Nepal Election: নেপালে অবশেষে Gen Z সরকার, পুরনো দলগুলিকে উড়িয়ে দিলেন র‍্যাপার বালেন শাহ

নেপালে সাধারণ নির্বাচনের প্রাথমিক ফলাফলের প্রবণতা সামনে আসতেই স্পষ্ট হয়ে উঠছে এক বড় রাজনৈতিক পরিবর্তনের ইঙ্গিত। তরুণ প্রজন্মের সমর্থনে উঠে আসা বালেন শাহের নেতৃত্বে নতুন দল রাষ্ট্রীয় স্বাধীন পার্টি (আরএসপি) শক্তিশালী অবস্থানে রয়েছে বলে প্রাথমিক গণনা থেকে জানা যাচ্ছে।

Advertisement
নেপালে অবশেষে Gen Z সরকার, পুরনো দলগুলিকে উড়িয়ে দিলেন র‍্যাপার বালেন শাহ
হাইলাইটস
  • নেপালে সাধারণ নির্বাচনের প্রাথমিক ফলাফলের প্রবণতা সামনে আসতেই স্পষ্ট হয়ে উঠছে এক বড় রাজনৈতিক পরিবর্তনের ইঙ্গিত।
  • তরুণ প্রজন্মের সমর্থনে উঠে আসা বালেন শাহের নেতৃত্বে নতুন দল রাষ্ট্রীয় স্বাধীন পার্টি (আরএসপি) শক্তিশালী অবস্থানে রয়েছে বলে প্রাথমিক গণনা থেকে জানা যাচ্ছে।

নেপালে সাধারণ নির্বাচনের প্রাথমিক ফলাফলের প্রবণতা সামনে আসতেই স্পষ্ট হয়ে উঠছে এক বড় রাজনৈতিক পরিবর্তনের ইঙ্গিত। তরুণ প্রজন্মের সমর্থনে উঠে আসা বালেন শাহের নেতৃত্বে নতুন দল রাষ্ট্রীয় স্বাধীন পার্টি (আরএসপি) শক্তিশালী অবস্থানে রয়েছে বলে প্রাথমিক গণনা থেকে জানা যাচ্ছে। এতে দীর্ঘদিন ধরে রাজনীতিতে প্রভাবশালী পুরনো দলগুলি, নেপালি কংগ্রেস এবং সিপিএন (ইউএমএল) চাপে পড়েছে।

বৃহস্পতিবার নেপালের লক্ষ লক্ষ মানুষ ভোটাধিকার প্রয়োগ করেন। কেপি শর্মা ওলির নেতৃত্বাধীন জোট সরকারকে ঘিরে জেন জি বা তরুণ প্রজন্মের তীব্র আন্দোলনের পর এটিই ছিল দেশের প্রথম সাধারণ নির্বাচন। দুর্নীতি, সুশাসনের অভাব এবং রাজনৈতিক অস্থিরতা, এই সব বিষয়ই নির্বাচনে বড় ইস্যু হয়ে উঠেছে।
পিটিআইয়ের রিপোর্ট অনুযায়ী, এবারের নির্বাচনে ভোটার উপস্থিতি প্রায় ৬০ শতাংশ। ভারপ্রাপ্ত প্রধান নির্বাচন কমিশনার রাম প্রসাদ ভান্ডারি জানিয়েছেন, প্রতিনিধি পরিষদের ভোটগ্রহণ শান্তিপূর্ণ ও উৎসাহব্যঞ্জক পরিবেশে সম্পন্ন হয়েছে।

বর্তমান গণনা অনুযায়ী ৬১টি আসনে ভোট গণনা চলছে। তার মধ্যে ৫২টি আসনে বালেন শাহের দল আরএসপি এগিয়ে রয়েছে। অন্যদিকে নেপালি কংগ্রেস পাঁচটি এবং ইউএমএল চারটি আসনে এগিয়ে আছে। প্রাথমিক প্রবণতায় প্রাক্তন প্রধানমন্ত্রী কেপি শর্মা অলিও পিছিয়ে পড়েছেন। পাশাপাশি একাধিক প্রাক্তন প্রধানমন্ত্রী, উপ-প্রধানমন্ত্রী ও মন্ত্রীরাও ভোট গণনায় অনেকটাই পিছিয়ে রয়েছেন।

কাঠমান্ডুর মেয়র এবং প্রাক্তন র‍্যাপার বালেন শাহের জনপ্রিয়তা এবার নির্বাচনে বড় প্রভাব ফেলেছে। ২০২২ সালে গঠিত রাষ্ট্রীয় স্বাধীন পার্টি দ্রুত জনপ্রিয়তা অর্জন করেছে। তরুণ ভোটারদের বড় অংশ দুর্নীতিবিরোধী অবস্থান, স্বচ্ছ শাসন এবং নতুন রাজনৈতিক নেতৃত্বের দাবিতে এই দলের দিকে ঝুঁকেছেন। ফলে বালেন শাহকে সম্ভাব্য প্রধানমন্ত্রী পদপ্রার্থী হিসেবেও দেখা হচ্ছে।

অন্যদিকে, নেপালি কংগ্রেসের তরুণ নেতা গগন থাপা দলের প্রধানমন্ত্রী পদপ্রার্থী হিসেবে লড়ছেন। সিপিএন (ইউএমএল) তাদের পক্ষ থেকে কেপি শর্মা অলিকে প্রধানমন্ত্রী পদপ্রার্থী করেছে।

নেপালে মোট ভোটার প্রায় ১ কোটি ৮৯ লক্ষ। দেশের সংসদের মোট ২৭৫টি আসনের জন্য ভোটগ্রহণ হয়েছে। এর মধ্যে সরাসরি ভোট বা ফার্স্ট পাস্ট দ্য পোস্ট (FPTP) পদ্ধতিতে ১৬৫ জন সদস্য নির্বাচিত হন এবং আনুপাতিক প্রতিনিধিত্ব (PR) পদ্ধতিতে নির্বাচিত হন ১১০ জন। সরাসরি ভোটের ১৬৫টি আসনের জন্য প্রায় ৩৪০০ প্রার্থী এবং আনুপাতিক প্রতিনিধিত্বের ১১০টি আসনের জন্য প্রায় ৩১৩৫ জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছেন।

Advertisement

বালেন শাহ কাঠমান্ডুর গারেগাঁও এলাকা থেকে ভোট দিয়েছেন এবং ঝাপা-৫ আসন থেকে প্রতিদ্বন্দ্বিতা করছেন। অন্যদিকে ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী কেপি শর্মা অলি ভক্তপুর জেলার বালকোট থেকে ভোট দেন।

এছাড়াও কুলমান ঘিসিংয়ের নেতৃত্বে উজ্যালো নেপাল পার্টি এবং ধরানের প্রাক্তন মেয়র হারকা সাম্পাংয়ের নেতৃত্বে শ্রম শক্তি পার্টিও নির্বাচনে অংশ নিয়েছে, যদিও তাদের প্রভাব মূলত সীমিত এলাকায় সীমাবদ্ধ।

ওলি সরকার পতনের পর রাষ্ট্রপতি রামচন্দ্র পৌডেল গত ১২ সেপ্টেম্বর প্রতিনিধি পরিষদ ভেঙে দেন এবং সুশীলা কার্কিকে ভারপ্রাপ্ত প্রধানমন্ত্রী হিসেবে নিয়োগ করেন।

তরুণ প্রজন্মের আন্দোলন থেকে উঠে আসা প্রধান দাবিগুলির মধ্যে রয়েছে দুর্নীতির বিরুদ্ধে কঠোর পদক্ষেপ, সুশাসন প্রতিষ্ঠা, স্বজনপ্রীতির অবসান এবং রাজনৈতিক নেতৃত্বে প্রজন্মগত পরিবর্তন।

নির্বাচন উপলক্ষে নেপালে তিন দিনের সরকারি ছুটি ঘোষণা করা হয়েছিল। নির্বাচন কমিশনের তথ্য অনুযায়ী, দেশে মোট ১০,৯৬৭টি ভোটকেন্দ্র এবং ২৩,১১২টি ভোটদান কেন্দ্র স্থাপন করা হয়। মোট ৬৫টি রাজনৈতিক দল এবারের নির্বাচনে অংশ নিয়েছে।

গত ১৮ বছরে নেপালে ১৪ বার সরকার পরিবর্তন হয়েছে। ফলে রাজনৈতিক অস্থিরতা কাটিয়ে একটি স্থিতিশীল সরকার গঠনের আশা নিয়েই এবারের নির্বাচনের দিকে তাকিয়ে রয়েছে দেশটি, পাশাপাশি পরিস্থিতির উপর নজর রাখছে প্রতিবেশী ভারতও।

 

POST A COMMENT
Advertisement