বিশ্বের সর্বাধিক জনপ্রিয় নেতা মোদী সোশ্যাল মিডিয়ায় তিনি যে কত জনপ্রিয় তার প্রমাণ দিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। বৃহস্পতিবার ইনস্টাগ্রামে ঐতিহাসিক মাইলফলক স্পর্শ করলেন তিনি। মেটার মালিকানাধীন এই সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্মে তাঁর ফলোয়ারের সংখ্যা ১০ কোটির গণ্ডি ছাড়িয়েছে। বিশ্বনেতা ও রাজনীতিবিদদের মধ্যে তিনিই প্রথম এই নজির গড়লেন। ফলে গোটা বিশ্বে এখন তা নিয়ে আলোচনা শুরু হয়েছে।
২০১৪ সালে ইনস্টাগ্রামে যোগ দেন মোদী। সেই বছরই তাঁর নেতৃত্বে NDA ৩৩৬টি আসন জিতে কেন্দ্রে ক্ষমতায় আসে। গত ১২ বছরে তাঁর ইনস্টাগ্রাম হ্যান্ডেলে কোটি কোটি ফ্যান যুক্ত হয়েছেন। বর্তমানে এটি বিশ্বের অন্যতম বেশি সক্রিয় ও জনপ্রিয় রাজনৈতিক অ্যাকাউন্ট হিসেবে বিবেচিত।
সংবাদ সংস্থা ANI-র একটি প্রতিবেদনে জানানো হয়েছে, ইনস্টাগ্রাম ফলোয়ারের নিরিখে মোদী একাধিক বিশ্বনেতাকে ছাড়িয়ে গিয়েছেন। তাঁদের মধ্যে রয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প, ব্রাজিলের প্রেসিডেন্ট লুইজ ডি সিলভা, তুরস্ক, ইন্দোনেশিয়া এবং আর্জেন্টিনার প্রেসিডেন্টের তো জনপ্রিয় ব্যক্তিত্ব।
প্রতিবেদন অনুযায়ী, ট্রাম্পের ইনস্টাগ্রাম ফলোয়ার ৪৩.২ মিলিয়ন, প্রাবোও সুবিয়ান্তোর ১৫ মিলিয়ন, লুলার ১৪.৪ মিলিয়ন, এরদোয়ানের ১১.৬ মিলিয়ন এবং মিলে’র ৬.৪ মিলিয়ন।
শুধু আন্তর্জাতিক ক্ষেত্রেই নয়, দেশের রাজনীতিতেও ফলোয়ারের সংখ্যায় এগিয়ে রয়েছেন মোদী। তাঁর পরেই রয়েছেন উত্তরপ্রদেশের মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথ। তাঁর ফলোয়ার সংখ্যা ১৬.১ মিলিয়ন। তৃতীয় স্থানে রয়েছেন বিরোধী দলনেতা ও কংগ্রেস নেতা রাহুল গান্ধী, তাঁর ফলোয়ার ১২.৬ মিলিয়ন।
সোশ্যাল মিডিয়ায় এই বিপুল জনপ্রিয়তা মোদীর রাজনৈতিক যোগাযোগ কৌশলকে আরও একবার সামনে নিয়ে এল বলেই মনে করছেন বিশ্লেষকরা।