বঙ্গোপসাগরে সম্ভাব্য ঘূর্ণাবর্তের পূর্বাভাস দিলেন আইএমডি ডিজি মৃত্যুঞ্জয় মহাপাত্রঘূর্ণিঝড় যেন পিছু ছাড়ছে না! শীতের মুখে একের পর এক। আকভানের রেশ কাটতে না কাটতেই বঙ্গোপসাগরে আরও একটি ঘূর্ণাবর্ত তৈরি হওয়ার পূর্বাভাস। আন্দামান সাগর ও বঙ্গোপসাগরে এই ঘূর্ণাবর্তটি চলতি মাসের শেষের দিকে কিংবা ডিসেম্বরের শুরুতেই তৈরি হতে পারে বলে প্রাথমিক পূর্বাভাসে জানালেন ভারতীয় মৌসম ভবনের (IMD) ডিরেক্টর জেনারেল মৃত্যুঞ্জয় মহাপাত্র।
সময়কাল ২ ডিসেম্বর পর্যন্ত রাখা হয়েছে
তবে পরবর্তী যে ঘূর্ণাবর্তের পূর্বাভাস দিচ্ছে IMD, তার সময়কাল ২ ডিসেম্বর পর্যন্ত রাখা হয়েছে। অর্থাত্ এই দু সপ্তাহের মধ্যে হতে পারে। IMD-এর ডিজি মৃত্যুঞ্জয় মহাপাত্র অবশ্য ওই সিস্টেমটির একদম নিশ্চিত লোকেশন এখনও জানাননি। এমনকী এই সম্ভাব্য ঘূর্ণাবর্ত শেষপর্যন্ত ঘূর্ণিঝড় পরিণত হয়ে কতটা শক্তিশালী হতে পারে, এই সম্পর্কেও বিস্তারিত কিছু জানায়নি আইএমডি। মৃত্যুঞ্জয় মহাপাত্রকে ভারতের 'সাইক্লোন ম্যান'ও বলা হয়। কারণ, ঘূর্ণিঝড় সংক্রান্ত আপডেট সবার আগে ও সবচেয়ে সঠিক দিয়ে দেন মৃত্যুঞ্জয় মহাপাত্র। ঘূর্ণিঝড় আকভান এখন দুর্বল নিম্নচাপ হয়ে ওড়িশার প্রত্যন্ত এলাকায় অবস্থান। তার জেরে সেই সব এলাকায় বৃষ্টিও হচ্ছে।
১৯৮৭ সালের মতো পরিস্থিতি দেখা যাচ্ছে
মৃত্যুঞ্জয় মহাপাত্রের বক্তব্য, অক্টোবর থেকে ডিসেম্বরের মধ্যে বঙ্গোপাসগারে ৪ থেকে ৫টি ঘূর্ণিঝড় তৈরির অনুকূল পরিস্থিতি। ইতিমধ্যেই ৩টি ঘূর্ণিঝড় অন্ধ্রপ্রদেশ ও ওড়িশাতে আছড়ে পড়েছে। আরও দুটি তৈরির সম্ভাবনা রয়েছে। তাঁর কথায়, 'এখনই বিস্তারিত কিছু বলা বা পূর্বাভাস দেওয়া সম্ভব নয়। আমরা নজর রাখছি।' একই সঙ্গে তিনি El Nino সিস্টেমের প্রসঙ্গ টেনে জানান, ১৯৮৭ সালের মতোই শক্তিশালী এল নিনো পরিস্থিতি দেখা যাচ্ছে এ বছর। ১৯৮৭ সালেও এই রকমই পরিস্থিতি হয়েছিল।
পূর্বাভাস দেওয়ার প্রযুক্তি অনেক উন্নত
আবহাওয়া দফতরের দাবি, বর্তমানে ঘূর্ণিঝড়ের গতিপথ, শক্তি এবং আছড়ে পড়ার সম্ভাব্য জায়গা সম্পর্কে পূর্বাভাস দেওয়ার প্রযুক্তি অনেক উন্নত হয়েছে। ফলে বিপর্যয় মোকাবিলা, আগাম সতর্কতা এবং উপকূলবর্তী এলাকা থেকে মানুষকে সরিয়ে নেওয়ার ক্ষেত্রে প্রশাসন অনেক বেশি প্রস্তুতি নিতে পারে।
ঘূর্ণিঝড় আকভানের আছড়ে পড়ায় ধ্বংসলীলা বিশেষ না চললেও প্রচুর বৃষ্টি হয়েছে। তবে এর জেরে বন্যা পরিস্থিতির কোনও আশঙ্কা নেই বলে জানানো হয়েছে।