
সোমবার থেকে শুরু হচ্ছে সংসদের বিশেষ অধিবেশন। তার আগে শনিবার রাতেই দিল্লিতে গিয়েছেন পশ্চিমবঙ্গের প্রাক্তন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। প্রথমে যাওয়ার বিষয়ে রাজি না হলেও, পরে তিনি দিল্লি যান। আজ, রবিবার সেখানে INDIA জোটের বৈঠকে অংশ নেবেন মমতাও।
শনিবার রাতে দিল্লি পৌঁছে ডিলিমিটটেশন বিল ও মহিলা সংরক্ষণ বিল নিয়ে প্রশ্ন তোলেন MAITC-এর নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। এই দুই বিলকে একযোগে নিশানা করে তিনি বলেন, "খুবই খারাপ বিল। ২০৫১ সাল পর্যন্ত কেউ থাকবে কিনা, তাই কেউ নিশ্চিত ভাবে বলতে পারবে না। নারীশক্তির জন্য আমরাই সবচেয়ে বেশি লড়েছি। লোকসভার ভিতরে আমরা উপর হামলা চালানো হয়েছিল, মনে আছে? আমি যখন সাংসদ ছিলাম, সেই সময়ের ফুটেজ বের করে দেখুন!মহিলা সংরক্ষণ বিল তো আগেই পাশ হয়ে গিয়েছে।"
উল্লেখ্য, এদিন ইন্ডিয়া জোটের বৈঠকে উপস্থিত না থাকারই সিদ্ধান্ত নিয়েছিলেন মমতা। কেন তিনি দিল্লি না আসার সিদ্ধান্ত নিয়েছিলেন, তাও কলকাতায় বসে জানিয়েছেন প্রাক্তন মুখ্যমন্ত্রী। দিল্লি যাওয়ার আগে মমতা বলেন, "আপনারা প্রতিদিন দেখছেন, আমার নির্বাচনী কেন্দ্রে কী ঘটছে। অত্যাচারের সমস্ত সীমা অতিক্রম করা হচ্ছে। বর্তমান পরিস্থিতিতে আমি কোথাও যেতে চাই না। কিন্তু বারবার আমাকে বৈঠকে যোগ দেওয়ার জন্য অনুরোধ করা হচ্ছে। প্রবীণ নেতারা আমাকে সেখানে উপস্থিত থাকতে বলেছেন। আমি তাঁদের নাম বলব না। তবে তাঁরা আমার জন্য একটি বিশেষ বিমানেরও ব্যবস্থা করেছেন। আপাতত আমি রওনা হচ্ছি। কিন্তু ফিরে এসে যথাযথ পদক্ষেপ করব। বাংলা যেন তার নিজস্ব পরিচয় বজায় রাখে।"
অন্যদিকে, সূত্রের দাবি আগামীকাল অর্থাৎ সোমবারই ডিলিমিটেশন বিল পেশ করা হতে পারে সংসদে। ইতিমধ্যে মোদী সরকারের এই বিলকে সমর্থন করে বসেছে ডিএমকে। এমন পরিস্থিতিতে আজই চেন্নাই যাচ্ছেন রাহুল গান্ধী, কথা বলবেন এম কে স্তালিনের সঙ্গে। DMK-কে জোটে ফেরাতে মরিয়া INDIA ব্লক।