হোটেলে গুলি অসমের গুয়াহাটিতে হোটেলের ভিতরে এলোপাথাড়ি গুলি। ঘটনায় মৃত্যু হয়েছে অন্তত ৪ জনের। জখম একাধিক। গুয়াহাটির বোরা সার্ভিস এলাকার একটি হোটেলে এই গুলি চালনার ঘটনা ঘটে। খবর পেয়েই ঘটনাস্থলে পৌঁছয় পুলিশ। কে বা কারা এই গুলি চালিয়েছে, কী কারণে এই ঘটনা, তা এখনও স্পষ্ট নয়।
প্রাথমিক রিপোর্ট অনুযায়ী, গুলিচালনার ঘটনায় মোট পাঁচ জন গুলিবিদ্ধ হন। তাঁদের মধ্যে তিন জন পুরুষ এবং দু'জন মহিলা। জখমদের মধ্যে হোটেলের কয়েক জন কর্মীও ছিলেন- এমনটাই প্রাথমিক সূত্রে খবর। তবে মৃত ও জখমদের সঠিক পরিচয় এখনও নিশ্চিত করতে পারেনি পুলিশ। ঠিক কী পরিস্থিতিতে এই গুলিচালনার ঘটনা ঘটল, তা খতিয়ে দেখছে পুলিশ।
ঘটনাস্থলে পৌঁছে তদন্ত শুরু করেছে পুলিশ। উদ্ধার হয়েছে চার জনের দেহ। গুয়াহাটির পুলিশ কমিশনার পার্থসারথি মহন্ত জানিয়েছেন, এই ঘটনা অত্যন্ত দুঃখজনক। তিনি বলেন, 'আমরা চারটি দেহ উদ্ধার করেছি। তবে এখনও ময়নাতদন্ত করা বাকি। যত দ্রুত সম্ভব অভিযুক্তকে গ্রেফতার করা হবে।'
পুলিশ কমিশনারের বক্তব্য অনুযায়ী, মৃতদের পরিচয় শনাক্ত করার প্রক্রিয়া চলছে। ময়নাতদন্তের পর মৃত্যুর কারণ এবং অন্যান্য গুরুত্বপূর্ণ তথ্য সামনে আসতে পারে। পাশাপাশি, এই ঘটনার পিছনে কোনও ব্যক্তিগত শত্রুতা, বিবাদ নাকি অন্য কোনও কারণ রয়েছে, তা খতিয়ে দেখা হচ্ছে।
কত রাউন্ড গুলি চালানো হয়েছে এবং ঘটনার সময় হোটেলের ভিতরে ঠিক কত জন উপস্থিত ছিলেন, সে সম্পর্কে বিস্তারিত তথ্য এখনও সামনে আসেনি। পুলিশের তরফে তদন্ত চালানো হচ্ছে। অভিযুক্তকে শনাক্ত করে গ্রেফতার করাই এখন তদন্তকারীদের কাছে প্রধান লক্ষ্য। এই ঘটনায় জখমদের শারীরিক অবস্থা এবং মৃতদের পরিচয় সম্পর্কে আরও তথ্যের অপেক্ষায় রয়েছে প্রশাসন।