ষিণ আফ্রিকায় IPL আয়োজন ঘিরে বিদেশি মুদ্রা ব্যবস্থাপনা আইন (FEMA) লঙ্ঘনের মামলায় প্রাক্তন চেয়ারম্যান ললিত মোদী বড় আইনি স্বস্তি পেলেন। এনফোর্সমেন্ট ডিরেক্টরেটের (ED) জারি করা জরিমানা ও গুরুত্বপূর্ণ পর্যবেক্ষণ খারিজ করে দিয়েছে নয়াদিল্লির আপিল ট্রাইব্যুনাল। এর পরেই দীর্ঘদিন পর ভারতে ফেরার ইচ্ছার কথা প্রকাশ করেছেন ললিত মোদী।

বুধবার X-এ ললিত মোদী লেখেন, 'দীর্ঘদিন পর ভারতে ফিরতে মুখিয়ে রয়েছি। সবাই ভাল থাকুন, নিরাপদে থাকুন।'

জানা গিয়েছে, Smugglers and Foreign Exchange Manipulators Forfeiture of Property Act (SAFEMA)-এর অধীন গঠিত নয়াদিল্লির আপিল ট্রাইব্যুনাল ED-র স্পেশাল ডিরেক্টরের ২০১৮ সালের ৩১ মে-র নির্দেশের বিরুদ্ধে দায়ের হওয়া আবেদন আংশিকভাবে মঞ্জুর করেছে। ওই নির্দেশে ললিত মোদী সহ কয়েকজনের বিরুদ্ধে FEMA লঙ্ঘনের অভিযোগে জরিমানা করা হয়েছিল। ট্রাইব্যুনাল সেই নির্দেশের গুরুত্বপূর্ণ অংশ এবং জরিমানা বাতিল করেছে।

রায়ে ট্রাইব্যুনাল ED-র মূল যুক্তিও খারিজ করে দেয়। ED-র দাবি ছিল, পরিষেবার জন্য ধাপে ধাপে এবং আগাম বাজেট ছাড়া করা অর্থপ্রদানকে 'Capital Account Transaction' হিসেবে গণ্য করা উচিত। তবে ট্রাইব্যুনাল জানিয়ে দেয়, এই যুক্তি গ্রহণযোগ্য নয় এবং তারা ED-র এই ব্যাখ্যার সঙ্গে একমত নয়।

উল্লেখ্য, ২০০৯ সালে ভারতের সাধারণ নির্বাচনের কারণে সেই বছরের IPL দক্ষিণ আফ্রিকায় সরিয়ে নিয়ে যাওয়া হয়েছিল। সেই আয়োজনকে কেন্দ্র করেই FEMA লঙ্ঘনের অভিযোগে তদন্ত শুরু হয়েছিল।

মঙ্গলবার ট্রাইব্যুনালের রায়কে স্বাগত জানিয়ে ললিত মোদী বলেন, 'ED-র মামলার যে মূল ভিত্তির উপর অভিযোগ গড়ে উঠেছিল, ট্রাইব্যুনাল তা খারিজ করে দিয়েছে। ২০০৯ সালের দক্ষিণ আফ্রিকা IPL-কে ঘিরে আমার বিরুদ্ধে হওয়া সবচেয়ে গুরুত্বপূর্ণ আইনি মামলার এখানেই সমাপ্তি হল।'

গত এক দশকেরও বেশি সময় ধরে ললিত মোদী ভারতের বাইরে বসবাস করছেন। IPL চেয়ারম্যান থাকাকালীন আর্থিক অনিয়মের অভিযোগে তাঁর বিরুদ্ধে একাধিক তদন্ত চলেছে। তবে আপিল ট্রাইব্যুনালের এই রায়ের পর তাঁর সাম্প্রতিক X পোস্টে স্পষ্ট ইঙ্গিত মিলেছে, বহু বছর পর তিনি ভারতে ফেরার প্রস্তুতি নিচ্ছেন।

Advertisement

 

POST A COMMENT
Advertisement