'আমি পড়ে গেলাম, আর ওরা চালের সঙ্গেই উড়ে গেল', নানহে মিয়ার সঙ্গীর শিউরে ওঠা বর্ণনা

ঘটনাটি ঘটেছে বরেলির ভামোরা থানার বাবিয়ানা গ্রামে। সেদিন এলাকায় প্রবল ঝড় ও ঘূর্ণিঝড় চলছিল। গ্রামের কাছে একটি বিয়েবাড়ির টিনের ছাউনির নীচে দাঁড়িয়ে ছিলেন তিনজন ব্যক্তি। তাঁরা ঝড় থেকে বাঁচার চেষ্টা করছিলেন। কিন্তু কয়েক মুহূর্তের মধ্যেই সেই আশ্রয়ই তাঁদের জীবনের ভয়ঙ্কর অভিজ্ঞতায় পরিণত হয়।

Advertisement
'আমি পড়ে গেলাম, আর ওরা চালের সঙ্গেই উড়ে গেল', নানহে মিয়ার সঙ্গীর শিউরে ওঠা বর্ণনা
হাইলাইটস
  • উত্তরপ্রদেশের বরেলিতে ভয়াবহ ঘূর্ণিঝড়ের একটি ঘটনা এখন সোশ্যাল মিডিয়ায় তুমুল চর্চার বিষয়।
  • ভাইরাল হওয়া এক ভিডিওতে দেখা গিয়েছে, প্রবল ঝড়ের দাপটে একটি বিয়েবাড়ির বিশাল টিনের চালা আচমকা আকাশে উড়ে যাচ্ছে, আর তার সঙ্গেই শূন্যে ছিটকে যাচ্ছেন এক ব্যক্তি।

উত্তরপ্রদেশের বরেলিতে ভয়াবহ ঘূর্ণিঝড়ের একটি ঘটনা এখন সোশ্যাল মিডিয়ায় তুমুল চর্চার বিষয়। ভাইরাল হওয়া এক ভিডিওতে দেখা গিয়েছে, প্রবল ঝড়ের দাপটে একটি বিয়েবাড়ির বিশাল টিনের চালা আচমকা আকাশে উড়ে যাচ্ছে, আর তার সঙ্গেই শূন্যে ছিটকে যাচ্ছেন এক ব্যক্তি। ওই ব্যক্তির নাম নানহে মিয়াঁ। তবে পরে জানা যায়, তাঁর সঙ্গে আরও এক ব্যক্তি কয়েক ফুট উপরে উঠে গিয়েছিলেন।

ঘটনাটি ঘটেছে বরেলির ভামোরা থানার বাবিয়ানা গ্রামে। সেদিন এলাকায় প্রবল ঝড় ও ঘূর্ণিঝড় চলছিল। গ্রামের কাছে একটি বিয়েবাড়ির টিনের ছাউনির নীচে দাঁড়িয়ে ছিলেন তিনজন ব্যক্তি। তাঁরা ঝড় থেকে বাঁচার চেষ্টা করছিলেন। কিন্তু কয়েক মুহূর্তের মধ্যেই সেই আশ্রয়ই তাঁদের জীবনের ভয়ঙ্কর অভিজ্ঞতায় পরিণত হয়।

প্রত্যক্ষদর্শীদের কথায়, আচমকা প্রবল বাতাসে টিনের চালাটি দুলতে শুরু করে। ভয় পেলেও তিনজনই সেখানেই দাঁড়িয়ে ছিলেন। এরপর হঠাৎই এক তীব্র ঝাপটায় গোটা ছাউনিটি উপড়ে যায়। সেই সঙ্গে নানহে মিয়াঁও শূন্যে ভেসে ওঠেন। স্থানীয়দের দাবি, তিনি প্রায় ৫০ ফুট দূরে একটি ভুট্টাখেতে গিয়ে পড়েন। গুরুতর আহত অবস্থায় তাঁকে উদ্ধার করে হাসপাতালে ভর্তি করা হয়।

নানহে মিয়ার সঙ্গে থাকা আরেক ব্যক্তি জানিয়েছেন, তিনিও ঝড়ের ধাক্কায় মাটি থেকে প্রায় ১০ ফুট উপরে উঠে গিয়েছিলেন। তিনি বলেন, 'আমরা তিনজন দাঁড়িয়ে ছিলাম। নানহে মিয়া দু’হাতে ছাউনিটা ধরে ছিলেন, আর আমি লোহার খুঁটি আঁকড়ে ছিলাম। আচমকা এমন ঝড় এল যে আমিও উপরে উঠে যাই। কয়েক সেকেন্ড পরে নীচে পড়ে যাই, কিন্তু নানহে মিয়া চালার সঙ্গে উড়ে যান। জীবনে এমন ঝড় দেখিনি।'

হাসপাতালে চিকিৎসাধীন নানহে মিয়াঁও জানিয়েছেন, ঝড়ের সময় তিনি একটি লোহার খুঁটির দড়ি ধরে দাঁড়িয়ে ছিলেন। আচমকা বাতাসের জোর এত বেড়ে যায় যে তিনি কিছুই বুঝে ওঠার আগেই শূন্যে ছিটকে যান। পরে জ্ঞান ফিরলে নিজেকে একটি মাঠে পড়ে থাকতে দেখেন। বর্তমানে তাঁর শ্বাসকষ্টসহ একাধিক শারীরিক সমস্যা রয়েছে।

Advertisement

ঘটনার ভিডিও ইতিমধ্যেই সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়েছে। ভিডিওতে দেখা যাচ্ছে, ঝড়ের দাপটে বিশাল টিনের চালা আকাশে উড়ে যাচ্ছে এবং তার সঙ্গে একজন মানুষও ভেসে যাচ্ছেন। অনেকেই এই দৃশ্যকে সিনেমার দৃশ্যের সঙ্গে তুলনা করেছেন।

জেলা প্রশাসন জানিয়েছে, ওই ঘূর্ণিঝড়ে একাধিক জায়গায় ক্ষয়ক্ষতি হয়েছে। বেশ কয়েকটি যানবাহনও ক্ষতিগ্রস্ত হয়েছে এবং কয়েকজন আহত হয়েছেন।

গ্রামবাসীদের কথায়, এমন ভয়ঙ্কর ঝড় তাঁরা আগে কখনও দেখেননি। গ্রামের প্রবীণদের দাবি, জীবনে বহু ঝড় দেখেছেন, কিন্তু কোনও মানুষকে টিনের চালার সঙ্গে আকাশে উড়ে যেতে দেখেননি কখনও।

 

POST A COMMENT
Advertisement