Agniveer Scheme: স্থায়ী কাজ না পেলে আরও ২ বছর চাকরি, অগ্নিবীরদের জন্য বড় ঘোষণা

অগ্নিবীরদের ভবিষ্যতে চাকরির মেয়াদ বাড়ানো বা বাহিনীতে স্থায়ী নিয়োগের ক্ষেত্রে তাঁদের পারফরম্যান্স এবং সাফল্য অত্যন্ত গুরুত্বপূর্ণ মাপকাঠি হবে। অতিরিক্ত দু'বছরের মেয়াদ শেষ হওয়ার পর তাঁদের ফের মূল্যায়ন করা হবে। নির্ধারিত বাছাই প্রক্রিয়ার মাধ্যমে নিয়মিত বাহিনীতে নিয়োগের সুযোগ মিলতে পারে।

Advertisement
স্থায়ী কাজ না পেলে আরও ২ বছর চাকরি, অগ্নিবীরদের জন্য বড় ঘোষণা অগ্নিবীরদের চাকরির মেয়াদ বাড়ল ২ বছর
হাইলাইটস
  • অগ্নিবীরদের ভবিষ্যতে চাকরির মেয়াদ বাড়ানো বা বাহিনীতে স্থায়ী নিয়োগের ক্ষেত্রে তাঁদের পারফরম্যান্স এবং সাফল্য অত্যন্ত গুরুত্বপূর্ণ মাপকাঠি হবে
  • অতিরিক্ত দু'বছরের মেয়াদ শেষ হওয়ার পর তাঁদের ফের মূল্যায়ন করা হবে
  • নির্ধারিত বাছাই প্রক্রিয়ার মাধ্যমে নিয়মিত বাহিনীতে নিয়োগের সুযোগ মিলতে পারে

অগ্নিবীরদের জন্য সুখবর। তাঁদের চাকরির মেয়াদ নিয়ে বড় ঘোষণা করলেন চিফ অফ ডিফেন্স স্টাফ (সিডিএস) জেনারেল এন এস রাজা সুব্রহ্মণি। তিনি জানিয়েছেন, প্রাথমিকভাবে চার বছরের মেয়াদ শেষ করবেন অগ্নিবীররা। তারপর যেই ৭৫ শতাংশ অগ্নিবীর সেনাবাহিনীতে স্থায়ীভাবে নিয়োগ পাবেন না, তাঁদের চাকরির মেয়াদ আরও দু'বছর বাড়ানোর সিদ্ধান্ত নেওয়া হয়েছে। ফলে সশস্ত্র বাহিনীতে এখন থেকে অগ্নিবীররা ছ'বছর কাজ করতে পারবেন। এরপর তাঁদের ফের নিয়মিত সেনাবাহিনীতে নিয়োগের জন্য বিবেচনা করা হবে। তবে সেক্ষেত্রে পারফরম্যান্স মূল্যায়ন এবং নির্ধারিত বাছাই প্রক্রিয়া গুরুত্বপূর্ণ হবে।

৪ নভেম্বর এক সাংবাদিক বৈঠক করেন সুব্রহ্মণি। সেখানে তিনি জানান, অগ্নিবীরদের প্রথম ব্যাচের চার বছরের চাকরির মেয়াদ শেষ হওয়ার সময় এগিয়ে আসছে। তাঁদের কাজের পারফরম্যান্স নিয়ে পজিটিভ প্রতিক্রিয়া পাওয়া গিয়েছে। সশস্ত্র বাহিনীর তরফেই চাকরির মেয়াদ বাড়ানোর সুপারিশ করা হয়েছিল। সেই প্রস্তাবে অনুমোদন দিয়েছে কেন্দ্রীয় মন্ত্রিসভা।

পারফরম্যান্সের ভিত্তিতেই পরবর্তী নিয়োগ
সিডিএস জানিয়েছেন, অগ্নিবীরদের ভবিষ্যতে চাকরির মেয়াদ বাড়ানো বা বাহিনীতে স্থায়ী নিয়োগের ক্ষেত্রে তাঁদের পারফরম্যান্স এবং সাফল্য অত্যন্ত গুরুত্বপূর্ণ মাপকাঠি হবে। অতিরিক্ত দু'বছরের মেয়াদ শেষ হওয়ার পর তাঁদের ফের মূল্যায়ন করা হবে। নির্ধারিত বাছাই প্রক্রিয়ার মাধ্যমে নিয়মিত বাহিনীতে নিয়োগের সুযোগ মিলতে পারে।

অগ্নিপথ প্রকল্পের ভবিষ্যৎ নিয়ে প্রশ্নের জবাবে সুব্রহ্মণি জানান, নির্ধারিত নিয়ম মেনেই এই প্রকল্পের বাস্তবায়ন হবে। তবে এই ব্যবস্থা চিরস্থায়ী নয়। অভিজ্ঞতার ভিত্তিতে ভবিষ্যতে প্রকল্পটির পর্যালোচনার প্রয়োজন হতে পারে।

তিনি আরও জানান, সশস্ত্র বাহিনীর বিভিন্ন বিভাগে অগ্নিবীরদের জন্য কাজের সুযোগ তৈরি করা হচ্ছে। শারীরিক সক্ষমতা, পরিস্থিতির সঙ্গে মানিয়ে নেওয়ার ক্ষমতা, প্রযুক্তিগত জ্ঞান এবং বিভিন্ন দায়িত্ব সামলানোর দক্ষতা তাঁদের ট্রেনিং ও মূল্যায়নের গুরুত্বপূর্ণ অংশ হবে।

দক্ষতা ও শিক্ষাগত যোগ্যতায় জোর
সিডিএস জানান, অগ্নিবীরদের শিক্ষাগত যোগ্যতা বাড়ানোর সুযোগও রয়েছে। দশম শ্রেণি থেকে দ্বাদশ শ্রেণি এবং দ্বাদশ শ্রেণি থেকে স্নাতক স্তর পর্যন্ত পড়াশোনার সুযোগ করে দেওয়ার বিষয়টিও উল্লেখ করেছেন তিনি।

Advertisement

সাংবাদিক বৈঠকে বেতন, পদোন্নতি এবং চাকরির অন্যান্য শর্ত নিয়েও আলোচনা হয়েছে। সেখানে প্রথম বছরে ৪৩,৫০০ টাকা এবং দ্বিতীয় বছরে ৪৭,০০০ টাকার বেতনের পরিসংখ্যান উল্লেখ করা হয়েছে।

বর্তমান প্রকল্প অনুযায়ী অগ্নিবীরদের জন্য চালু থাকা সেবা নিধি প্যাকেজও বহাল থাকবে। তবে অতিরিক্ত দু'বছরের চাকরির মেয়াদে বেতন এবং দায়িত্ব সংক্রান্ত বিস্তারিত বিষয় নির্ধারিত নির্দেশিকা অনুযায়ী কার্যকর হবে।

কী রয়েছে অগ্নিপথ প্রকল্পে?
২০২২ সালের জুন মাসে অগ্নিপথ প্রকল্প চালু করে কেন্দ্রীয় সরকার। এই প্রকল্পের মাধ্যমে ভারতীয় সেনা, নৌবাহিনী এবং বায়ুসেনায় প্রাথমিকভাবে চার বছরের জন্য তরুণদের নিয়োগ করা হয়।

প্রকল্পের পুরনো নিয়ম অনুযায়ী, প্রতিটি ব্যাচের সর্বোচ্চ ২৫ শতাংশ অগ্নিবীরকে তাঁদের পারফরম্যান্স, বাহিনীর প্রয়োজন এবং অন্যান্য নির্ধারিত শর্তের ভিত্তিতে নিয়মিত সেনাবাহিনীতে স্থায়ীভাবে নিয়োগ করা যেতে পারে।

বাকি ৭৫ শতাংশ অগ্নিবীরের চার বছরের মেয়াদ শেষে চাকরি ছেড়ে দেওয়ার কথা ছিল। সেক্ষেত্রে এককালীন সেবা নিধি প্যাকেজ পাওয়ার পাশাপাশি সেনাবাহিনীর বাইরে অন্য ক্ষেত্রে চাকরির সুযোগ তৈরির জন্য তাঁদের দক্ষতার শংসাপত্র দেওয়ার ব্যবস্থাও রয়েছে।

এখন অগ্নিবীরদের প্রথম ব্যাচের চার বছরের চাকরির মেয়াদ শেষ হতে চলেছে। নৌবাহিনীর প্রথম ব্যাচের মেয়াদ শেষ হবে ২১ নভেম্বর। এরপর ২১ ডিসেম্বর বায়ুসেনা এবং ৩১ ডিসেম্বর সেনাবাহিনীর প্রথম ব্যাচের মেয়াদ শেষ হওয়ার কথা। ২০২৬ সালের শেষ নাগাদ প্রথম ব্যাচের ১৮ হাজারেরও বেশি অগ্নিবীরের চার বছরের চাকরির মেয়াদ পূর্ণ হওয়ার সম্ভাবনা রয়েছে।

নতুন সিদ্ধান্তের ফলে নিয়মিত বাহিনীতে স্থায়ী নিয়োগ না পাওয়া অগ্নিবীরদের জন্য অতিরিক্ত দু'বছর চাকরির সুযোগ তৈরি হল। 

 

POST A COMMENT
Advertisement