সিন্ধু জলবণ্টন চুক্তি - ছবিটি প্রতীকীলাদাখের কৃষিপ্রধান এলাকাগুলিতে জলসঙ্কট মোকাবিলা করতে প্রস্তুত ভারত। সীমান্তবর্তী অঞ্চলে সিন্ধু নদীর জল ব্যবহারের পরিকাঠামো আরও শক্তিশালী করতে এবার তাই গুরুত্বপূর্ণ পদক্ষেপ। লেহ-র উপশি এলাকায় সিন্ধু নদীর উপর তৈরি করা হয়েছে দেশের প্রথম রক চেক ড্যাম। সম্পূর্ণ প্রাকৃতিক পাথর বা বোল্ডার দিয়ে তৈরি এই বাঁধ তৈরিতে কোনও সিমেন্ট ব্যবহার করা হয়নি।
এই চেক ড্যাম তৈরির ফলে নদীর জলের স্তর প্রায় ১০ ফুট বেড়েছে। এর ফলে যে কৃষিজমিগুলিতে দীর্ঘদিন ধরে বসন্তকালের বীজ বোনার মরশুমে জল পৌঁছনো কঠিন হয়ে পড়েছিল, সেখানে সেচের সুযোগ তৈরি হয়েছে।
বসন্তে জল পেতেন না কৃষকরা
দীর্ঘদিন ধরে স্থানীয় কৃষকদের সমস্যায় পড়তে হচ্ছিল। গভীর গিরিখাতের মধ্যে দিয়ে সিন্ধু নদীর জল প্রবাহিত হওয়ায় বসন্তকালে নদীর জলস্তর এতটাই নীচে থাকত, পাম্পের মাধ্যমে জল তুলে কৃষিজমিতে পৌঁছনো সম্ভব হত না। সিন্ধুর জল ব্যবহারের সীমাবদ্ধতার পাশাপাশি এই জলসঙ্কটের কারণে বহু কৃষিজমি কার্যত শুকিয়ে থাকত। এর ফলে আর্থিক সমস্যার মুখেও পড়েছিলেন স্থানীয় কৃষকরা।
নতুন রক চেক ড্যামটি প্রায় ৪ কোটি লিটার জল ধরে রাখতে পারে। এই জল ইগু ফে সেচ খাল-এর মাধ্যমে শুষ্ক গ্রামের কৃষিজমিতে পৌঁছে দেওয়া হচ্ছে। ফলে বসন্তকালের চাষের জন্য স্থানীয় কৃষকদের সামনে নতুন সম্ভাবনা তৈরি হয়েছে।
পাকিস্তানকেও কৌশলগত বার্তা
কৃষিকাজে সহায়তার পাশাপাশি প্রকল্পটির একটি কৌশলগত তাৎপর্যও রয়েছে। সিন্ধু জলচুক্তি ভারত স্থগিত রাখার পর, সীমান্তবর্তী এলাকায় এই নদীর জল ব্যবহার করে নিজেদের পরিকাঠামো গড়ে তোলার ক্ষেত্রে ভারতের সক্রিয়তার বার্তাও দিচ্ছে এই প্রকল্প। এর মাধ্যমে নদীর জল downstream অর্থাৎ নিম্নপ্রবাহে পাকিস্তানের দিকে যাওয়ার আগে সীমান্তবর্তী ভারতীয় এলাকার প্রয়োজন মেটানোর উপর জোর দেওয়া হচ্ছে।
লাদাখ প্রশাসন সিন্ধু নদীর উপর আরও এমন চেক ড্যাম তৈরির কাজ শুরু করেছে। কয়েকটি জায়গায় ইতিমধ্যেই কাজ চলছে, পাশাপাশি আরও একাধিক প্রকল্পের পরিকল্পনাও রয়েছে।
আরও ৩৬টি চেক ড্যামের প্রস্তাব
লাদাখ প্রশাসন কেন্দ্রীয় জলশক্তি মন্ত্রকের কাছে কেন্দ্রশাসিত অঞ্চলটিতে আরও ৩৬টি চেক ড্যাম প্রকল্প তৈরির প্রস্তাব দিয়েছে। জল নিরাপত্তা বাড়ানো এবং সেচের সম্ভাবনা সম্প্রসারণ করাই এই উদ্যোগের লক্ষ্য।
প্রস্তাবিত প্রকল্পগুলির মধ্যে লেহ অঞ্চলে ৭টি হিমালয়ান রক চেক ড্যাম এবং কার্গিল অঞ্চলে ২৯টি চেক ড্যাম বা উইয়ার রয়েছে। এই প্রকল্পগুলির আনুমানিক খরচ ধরা হয়েছে ৫৬ কোটি টাকারও বেশি।
উপশিতে তৈরি রক চেক ড্যাম তাই শুধু স্থানীয় কৃষকদের জলসঙ্কট কমানোর প্রকল্প নয়, লাদাখের সীমান্তবর্তী এলাকায় জলসম্পদ ব্যবহারের পরিকাঠামো আরও শক্তিশালী করার একটি গুরুত্বপূর্ণ পদক্ষেপ হিসেবেও দেখা হচ্ছে।