প্রশ্ন ফাঁস রুখতে আসছে নয়া বিল প্রশ্নপত্র ফাঁস-চুরি রুখতে কড়া আইন আনতে চলেছে কেন্দ্র। শুক্রবারই এই খসড়া বিল পেশ করা হবে কেন্দ্রীয় মন্ত্রিসভার বৈঠকে। বৃহস্পতিবার মধ্যরাতে একটি সেলফি ভিডিও পোস্ট করে এমনটাই জানিয়েছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। কেমন হতে পারে সেই বিল? অভিযুক্তদের কতটা কঠিন সাজা হতে পারে? তারও একটি আভাস পাওয়া গিয়েছে।
বর্তমানে প্রশ্নপত্র ফাঁস, চুরি ও নকল নিয়ে যে আইন আছে, তা আরও কঠোর করতেই নতুন বিল আনা হবে বলে খবর। পাবলিক এক্সামিনেশন (প্রিভেনশন অব আনফেয়ার মিনস) অ্যাক্ট ২০২৪ সংশোধন করা হবে।
কত কঠোর সাজা হবে?
সূত্রের খবর, নতুন আইনে প্রশ্নফাঁসের ক্ষেত্রে ফাস্ট ট্রাক কোর্ট তৈরির প্রস্তাব থাকবে। পাশাপাশি দোষীদের সাজাও আরও বাড়ানো হবে। প্রধানমন্ত্রী মোদী জানিয়েছিলেন, প্রশ্নফাঁস রুখতে ফাস্ট ট্র্যাট কোর্ট গঠন করার নির্দেশ দিয়ে দিয়েছেন তিনি। নতুন বিলে প্রশ্নপত্র ফাঁসে জেলের সাজা আরও বাড়ানো এবং আর্থিক জরিমানার কথা বলা হয়েছে। বর্তমানে প্রশ্ন ফাঁসের অপরাধে ৩-৫ বছরের জেল এবং ১০ লক্ষ টাকা পর্যন্ত জরিমানার বিধন রয়েছে। এই জরিমানার অঙ্ক বাড়িয়ে ১০ কোটি টাকা করা হতে পারে। যদি পরিকল্পিতভাবে প্রশ্নফাঁস করা হয়, তাহলে অপরাধীদের ৫ থেকে ১০ বছরের জেল ও ১০ কোটি টাকা পর্যন্ত জরিমানা করা হতে পারে। যদি কেউ অপরাধের অভিযোগ না জানান, তাহলে তাদেরও ১ কোটি টাকা জরিমানা করা হতে পারে। ৩ মাসের মধ্যে ফাস্ট ট্র্যাক আদালত অভিযোগের সমাধান করে সাজা ঘোষণা করবে বলেও জানা যাচ্ছে।
প্রশ্নপত্র ফাঁসের কারণে যদি কোনও পড়ুয়া আত্মহত্যা করে, তাহলে তার পরিবারকে আর্থিক ক্ষতিপূরণ দেওয়ার কথাও চিন্তাভাবনা রয়েছে সরকারের। ক্যাবিনেটের অনুমোদন পেলে সোমবারই লোকসভায় এই বিল পেশ করতে পারে মোদী সরকার।
সূত্রের খবর, সংসদে বিল পেশের সময় আলোচনায় কংগ্রেস জমানার প্রশ্ন ফাঁস তুলে ধরবে কেন্দ্র। আর যদি বিরোধীরা এই আলোচনায় অংশ না নেয়, তাহলেও কেন্দ্রের কাছে আক্রমণ করার সুযোগ থাকবে। অভিযোগ তোলা হবে, দাবি জানিয়ে বিরোধীরা নিজেরাই সদর্থক আলোচনায় অংশ নিচ্ছে না।