ভারতেও ১৮ বছরের নীচে BAN হতে পারে সোশ্যাল মিডিয়াভারতেও এবার ব্যান হতে পারে সোশ্যাল মিডিয়া! সোমবার সুপ্রিম কোর্টে কেন্দ্রের একটি বার্তার পরেই ছড়িয়েছে এই জল্পনা। সোমবার একটি শুনানির সময় কেন্দ্রের পক্ষ থেকে সুপ্রিম কোর্টে জানানো হয়, তারা আইটি ইন্টারমিডিয়ারি বিধি সংশোধন করার পরিকল্পনা করছে। যাতে সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্মগুলোতে ১৮ বছরের কম বয়সী কেউ অ্যাকাউন্ট খুলতে না পারে।
জাস্ট রাইটস ফর চিলড্রেন অ্যালায়েন্স নামে একটি NGO-র তরফে দায়ের করা মামলার প্রেক্ষিতেই কেন্দ্র এই বক্তব্য রেখেছে। টাইমস অফ ইন্ডিয়ার একটি রিপোর্টে বলা হয়েছে, কিশোর-কিশোরীদের সোশ্যাল মিডিয়ার ব্যবহার নিয়ে সুপ্রিম কোর্টের বেঞ্চ ও পিটিশন দাখিলকারীর উদ্বেগের বিষয়ে কেন্দ্রও সহমত পোষণ করেছে।
শুনানির সময় বিচারপতি জয়মাল্য বাগচী বলেন, "এরা (সোশ্যাল মিডিয়া সংস্থাগুলো) আমেরিকার আইনের আওতায় রেজিস্টার করা সংস্থা। আমেরিকার প্রযোজ্য বিধিনিষেধ (অপ্রাপ্তবয়স্কদের জন্য সোশ্যাল মিডিয়া অ্যাকাউন্ট) ভারতীয় ডিজিটাল পরিসরে আমদানি করেছে, যা ভারতীয় আইনে গ্রহণযোগ্য নয়।"
সলিটর জেনারেল তুষার মেহতা এই বিষয়ে সম্মত হন। তিনি বলেন, “ওই সংস্থাগুলিকে ভারতীয় আইন মেনে চলতে হবে। এ বিষয়ে কোনও সন্দেহ নেই। কিছু করা যেতে পারে, কিছু করা উচিত এবং কিছু করা হবে।” তবে, শিক্ষামূলক ওয়েবসাইটগুলির ক্ষেত্রে সরকার জানিয়েছে, অভিভাবকদের সম্মতিতে সেগুলিতে অনুমতি দেওয়া যেতে পারে।"
বিশ্বের বিভিন্ন দেশ একই রাস্তায় হাঁটছে
ভারতই যে শুধু কিশোর-কিশোরীদের জন্য সোশ্যাল মিডিয়া ব্যান করার ভাবনা চিন্তা হচ্ছে, বিষয়টি মোটেই তেমন নয়। বিশ্বজুড়ে একাধিক দেশের সরকার কিশোর-কিশোরীদের সোশ্যাল মিডিয়ার প্রতি আগ্রহ নিয়ে, বিশেষ করে তাদের মানসিক স্বাস্থ্য নিয়ে উদ্বিগ্ন হয়ে উঠেছে।
গত বছরের ১০ ডিসেম্বর অস্ট্রেলিয়া প্রথম কোনও দেশ হিসেবে এ ধরনের একটি নিষেধাজ্ঞা কার্যকর করে। ইনস্টাগ্রাম, ফেসবুক, টিকটক এবং ইউটিউবসহ বিভিন্ন সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্মকে ১৬ বছরের কম বয়সী ব্যবহারকারীদের অ্যাকাউন্ট ব্লক করার নির্দেশ দেওয়া হয়। পরবর্তীতে ইন্দোনেশিয়াও কিশোর-কিশোরীদের জন্য সোশ্যাল মিডিয়া ব্যান করে। এই তালিকায় রয়েছে মালয়েশিয়া ও গ্যাবনও।