FSSAI crackdown: খাবারের প্যাকেটে ‘হেলদি’, ‘অর্গানিক’, ‘জিরো ময়দা’ লিখে ধোঁকা? পর্দাফাঁস করল FSSAI

এখন অনেকেই ‘হেলদি’, ‘অর্গানিক’, ‘ভেগান’ বা ‘জিরো ময়দা’ লেখা খাবার দেখে কেনেন। কিন্তু এই খাবরগুলি এতটাও হেলদি নয় বলে মনে করছেন FSSAI। তারা একাধিক কড়া পদক্ষেপ নিচ্ছে।

Advertisement
খাবারের প্যাকেটে ‘হেলদি’, ‘অর্গানিক’, ‘জিরো ময়দা’ লিখে ধোঁকা? পর্দাফাঁস করল FSSAIপদক্ষেপ নিল FSSAI
হাইলাইটস
  • এখন অনেকেই ‘হেলদি’, ‘অর্গানিক’, ‘ভেগান’ বা ‘জিরো ময়দা’ লেখা খাবার দেখে কেনেন
  • কিন্তু এই খাবরগুলি এতটাও হেলদি নয় বলে মনে করছেন FSSAI
  • তারা একাধিক কড়া পদক্ষেপ নিচ্ছে

এখন অনেকেই স্বাস্থ্য সচেতন। তাঁরা নিয়মিত জিমে যান। ঘাম ঝরান। খান হেলদি খাবার। তাই তাঁরা নিজেদের এবং পরিবারের জন্য খাবার কেনার সময় অনেকেই ‘হেলদি’, ‘অর্গানিক’, ‘ভেগান’ বা ‘জিরো ময়দা’ লেখা দেখে খাবার বেছে নেন। আর সাধারণ মানুষের এই হেলদি লাইফস্টাইলকেই 'অসাধু' উপায়ে ব্যবহার করছে বিভিন্ন সংস্থা বলে অভিযোগ। এবার এই বিষয়টা নিয়েই কড়া পদক্ষেপ গ্রহণ করছে ভারতের খাদ্য নিরাপত্তা ও মান নিয়ন্ত্রণ কর্তৃপক্ষ (FSSAI)। তারা জানিয়েছে, একাধিক জনপ্রিয় ব্র্যান্ড এমন দাবি ও ট্রেড নেম ব্যবহার করছে যা গ্রাহকদের বিভ্রান্ত করতে পারে। পণ্যের গুণ সম্পর্কে ভুল ধারণা দিতে পারে।

কড়া হচ্ছে FSSAI
FSSAI একাধিক খাবারের ব্যবসায়ী সংস্থা (FBO)-কে নোটিস পাঠিয়েছে। FSSAI আইন, ২০০৬-এর বিভিন্ন বিধি লঙ্ঘন করে বিভ্রান্তিকর ব্র্যান্ড নেম, ট্রেড নেম এবং পণ্যের দাবি করার অভিযোগে এই পদক্ষেপ নেওয়া হয়েছে। আর অভিযোগ পাওয়ার পর সংশ্লিষ্ট সংস্থাগুলিকে লেবেলিং ও ডিসপ্লে সংক্রান্ত নিয়ম কঠোরভাবে মেনে চলার নির্দেশ দিয়েছে কর্তৃপক্ষ।

‘ভিশন টু সার্ভ হেলদি’ ট্যাগলাইন ব্যবহারকারী ‘হেলদি মাস্টার’ ব্র্যান্ডের পণ্য নিয়ে FSSAI বলেছে, এই ধরনের ব্র্যান্ডিং ব্যবহারকারীকে ভুল ধারণা দিতে পারে। এর ফলে অতিরঞ্জিত ধারণা তৈরি হতে পারে সাধারণ মানুষের মনে।

ট্রু ভিটামিন, ‘ভেগান’ ও ‘জিরো ময়দা’-এর মতো দাবিও নজরে
FSSAI-এর পর্যবেক্ষণে দেখা গিয়েছে, Neuherbs-এর মাল্টিভিটামিন ব্র্যান্ড ‘True Vitamin’ নামটি বিভ্রান্তিকর। কারণ, ‘True Vitamin’ শব্দবন্ধটি ঠিকঠাক নয়। এটি গ্রাহকদের মনে ভুল ধারণা তৈরি করতে পারে।

ভেগান খাবার প্রস্তুতকারী সংস্থার Plan B Plant Based Vegan-এর পণ্যগুলিও খতিয়ে দেখা হয়েছে। FSSAI জানিয়েছে, সংস্থাটি ভেগান খাদ্যের জন্য প্রয়োজনীয় অনুমোদন না নিয়েই এমন ট্রেড নেম ব্যবহার করেছে। এটা গ্রাহকদের বিভ্রান্ত করতে পারে।

একইভাবে, Health Factory-এর ‘Zero Maida Whole Wheat Bread’ এবং Healthy Food Factory-এর ‘Zero Maida Pizza Base’-এর ক্ষেত্রেও আপত্তি জানিয়েছে FSSAI। সংস্থার মতে, পণ্যগুলিতে এমন উপাদান রয়েছে যা ‘জিরো ময়দা’ দাবি সমর্থন করে না।

Advertisement

‘হেলদি’ চিপস, চিঁড়ে ও রান্নার তেলের দাবিও প্রশ্নের মুখে
নিজেদের ‘হেলদি’ বলে প্রচার করা একাধিক পণ্যও নিয়ন্ত্রক সংস্থার নজরে এসেছে। Troovy-এর Healthy Mix Veggie Chips, Healthy Ragi Chips এবং Healthy Moong Dal Chips-কে চিহ্নিত করা হয়েছে। FSSAI জানিয়েছে, এই পণ্যগুলিতে এমন একাধিক উপাদান রয়েছে যা ‘হেলদি’ দাবি নিয়ে প্রশ্ন তুলতে পারে।

‘Healthy Choice Healthy Food of Healthy Life Poha’ নামের ব্র্যান্ডটিকেও বিভ্রান্তিকর বলে মনে করছে কর্তৃপক্ষ। তাদের মতে, ব্র্যান্ডিং ও বিপণনের ভাষা গ্রাহকদের ভুল বার্তা দিতে পারে।

ও দিকে তেলের ব্র্যান্ড ‘Emami Healthy & Tasty’ এবং ‘Health Aid’-এর ক্ষেত্রেও একই ধরনের আপত্তি তুলেছে FSSAI। সংস্থার মতে, এই নাম ও দাবিগুলি পণ্যের গুণ সম্পর্কে অতিরঞ্জিত ধারণা তৈরি করতে পারে।

অর্গানিক সার্টিফিকেট ছাড়াই ‘অর্গানিক’ দাবি করেও খাবার বিক্রি হয়েছে বলে অভিযোগ। আর সেই সব অভিযোগও খতিয়ে দেখা হয়েছে। Organic Wisdom, Shine Organic, Two Brothers Organic Farms এবং World of Organic-এর বিরুদ্ধে অভিযোগ, প্রয়োজনীয় সার্টিফিকেশন, অনুমোদন এবং Jaivik Bharat লোগো ছাড়াই তারা নিজেদের পণ্যকে অর্গানিক হিসেবে প্রচার করছে।

এছাড়া Storia Pomegranate Juice-এর বিরুদ্ধেও আপত্তি তুলেছে FSSAI। কারণ, পণ্যটি মূলত ডালিমের রস বলে প্রচার করা হলেও এতে মাত্র ৪ শতাংশ ডালিমের জুস কনসেন্ট্রেট রয়েছে।

প্যাকেটজাত পানীয় জল ব্র্যান্ড ‘Lota Water – Feel the Difference’-এর বিরুদ্ধেও বিভ্রান্তিকর দাবি করার অভিযোগ উঠেছে। FSSAI জানিয়েছে, প্রক্রিয়াকরণের সময় হারিয়ে যাওয়া খনিজ উপাদান পুনরায় যোগ করা হলে সেটিকে আলাদা করে বিশেষ গুণ হিসেবে প্রচার করার অনুমতি নিয়মে নেই।

গ্রাহকদের পাশে সরকার
FSSAI বলেছে, গ্রাহকরা প্রায়ই স্বাস্থ্য, পুষ্টিগুণ, ভেগান স্ট্যাটাস, অর্গানিক সার্টিফিকেশন বা বিশুদ্ধতার দাবির উপর ভিত্তি করে খাদ্যপণ্য বেছে নেন। কিন্তু বিভ্রান্তিকর ব্র্যান্ডিং ও প্রচারের মাধ্যমে তাঁদের সিদ্ধান্তকে প্রভাবিত করতে পারে। সেই কারণেই খাদ্য ব্যবসায়ী সংস্থাগুলিকে খাদ্য নিরাপত্তা, লেবেলিং এবং বিজ্ঞাপন সংক্রান্ত নিয়ম কঠোরভাবে মেনে চলার নির্দেশ দিয়েছে FSSAI।

 

POST A COMMENT
Advertisement