অপরিশোধিত তেলের আপৎকালীন ভাণ্ডার কত?এই মুহূর্তে সরকারের ভাঁড়ারে আপৎকালীন পরিস্থিতি মোকাবিলার জন্য যে পরিমাণ অপরিশোধিত তেল মজুত রয়েছে, তা ১০ দিনের থেকেও কম। একটি RTI-এর জবাবে এমনটাই জানিয়েছে পেট্রোলিয়াম ও প্রাকৃতিক গ্যাস মন্ত্রক।
বিজনেস টুডে-তে প্রকাশিত এক্সক্লুসিভ প্রতিবেদন অনুযায়ী, RTI-এর জবাবে বলা হয়েছে, স্ট্র্যাটেজিক পেট্রোলিয়াম রিজার্ভ (SPR) কর্মসূচি প্রথম অনুমোদিত হয় ২০০৪ সালের ৭ জানুয়ারি। এই কর্মসূচি বাস্তবায়নের জন্য ২০০৪ সালের ১৬ জুন ইন্ডিয়ান স্ট্র্যাটেজিক পেট্রোলিয়াম রিজার্ভস লিমিটেড (ISPRL) গঠন করা হয়।
বর্তমানে ভারতের মোট SPR সংরক্ষণ ক্ষমতা ৫.৩৩ মিলিয়ন মেট্রিক টন। যা ৩টি স্থানে অবস্থিত। বিশাখাপত্তনম (১.২২ মিলিয়ন মেট্রিক টন), ম্যাঙ্গালুরু (১.৫ মিলিয়ন মেট্রিক টন) এবং পদুর (২.৫ মিলিয়ন মেট্রিক টন)।
চলতি মাসের ২৩ তারিখে রাজ্যসভায় দেওয়া এক RTI-এর জবাবে সরকার জানিয়েছে, ISPRL-এর কাছে প্রায় ৩.৩৭২ মিলিয় মেট্রিক টন অপরিশোধিত তেল মজুত রয়েছে। যা মোট সংরক্ষণ ক্ষমতার প্রায় ৬৪ শতাংশ। আরও বলা হয়েছে, বাস্তবে মজুত অপরিশোধিত তেলের পরিমাণ পরিবর্তনশীল। যা মজুত ও প্রকৃত ব্যবহার, দু'টির উপরই নির্ভর করে। এগুলির কোনওটিই স্থির নয়।
RTI-এর উত্তরে আরও নিশ্চিত করে বলা হয়েছে, ২০২১ সালের জুলাই-এ সরকার SPR নেটওয়ার্ক সম্প্রসারণের অনুমোদন দেয়। এর আওতায় ২টি নতুন ভাঁড়ার স্থাপনের পরিকল্পনা রয়েছে। ওড়িশার চণ্ডীখোলে (৪ মিলিয়ন মেট্রিক টন) একটি এবং কর্নাটকের পদুরে (২.৫ মিলিয়ন মেট্রিক টন) আরও একটি। ফলে মোট ক্ষমতা দাঁড়াবে ৬.৫ মিলিয়ন মেট্রিক টন। যা পাবলিক-প্রাইভেট পার্টনারশিপ (PPP) মডেলে গড়ে তোলা হবে।